প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৩ পিএম
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছে গেছেন লিওনেল মেসি। সম্ভাব্য সবকিছুই মাঠ থেকে পেয়েছেন। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর কী জেতেননি! ব্যালন ডি’অর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ—সব কিছুতেই লেগেছে মেসির স্পর্শ। তাই এবার সময় হয়েছে তার অবসর নেওয়ার। তেমন আভাসই দিয়েছেন এ ফুটবল মেগাস্টার।
ক্লাব ফুটবলে সম্ভাব্য সব কিছুই জিতে নিয়েছেন মেসি। বাকি নেই কোনো ট্রফি। জাতীয় দলের হয়েও তার অর্জনের শোকেস এখন পরিপূর্ণ। বাকি ছিল শুধু বিশ্বকাপ শিরোপা। সোনার সেই ট্রফি জয়ের অপূর্ণতাও ঘুচিয়ে ফেলেছেন। স্বাভাবিকভাবেই মেসি বলছেন, প্রিয় ফুটবলকে এবার বিদায় বলার সময় হয়ে গেছে।
পডকাস্টে বিশ্বজয়ের স্মৃতিচারণ করতে গিয়ে অবসরের ইঙ্গিতও দিয়েছেন মেসি, ‘শিরোপাটা অবশেষে আমার ক্যারিয়ারের শেষদিকে এসে ধরা দিয়েছে। সত্যি বলতে চক্রটা পূর্ণ হয়েছে। অবশেষে জাতীয় দলের হয়ে আমি সবকিছু পেয়েছি। বিশ্বকাপটা এমন কিছু যা নিয়ে আমি স্বপ্ন দেখেছি। এখন ক্যারিয়ারে সবকিছুই আমার জেতা হয়ে গেছে। অনন্য এক উপায়ে ক্যারিয়ার শেষ করার সুযোগ করে দিয়েছে এটি।’
রঙিন এক ক্যারিয়ার নিয়ে অবসরে যেতে পারবেন। সেটা কখনও কল্পনাই করেননি মেসি। তাই ব্যাপারটা যেন অবিশ্বাস্য লাগছে বার্সার সাবেক এ মেগাস্টারের কাছে, ‘যখন শুরু করেছিলাম, কখনও ভাবিনি আমি এতকিছু পাব। এই মুহূর্তটাই সেরা। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। আমরা কোপা আমেরিকা জিতেছি। পেয়েছি বিশ্বকাপও। কোনো কিছুই বাকি নেই।’
কাতার বিশ্বকাপ খেলেই অবসরে যেতে চেয়েছিলেন মেসি। কিন্তু বৈশ্বিক এ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হয়েই মত পাল্টে ফেলেন পিএসজির এ তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনার তিন তারকার জার্সিতে আরও কয়েকটি ম্যাচ খেলতে চান। তারপরই জাতীয় দলের জার্সিটা তুলে রাখতে চান চার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মেসি। আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি অবশ্য ২০২৬ বিশ্বকাপেও দলে চান এ প্রাণভোমরাকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সেই বিশ্ব ফুটবলের আসরে মেসি খেলুক সেটা মনেপ্রাণেই চান তার সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরোও।
তবে রেকর্ড সাত ব্যালন ডি’অরজয়ী মেসির কথা থেকে একটা বিষয় স্পষ্ট। আগামী বিশ্বকাপে খেলতে মোটেই ইচ্ছুক নন। দুই-এক বছরের মধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার আকাশি নীল-সাদা জার্সিতে কয়েকটি ম্যাচ খেলেই ফুটবলকে গুডবাই জানিয়ে দেবেন মেসি। প্রিয় জন্মভূমির হয়ে মেসি যে ফের মাঠে নামবেন এখন তারও নেই কোনো গ্যারান্টি। বাইরে থেকে ফুটবল অনুরাগী-বোদ্ধারা শুধু অনুমানই করতে পারবেন তার অবসরের দিনক্ষণ নিয়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। জানাননি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার কোনো দিনক্ষণও। খুব শিগগিরই হয়তো জানাবেন মেসি। তবে তার জন্য ভক্ত-সমর্থকদের অপেক্ষায় থাকতেই হচ্ছে!