× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানকে ডোবাল বসুন্ধরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫১ পিএম

মোহামেডানকে ডোবাল বসুন্ধরা

ম্যাচের অন্তিম সময় চলছে তখন, বসুন্ধরা কিংস আর মোহামেডানের ম্যাচের স্কোরলাইনটা তখনও ছিল ০-০-তে আটকে। লিগে সবশেষ ম্যাচে আবাহনীর কাছে ২-০ গোলে হারা মোহামেডান তখন বসুন্ধরাকে রুখে দেওয়ার স্বপ্নে বিভোর। নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ও শেষ, কার্যত শেষ আক্রমণটাও শেষ। 

এমনই এক সময় কর্নার গেল বসুন্ধরা কিংসের পক্ষে, যা শেষেই যে শেষ বাঁশি বাজাবেন রেফারি, তাতে কোনো সন্দেহই নেই। ঠিক তখনই ঘটল ঘটনাটা। রবসন রবিনহোর কর্নার থেকে করা ডরিয়েলটনের হেডার গিয়ে আছড়ে পড়ল সাদা-কালোদের জালে। সেই এক গোলে ভর করেই টানা অষ্টম জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।

কুমিল্লায় মোহামেডানের মাঠ ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল শুরু থেকে আধিপত্য ছিল বসুন্ধরারই। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও বর্তমান লিগ চ্যাম্পিয়নরা শেষটা করতে পারছিল না ঠিকঠাক। শেষের গোলদাতা ডরিয়েলটন একবার কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু সেবার তার পথ আগলে দাঁড়ায় ভাগ্য। তার দারুণ এক বাইসাইকেল কিক গিয়ে কাঁপায় ক্রসবার। 

বিরতির পর নিজেদের গুছিয়ে নিয়ে মোহামেডানও ম্যাচে ফেরার সুযোগ সৃষ্টি করেছে। তবে তারাও সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। যার ফলে খেসারতটা তারা দেয় ম্যাচটা হেরে। শেষ সময়ে ডরিয়েলটনের গোলে জয় তুলে নেয় বসুন্ধরা। 

১-০ গোলের এই জয়ের ফলে বসুন্ধরা নিজেদের আট লিগ ম্যাচের আটটিতেই মাঠ ছাড়ল পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে। ২৪ পয়েন্ট নিয়ে তারাই যে আছে লিগের শীর্ষে, তা বলাই বাহুল্য। আর মোহামেডানের এটি চলতি লিগে তৃতীয় হার। ৭ ম্যাচ থেকে জিতেছে মোটে একটিতে, ড্র আছে তিনটি, ৬ পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান পয়েন্ট তালিকার আটে। 

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করেছে ফরটিস এফসির সঙ্গে। এর ফলে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দলটি আছে তালিকার ১১ নম্বরে। আর ফরটিস সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা