প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৮ পিএম
ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত স্কিল, গতি আর ড্রিবলিংয়ে অনেক আগেই মজেছেন থিবো কোর্তোয়া। বেলজিয়ামের গোলরক্ষক মনে করেন, ভিনিকে আটকাতে না পেরে প্রতিপক্ষের খেলোয়াড়রা বাজে ট্যাকেল করে বসেন। বৃহস্পতিবার রাতে স্বদেশি গ্যাব্রিয়েল পাউলিস্তার আক্রমণের মুখে পড়েছিলেন ভিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কোর্তোয়া পাশে দাঁড়িয়েছেন ব্রাজিল তারকার, বলেছেন কোনো কারণ ছাড়াই তাকে মারা হয়।
সান্তিয়াগো বার্নাব্যুতে মার্কো আসেনসিও ও ভিনিসিয়ুসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। দুটি গোলেই অবদান রেখেছেন বেনজেমা। দুর্দান্ত জয়ে শিরোপার লড়াই জারি রেখেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। রিয়াল সোসিয়েদের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর পূর্ণ পয়েন্ট তুলেছে লস ব্ল্যাঙ্কোসরা, কমিয়েছে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে কয়েকবার ট্যাকেলের মুখে পড়েছিলেন ভিনি। ম্যাচ শেষে সেদিকেই নজর দিতে বলেছেন কোর্তোয়া, ‘বুঝতে পারছি না কেন তাকে লাথি মারা হলো। ভিনিকে রক্ষা করতে হবে। সে পিচে দুর্দান্ত এবং তার অসাধারণ সব গতির ড্রিবলিংয়ের কারণে তাকে রক্ষণের খেলোয়াড়রা পছন্দ করেন না। ভিনির খেলার ধরন এটা। অনেক খেলায় দেখেছি তাকে লাথি মারা হচ্ছে। এদিন রেফারি সাহস দেখিয়েছেন, বল ছাড়া ভিনিকে লাথি মারায় খেলোয়াড়কে বের করে দিয়েছেন।’