প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। বর্ষা মৌসুমে বৃষ্টি বাধার কথা মাথায় রেখে সিরিজটির ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছে আইরিশদের ক্রিকেট বোর্ড। ডাবলিন অথবা বেলফাস্টের চেয়ে তারা ইংল্যান্ডকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, তিনটি ওয়ানডে ম্যাচই গড়াতে পারে ইংলিশদের এসেক্সের চেমসফোর্ডে। মূলত বাংলাদেশের বিপক্ষে সিরিজের সব কটি ম্যাচই খেলতে চায় আইরিশরা। সুপার লিগের শেষ সিরিজটি তারা ৩-০ ব্যবধানে জিততে পারলে পয়েন্ট টেবিলে লাভবান হবে। হিসাবনিকাশ মিলে গেলে সরাসরি ভারতের আয়োজিত বিশ্বকাপেও খেলতে পারবে আয়ারল্যান্ড।
আইসিসির কাছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের ১ পয়েন্ট কমে যাওয়ায় নিজেদের সামনে সুযোগ দেখছে আয়ারল্যান্ড। তবে আইরিশদের শীর্ষ আটে থাকার আশা নির্ভর করবে নেদারল্যান্ডসের বিপক্ষে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ফলাফলের ওপর।
মার্চে লঙ্কানরা যদি কিউইদের ৩-০ ব্যবধানে না হারাতে পারে, অন্যদিকে আইরিশরা যদি বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিতে পারে তাহলে কোয়ালিফাই খেলার প্রয়োজন পড়বে না আয়ারল্যান্ডের। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
সুপার লিগ টেবিলে ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সাউথ আফ্রিকা। ৮ নম্বরে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির সব ম্যাচ খেলা শেষ। ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে শ্রীলঙ্কা। ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ডও।