প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৭ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৭ পিএম
স্প্যানিশ লা লিগায় দেখা মিলছে চিরচেনা বার্সার। একের পর এক জয় পাচ্ছে দলটি। বুধবার রাতে তারা ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। আর তাতেই পয়েন্ট টেবিলে রাজ করছে তারা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে এখন ৮ পয়েন্ট এগিয়ে বার্সা। এভাবে চলতে থাকলে লা লিগা শিরোপা জয় কেবল সময়ের ব্যাপার মাত্র। সে কারণেই হয়তো মহাখুশি বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
১৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫০। অন্যদিকে ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪২। তবে আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে রিয়ালের ম্যাচ থাকায় ব্যবধান কমানোর সুযোগ রয়েছে তাদের।
তবে লিগে টানা চার ম্যাচ জেতায় দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা দারুণ ফুটবল খেলেছি। ম্যাচের কয়েকটি পর্যায়ে আমরা দুর্দান্ত ছিলাম। ফলের পাশাপাশি তাই আমি খেলার ধরন নিয়েও খুশি। আগের ম্যাচগুলোর চেয়ে আমরা অনেক উন্নতিও দেখিয়েছি।’
রিয়াল বেটিসের মাঠে এদিন যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতেই দেখা গিয়েছে জাভির শিষ্যদের। তবে বার বার আক্রমণে গেলেও কিছুতেই প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করা যাচ্ছিল না। বার্সার বেশ কয়েকটি কঠিন আক্রমণ প্রতিহত করে দিয়েছেন বেটিস গোলরক্ষক রুই সিলভা। এরপর আর গোল না আসলে গোলশূন্য গোলের সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও একইরকমভাবেই চলছিল ম্যাচ। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে রাফিনিয়া এগিয়ে নেন দলকে। এরপর ৮০ মিনিটে জটলার ভেতর বল পেয়ে লক্ষ্যভেদ করে বার্সাকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কি। এরপর আক্রমণে এসেছে বেটিস ফুটবলাররাও। তাদের আক্রমণে খেই হারিয়ে ৮৫ মিনিটে নিজের জালে আত্মঘাতী গোল করে বসে হুলেস কৌন্ডে। তবে সেই গোলটি শুধু সান্ত্বনা হয়েই থাকল। উল্টো যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেটিসের উইলিয়াম কারাভালহো।