প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম
ওয়ানডে সুপার লিগে খুব একটা স্বস্তিকর অবস্থায় নেই সাউথ আফ্রিকা। ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে সেরা আটের মধ্যে থাকতে হবে প্রোটিয়াদের। সেখানেই বাধা, ১৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শঙ্কায় রয়েছে টেম্বা বাভুমার দল। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত ভাবে ফিরে এসে পাওয়া জয়ে লড়াইয়ে টিকে থাকল আফ্রিকার দেশটি।
ব্লুমফন্টেইনে একদিনের ক্রিকেটে আগে ব্যাট করতে নেমে ইংলিশদের ২৯৯ রানের লক্ষ্য ছোড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৭১ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইংনিস। লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালান ও জেসন রয়ের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের পথে ছিল ইংল্যান্ড। ১৯ ওভারেই বিনা উইকেটে ১৪৪ রান তুলে ফেলেন দুই ইংলিশ ওপেনার। শেষ পর্যন্ত ২৭ রানে জিতে পূর্ণ ১০ পয়েন্ট তোলে প্রোটিয়ারা। পয়েন্ট বাড়লেও টেবিলে উন্নতি হয়নি, সাউথ আফ্রিকা রয়েছে ১০ নম্বরে। যদিও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ এখনও আছে দলটির।
শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটিকে ফিরিয়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। রাসি ভান ডার ডুসেন জুটি করেন এডেন মার্করামের সঙ্গে, আনেন হাফ সেঞ্চুরি। পরে ডুসেনের সেঞ্চুরিতে ২৯৮ রান জমা করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন স্যাম কারান।
ইংলিশরাও ব্যাট হাতে দারুণ জবাব দিতে থাকেন। ১৯ ওভারেই বিনা উইকেটে ১৪৪ রান তুলে ফেলেন দুই ইংলিশ ওপেনার। ৫৯ রান করে মালান ফিরলে বেশি সময় থাকতে পারেননি বেন ডাকেট ও হ্যারি ব্রুক। তবে থামেনি রয়ের ঝড়। কাগিসো রাবাদার শিকার হওয়ার আগে ৯১ বলে ১১ চার ও ৪ ছয়ে রয় করেছেন ১১৩ রান। এরপর জস বাটলার (৩৬) ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।
অ্যানরিখ নর্টজে ও সিসান্ডা মাগলা যথাক্রমে ৪ ও ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের অনুকূলে করে নেন। ইনিংসের ছয় ওভার বাকি থাকতেই ইংলিশরা ২৭১ রানে গুটিয়ে যায়। ম্যাচের সেরা হন প্রোটিয়া পেসার সিসান্ডা মেঘালা।