× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রাষ্ট্রহীন’ সাবালেনকার শিরোপা হাসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:১৬ পিএম

‘রাষ্ট্রহীন’ সাবালেনকার শিরোপা হাসি

অনেক দিন ধরেই টেনিস কোর্টে ঝলক দেখিয়ে যাচ্ছিলেন। দিয়ে যাচ্ছিলেন নিজের সামর্থ্যের প্রমাণ। দ্যুতি ছড়িয়ে চারটি ডব্লিউটিএ ট্রফিও জিতে নেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম আসরে তার শিরোপার গেরোটা কিছুতেই খুলছিল না। বছর দুয়েক ধরে দুর্দান্ত খেলেও যেন কাজ হচ্ছিল না। গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে আগে তিনবার পা রেখেছেন। কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে আরিনা সাবালেনকাকে। 

২০২১ সালে খেলেন উইম্বলডন ও ইউএস ওপেনের শেষ চারে। মানে টানা দুই মেজর আসর খেলেও শিরোপার দেখা পাননি। গত বছর নিউ ইয়র্কে সেই সেমিফাইনালেই ফের পা হড়কান বেলারুশের এ তারকা। তিনবার ব্যর্থ হলেও চতুর্থবার ঠিকই বাজিমাত করলেন। অবশেষে শিরোপা-ভাগ্য সহায় হলো সাবালেনকার। সেটা আবার অস্ট্রেলিয়ান ওপেনে। মেলবোর্ন পেল নতুন টেনিস রানী। শুধু শিরোপাই পাননি টুর্নামেন্টের এ পঞ্চম বাছাই। সোমবার ঘোষিত হতে যাওয়া বিশ্ব টেনিসের নতুন র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানেই উঠে যাচ্ছেন উদীয়মান এ সুপারস্টার।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামই নিজের ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি। মেলবোর্ন পার্কে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মাত্রাটা সাবালেনকাই ভালো বুঝবেন। শিরোপা জয়ের বাঁধ ভাঙা উচ্ছ্বাসই পেয়ে বসেছিল তাকে। তাই তো ফাইনাল শেষ হতেই নিজের আবেগটা আর ধরে রাখতে পারেননি। খুশিতে কান্নাই করে ফেলেন বেলারুশের ২৪ বছরের এ তারকা। এ কান্না যে বড়ই সুখের। এমন আনন্দাশ্রু ফেলার ভাগ্যটা যে সবার ভাগ্যে জোটে না!

সাবালেনকার খুশির অন্য আরেকটি কারণও রয়েছে। মেলবোর্নের এ আসরে সাবালেনকা খেললেন। শিরোপাও জিতলেন। কিন্তু পুরো আসরে তার নামের পাশে ছিল না তার দেশের জাতীয় পতাকা। কারণটা তো সবারই জানা। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়ে পুরো বিশ্বে একরকম ‘নিষিদ্ধ’ হয়ে আছে সাবালেনকার জন্মভূমি বেলারুশ। তাই নিরপেক্ষ পতাকা নিয়ে খেলতে হয়েছে তাকে। পুরো টুর্নামেন্টে একই অবস্থা ছিল রাশিয়ার খেলোয়াড়দেরও। দেশের পতাকা নিয়ে খেলতে পারেননি তারাও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে এই শাস্তি ভোগ করতে হয়েছে তাদের। ডব্লিউটিএ নিষেধাজ্ঞা তুলে না নিলে যেখানে খেলতেই পারতেন না। সেই টুর্নামেন্টেই কিনা ‘রাষ্ট্রহীন’ সাবালেনকা চ্যাম্পিয়ন। নিজের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পেরে একটু বেশিই পুলকিত এ পাওয়ার হিটার।

সাবালেনকার ফাইনালের প্রতিপক্ষও কম যান না। উইম্বলডনজয়ী এলেনা রাইবাকিনাও অজি ওপেনে দুর্বার পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফাইনালে এসে আর নিজের দাপট ধরে রাখতে পারেননি ২৩ বছরের এ টেনিস সুন্দরী। শিরোপা নির্ধারণী ম্যাচে কোর্টের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেন সাবালেনকা। কোর্টের যুদ্ধে কাজাখস্তানের গ্ল্যামার গার্ল রাইবাকিনাকে ধরাশায়ী করে অপ্রতিরোধ্য বেলারুশ তারকা ঘরে তুলেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

ফাইনালের শুরুতেই দুর্দান্ত র‌্যাকেট হাতে জ্বলে ওঠেন রাইবাকিনা। চমৎকার পারফরম্যান্সে প্রথম সেট ৬-৪ গেমে জিতে লিডও নেন। তাতে ভক্ত-সমর্থকরা ভেবেই নিয়েছিলেন মেলবোর্নে চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তিনিই। তবে শেষ রক্ষা হয়নি। টেনিস দুনিয়াকে চমকে দিয়ে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট টানা জিতে আসরের শিরোপা নিজের করে নেন সাবালেনকা। কোর্টের শত্রুকে হারিয়ে দেন ৬-৩ ও ৬-৪ ব্যবধানে। ফাইনালে হার মানায় দ্বিতীয় মেজর ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গেল রাইবাকিনার। গত বছর লন্ডনে জেতা উইম্বলডন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এখন তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা