প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:১৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম
এ যেন স্পিনারদের ম্যাচ, এ যেন স্পিনারদের পিচ। লক্ষ্ণৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে হার্দিক পাণ্ডিয়া শুনিয়েছেন আক্ষেপের কথা, ঝেড়েছেন পিচ কিউরেটরের ওপর ক্ষোভ। ভারত অধিনায়কের মতে, ২০ ওভারের মারকাটারি ক্রিকেট খেলার জন্য এই পিচ জঘন্য। রাঁচির পিচ নিয়েও বলেছেন অতৃপ্তির কথা।
রবিবার নিউজিল্যান্ডকে ১০০ রানের কমে আটকে ভারত যতটা সহজে জয় তুলে নেবে ভেবেছিল, ম্যাচের ফল হলো উল্টো। পাণ্ডিয়ার সঙ্গে সূর্যকুমারের খোলস ছেড়ে বের হওয়া দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারত পেয়েছে ৬ উইকেটের জয়। তবে কিউইদের ছোড়া ৯৯ রান পেরোতে অপেক্ষা করতে হয়েছে ইনিংসের শেষ বল পর্যন্ত। ধুঁকেছে টপ অর্ডারের সব হার্ডহিটার। ম্যাচ শেষে এমন পিচ নিয়ে অসন্তুষ্টির কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বলেছেন পাণ্ডিয়া।
ব্যাটারদের জন্য পিচ যে সহজ ছিল না, সেটি স্কোরবোর্ডে তাকালে মিলবে প্রমাণ। ভারতের অধিনায়কের মতে, লক্ষ্ণৌয়ের পিচটি টি-টোয়েন্টির জন্য বড্ড বেমানান, ‘এই ধরনের কঠিন ক্রিকেটে খেলতে সমস্যা নেই। আমি এর জন্য তৈরি আছি। তবে যে দুটি (রাঁচি ও লক্ষ্ণৌ) ম্যাচ খেলেছি, সেগুলো টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নয়।’
একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ যে স্পিন-সহায়ক, তা ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে এসেই বুঝেছিলেন পাণ্ডিয়া। পরে দুপাশ থেকেই চালিয়েছেন স্পিন আক্রমণ। ছোট লক্ষ্য ছুড়ে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক মিচেল স্যান্টনারও হেঁটেছেন সেই পথে। ২০ ওভারের ক্রিকেটে ইনিংসের ১৭ ওভার করিয়েছেন স্পিনার দিয়ে। নিজে তো বোলিং কোটা পূর্ণ করেছেনই, সঙ্গে মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি ও গ্লেন ফিলিপসকে দিয়েও ঘুরিয়েছেন হাত। খণ্ডকালীন স্পিনার মার্ক চ্যাপম্যানও করেছেন এক ওভার। তবে সিরিজ নিশ্চিত করার ম্যাচে লো এবং টার্নিং উইকেটে পড়েছেন বাধা। ঘাম ছুটে যাওয়া ভারত ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে ইনিংসের শেষ বলে।
সিরিজে ১-১ সমতা ফেরানোর পর তাই উইকেটের সমালোচনা করেছেন হার্দিক, ‘সত্যি করে বলতে, এই উইকেট দেখে ভীষণ হতবাক। প্রতিটি ম্যাচেই পিচ কিউরেটর একই ধরনের উইকেট বানাচ্ছে। আমরা যে মাঠে খেলতে চলেছি, সেই উইকেট আরও আগে তৈরি করা উচিত।’