প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:৫৬ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস ছুটেই চলেছে। পথে যে-ই আসছে, দুমড়ে মুচড়ে দিচ্ছে রীতিমতো। বসুন্ধরার সবশেষ শিকার শেখ রাসেল। বর্তমান চ্যাম্পিয়নরা এবার জামাল ভূঁইয়াদের হারিয়েছে ৩-১ গোলে। তাতে চলতি লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে দলটি।
টানা ছয় জয় নিয়ে শিরোপাধারীরা গতকাল শনিবার মুখোমুখি হয়েছিল শেখ রাসেলের। যাদের বিপক্ষে সবশেষ সাক্ষাতে নির্ধারিত সময়ে জয় তুলে নিতে পারেননি কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। স্বাধীনতা কাপের ফাইনালে টাইব্রেকারে জিতলেও নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করেছিল দলটি। এই শেখ রাসেল এরপর চলতি লিগে ২-২ গোলে রুখে দিয়েছিল আবাহনীকেও। তাই প্রতিপক্ষটাকে মোটেও হালকাভাবে দেখার উপায় ছিল না রবসন রবিনহোদের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার শুরুতে আধিপত্য ছিল শেখ রাসেলেরই। শুরুর দিকে বেশ কিছু ভালো সুযোগও এসেছিল দলটির সামনে, সেসব কাজে লাগাতে পারলে হয়তো দৃশ্যটা ভিন্নই হতে পারত। তবে তা হয়নি, তার মাশুলও দিয়েছে শেখ রাসেল।
প্রথমার্ধে নয় অবশ্য। নড়বড়ে শুরুটা সামলে নিয়ে বসুন্ধরা কিংস আক্রমণে উঠেছে মুহুর্মুহু, কিন্তু বিরতির বাঁশি বাজার আগে গোলের দেখা পায়নি তারা। পায় ম্যাচের ৬৫ মিনিটে। তিনজনকে কাটিয়ে শেখ রাসেল বিপদসীমায় ঢুকে পড়া রবসন হন ফাউলের শিকার। পেনাল্টি যায় বসুন্ধরার পক্ষে। সেখান থেকে গোল করতে ভুল করেননি বসুন্ধরা অধিনায়ক।
সেই এক গোলেই যেন শেখ রাসেল খানিকটা হকচকিয়ে যায়, যার সুযোগটা নেয় বসুন্ধরা। ৭১ মিনিটে শেখ রাসেল রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করেন উজবেক ফরোয়ার্ড আসরর গফুরভ।
শেখ রাসেল সম্বিৎ ফিরে পায় এরপর। দুই গোলের ব্যবধান ঘোচাতে মরিয়া আক্রমণই চালায়। ৮২ মিনিটে সফলতাও আসে। বাঁ পাশ থেকে চার্লস দিদিয়েরের বাড়ানো বলে সহজ এক ট্যাপইনে দলকে এক গোলের দূরত্বে নিয়ে আসেন এমফোন উদোহ।
সমতা ফেরানো থেকে শেখ রাসেলের দূরত্ব ছিল এক গোলের। সেই এক গোলের জন্য শেষ পর্যন্ত হন্যে হয়ে আক্রমণে উঠেছে দলটি। তবে সফলতা মেলেনি। উল্টো শেষ সময়ে বক্সের বাইরে ফাউল করে ফ্রি কিক দিয়ে বসে দলটি। শেষ মুহূর্তে পাওয়া এই ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে বসেন রবসন রবিনহো। তাতে ৩-১ গোলের জয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়ে বসুন্ধরা।
এই নিয়ে চলতি লিগে টানা সপ্তম জয়ের দেখা পেল বসুন্ধরা। তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। আগের দিন মোহামেডানকে হারানো আবাহনীর সংগ্রহ ৭ ম্যাচে ১৫ পয়েন্ট। আর শেখ রাসেল ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার পাঁচে।