প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৪ পিএম
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। যেখানে ৩-১ গোলে নেপালের মেয়েদের হারিয়ে শুভ সূচনা করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
বাংলাদেশ নিজেদের প্রথম গোলটা পেয়ে গিয়েছিল তৃতীয় মিনিটেই। মধ্য রেখার একটু পেছন থেকে শাহেদা আক্তারের বাড়ানো লং বল খুঁজে পায় আকলিমাকে। দুই মার্কারকে পেছনে ফেলে প্রতিপক্ষ বিপদসীমায় যখন পৌঁছালেন, প্রতিপক্ষ গোলরক্ষক কবিতা বিকে ছাড়া আর কেউ ছিলেন না সামনে। তাকে এড়িয়ে দারুণ ফিনিশে বলটা নেপালের জালে জড়ান তিনি।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবারও ব্যবধান গড়ে দিয়েছে আরও একটা লং বলই। রক্ষণ থেকে নেপাল বক্সের দিকে বাড়ানো লং বলটা ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেনি সফরকারী রক্ষণ। সুযোগটা নেন অধিনায়ক শামসুন্নাহার। বাম পাশ থেকে পাওয়া সুযোগটা কাজে লাগান কাছের পোস্ট দিয়ে জালে জড়িয়ে।
১৩ মিনিটেই দুই গোল আভাস দিচ্ছিল বড় জয়েরই। তবে সে আশায় গুড়ে বালি দিয়ে স্বাগতিকরা যেন এরপর ঝিমিয়েই পড়ল খানিকটা। ভুল পাস, পজিশনিংয়ে খেলার তালটা যেন কেটে গেল একটু করে। তবে ২৪ মিনিটের মাথায় নেপালের মানমায়া দামাই গোল করে ব্যবধান কমান। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়েছে শুরু থেকেই। তবে সেসব চেষ্টা আলোর মুখ দেখেনি। নেপালি রক্ষণ সেসব সামলেছে ভালোভাবেই।
উলটো নেপাল মুহুর্মুহু আক্রমণে বাংলাদেশ রক্ষণে ত্রাস ছড়িয়েছে দ্বিতীয়ার্ধের পুরোটা সময়জুড়ে। তাতে লিড খুইয়ে বসার শঙ্কাটা শেষ ৪৫ মিনিটের পুরোটা সময়জুড়ে তাড়া করে বেরিয়েছে বাংলাদেশকে।
অন্তিম সময়ে এসে সে শঙ্কা থেকে দলকে মুক্ত করেন শাহেদা আক্তার। প্রথম গোলের কারিগর যোগ করা সময়ের শুরুতে করে বসেন দারুণ এক গোল। বক্সের বাইরে থেকে করা শটে পরাস্ত করেন নেপাল গোলরক্ষক কবিতাকে। জয়টা তখনই নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।
এর ফলে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা ৩ পয়েন্ট নিয়ে আছে সাফ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। দিনের প্রথম ম্যাচে ১২ গোলের ব্যবধানে জেতা ভারত এখন আছে টেবিলের চূড়ায়।