× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজ্যের সঙ্গে রাজত্বও জোকোভিচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১১:৩৭ এএম

রাজ্যের সঙ্গে রাজত্বও জোকোভিচের

অস্ট্রেলিয়ান টেনিসে বিতর্কে জড়িয়ে নোভাক জোকোভিচ হয়ে পড়েছিলেন ব্রাত্য। করোনা টিকা না নেওয়ায় বিতাড়িত হয়েছিলেন ওশেনিয়ার দেশটি থেকে। এ তো গেল এক বছর আগের গল্প। ঠিক এক বছর পর চিত্রনাট্যটা পুরো বদলে গেছে। রাজার বেশে জোকোভিচ ফিরলেন তাসমানিয়া সাগর পারের দেশে। ক্যাঙ্গারুর ভূমিতে পা রেখেই ছিনিয়ে নেন চ্যাম্পিয়ন তকমা। শিরোপা জিতে অস্ট্রেলিয়ান সরকারের সেই অপমানের কড়া জবাবই দিয়েছেন সার্বিয়ান এ সুপারস্টার। ট্রফি আবার একটি নয় দুটি।

অ্যাডিলেড ইন্টারন্যাশনালের ট্রফি নিজের করে নিয়েই পাড়ি জমান মেলবোর্নে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ধরাশায়ী করেন স্তেফানোস সিতসিপাসকে। গ্রিক এ প্রতিপক্ষকে হারিয়ে জোকোভিচ মাথার ওপর উঁচিয়ে ধরেন অজি ওপেনের শিরোপা। 

দুর্বার এ জয়ে রড লেভার অ্যারেনায় নিজের রেকর্ডটা বাড়িয়ে নেন জোকোভিচ। মেলবোর্ন পার্কে বীরদর্পে জিতে নেন ক্যারিয়ারের দশম অজি ওপেন। হাতের র‌্যাকেটের চোখধাঁধানো ঝলকে স্পর্শ করেন নতুন এক মাইলফলক। পুরুষদের টেনিসে এতদিন সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক ছিলেন শুধু রাফায়েল নাদাল। স্প্যানিশ এ মেগাস্টারের সেই রেকর্ডেই ভাগ বসালেন জোকোভিচ। হ্যামস্ট্রিং ইনজুরিকে থোরাই কেয়ার করে স্মরণীয় এক জয়ই শুধু পাননি, রাজ্যের সঙ্গে রাজত্বও ফিরে পেয়েছেন। মানে শিরোপার সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন জোকোভিচ। 

মেলবোর্নে চ্যাম্পিয়ন হয়েই ঘরে তোলেন ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্ল্যাম। বছরের প্রথম মেজর ট্রফি জিতেই গতকাল ঘোষিত এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজের দখলে নিয়েছেন জোকোভিচ। আসর সেরা হয়েই র‌্যাঙ্কিংয়ের চার ধাপ এগোলেন নাম্বার ওয়ান এ তারকা। ২০১১ সালের জুলাইয়ের পর ৩৭৪তম সপ্তাহের জন্য শীর্ষস্থানে উঠে গেলেন। ৩৫ বছরের জোকোভিচ সবার ওপরে উঠতেই চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন মিস করা স্পেনের কার্লোস আলকারেজ নেমে গেছেন দুইয়ে।

আর ফাইনালে শিরোপা হাতছাড়া করা সিতসিপাসেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। নরওয়ের ক্যাসপার রুডকে টপকে তৃতীয় স্থানে উঠে গেছেন গ্রিসের এ তারকা। ক্যারিয়ারে এটাই তার সেরা অবস্থান। এর আগে ২০২১ সালের আগস্টেও র‌্যাঙ্কিংয়ের এ অবস্থানে ছিলেন। র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নিজের নাম লিখেছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা