প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৫ পিএম
মুজিব’স বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ছবি : প্রবা
জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়েছে ‘মুজিব’স বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’। প্রতিযোগিতায় ২১ দশমিক ১ কিলোমিটার ও ৭ দশমিক ৫ কিলোমিটারের দুটি ইভেন্টে দেশি-বিদেশি প্রায় ২ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে ভোর ৬টায় দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) হাতিরঝিল এলাকায় জাতীয় হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি আয়োজন করে পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২১ দশমিক ১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় তিনজন নারী, তিনজন পুরুষ ও তিনজন ভেটেরানকে পুরস্কার প্রদান করা হয়। এ বিভাগে প্রথম পুরস্কার ছিল ৭০ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা। ৭ দশমিক ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় তিনজন নারী ও তিনজন পুরুষকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। এর মধ্যে সাড়ে ৭ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। তিনি ২৪ মিনিট ৫৫ সেকেন্ডে সাড়ে ৭ কিলোমিটার দৌড়ান। দ্বিতীয় স্থান অর্জন করেন তোফায়েল আহমেদ, তার সময় ছিল ২৪ মিনিট ৫৬ সেকেন্ড।
তৃতীয় স্থান অর্জন করেন আশরাফুল আলম, তিনি সময় নেন ২৫ মিনিট ৪২ সেকেন্ড। বিজয়ীরা যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন। একই বিভাগে নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আফসানা হালিম, তিনি সময় নেন ৩৬ মিনিট ১ সেকেন্ড। ৩৬ মিনিট ২ সেকেন্ড দৌড়ে দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন রিয়া আক্তার, তার সময় ছিল ৩৬ মিনিট ৩৮ সেকেন্ড। নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন পাপিয়া খাতুন, তার সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট, দ্বিতীয় স্থান অর্জন করেন হামিদা আক্তার, তার সময় ছিল ১ ঘণ্টা ৪২ মিনিট, তৃতীয় স্থান অর্জন করেন নাসরীন বেগম, তার সময় ছিল ১ ঘণ্টা ৪৪ মিনিট।
অন্যদিকে ২১ দশমিক ১ কিলোমিটার পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. ইলাহী সরদার, তার টাইমিং ছিল ১ ঘণ্টা ১২ মিনিট। দ্বিতীয় স্থান অর্জন করেন ফরিদ মিয়া, তার টাইমিং ছিল ১ ঘণ্টা ১৩ মিনিট, তৃতীয় স্থান অর্জন করেন মো. আলামিন, তার টাইমিং ছিল ১ ঘণ্টা ১৪ মিনিট। বিজয়ীরা যথাক্রমে ৭০ হাজার, ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন।
ম্যারাথন শেষে সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ধারণ করে বিশ্বের বিভিন্ন শহরে বিমান যাবে এবং বিশ্বের উন্নত এয়ারপোর্টগুলোতেও বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে আমরা টরন্টো ফ্লাইট চালু করেছি। নারিতায় আমরা ফ্লাইট চালু করব। আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বিমানের তারুণ্যদীপ্ত বহর রয়েছে। বিমানের যাত্রীসেবা উন্নয়নেও আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
বিমানের হাফ-ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করায় সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন বলেন, সদ্যস্বাধীন বাংলাদেশকে পরিচিত করার জন্য সর্বপ্রথম জাতির পিতা যেসব প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব দিয়েছিলেন তার একটি হলো বিমান। বাংলাদেশকে বিশ্বের বুকে ব্র্যান্ডিং করছে বিমান।