প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৩ পিএম
লক্ষ্ণৌয়ের উইকেট আর যাই হোক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়—ভারতের বর্তমান সিরিজের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার কথা এটা। বাজে পিচের ইস্যুতে পুরো উল্টো অবস্থানে নিউজিল্যান্ড সিরিজের সহঅধিনায়ক সূর্যকুমার যাদব। ৩৬০ ডিগ্রিখ্যাত ব্যাটারের মতে, উইকেট বিষয় না, পরিস্থিতি মেনে লড়াই করাটাই আসল।
ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ম্যাচে একানা স্টেডিয়ামের পিচ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন পাণ্ডিয়া। ম্যাচ শেষে অকপটে জঘন্য বলেছিলেন। সিরিজ বাঁচানোর ম্যাচে কিউইদের একশ রানের নিচে আটকে রেখেও ধুঁকতে হয়েছিল ভারতকে। হার্ডহিটার হিসেবে খ্যাতি কুড়ানো সূর্যও ছিলেন খোলসবন্দি। টার্নিং ও লো স্কোরিং ম্যাচের সব দায় তাই ম্যাচ শেষে পাণ্ডিয়া চাপিয়েছেন উইকেটের ওপর। লক্ষ্ণৌয়ের পিচ প্রস্তুতকারকও চাকরি হারিয়েছেন। তবে উল্টো কথা বলে বসেছেন ম্যাচের সেরা ক্রিকেটার সূর্যকুমার।
৩২-বর্ষী টপ অর্ডার ব্যাটারের যুক্তি, ‘পিচ ভালো হোক বা খারাপ—খেলতে তো দুদলেরই হবে। তাই লড়াই আসলে মাঠের খেলায়, পিচ নিয়ে ভেবে লাভ নেই। যেমন পিচ হোক দুদলকে সেখানেই খেলতে হবে। তাই কোন মাটিতে খেলছি সেটা বড় কথা নয়। পিচের বিষয়টি হাতেও থাকে না। কিন্তু কীভাবে খেলব সেটা আমাদের হাতে থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে আমাদের।’
পিচকাণ্ড অধিনায়ক-সহঅধিনায়কের পাল্টাপাল্টি বক্তব্যেই থামেনি। কিউরেটরকে বরখাস্ত করার পর উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা আঙুল তুলেছেন সরাসরি বিসিসিআইয়ের দিকে। তার মতে, লক্ষ্ণৌয়ের পিচটি ছিল মূলত কালো মাটির। খেলার তিন দিন আগে ভারতীয় দলের নির্দেশেই কালো থেকে লাল মাটির করা হয়। সেটা করতেই বিপত্তি। সূর্যর মতও তেমন, উইকেট কেমন হবে সেই বিষয়ে কিউরেটরদের নির্দেশ দেওয়া উচিত নয়।