প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:৩৭ পিএম
কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসি জানিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথাও উঠেছিল। শেষ পর্যন্ত এমন কোনো ঘোষণা দেননি মেসি। বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর অবসর না নেওয়ায় সমর্থকরাও বুক বাধছেন আশায়। একই স্বপ্ন দেখেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। মেসির একসময়ে সতীর্থের মতে, শরীরের দিকে নজর দিলে ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে পারবেন তিনি।
আগুয়েরো বলেছেন, ‘মেসি যদি নিজের ডায়েট ও স্বাস্থ্যের প্রতি এভাবেই নজর দেয়, তাহলে পরেরবারও ও খেলতে পারবে। মোটে তো তিন বছর। শারীরিকভাবে মেসি খুব ফিট। ফুটবলে আসল হল মানসিক শক্তি। যার মানসিক শক্তি যত বেশি সে তত বেশি দিন খেলতে পারবে। আশা করি পরের বিশ্বকাপেও মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাব।’
বিশ্বকাপ সর্বোচ্চ পাঁচটি আসরে খেলেছেন মোটে তিনজন—মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লোথার ম্যাথিউস। মেসি, রোনালদোর শুরু ২০০৬ বিশ্বকাপ থেকে। এরপর দুজনেই খেলেছেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের আসর। আগুয়েরোর চাওয়া যদি সত্যি হয় অর্থাৎ, ২০২৬ সালের আমেরিকা-মেক্সিকো-কানাডায় আয়োজিত বিশ্বকাপে মেসি খেলেন। তাহলে বাকি দুজনকে ছাপিয়ে একমাত্র হয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা। পরের বিশ্বকাপ হতে হতে মেসির বয়স হবে ৩৯। অন্যদিকে রোনালদো ছোঁবে ৪১। বয়সের বাধা কাটিয়ে উঠতে পারলে দুজনই গড়বেন টানা ছয় বিশ্বকাপ খেলার রেকর্ড। সেখানে একজন অন্যজনকে ছাপিয়ে যাওয়ারও সুযোগ পেতে পারেন।