প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৬:১৯ পিএম
ক্রিকেটে বর্তমান সময়ের সেরা ব্যাটার কে—তর্কসাপেক্ষে বেশকিছু নাম আসতে পারে। একদিনের ক্রিকেটের সেরার প্রশ্নে সেঞ্চুরির অর্ধশতকের পথে থাকা বিরাট কোহলি বাদে অন্য কারও নাম মুখে নাও আসতে পারে আপনার। তবে পাকিস্তানের এক ক্রিকেটারের দাবি, কোহলি নন, তিনিই সেরা। খুররম মঞ্জুর নামের ওই ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার যথেষ্ট ভারী না হলেও তিনি মনে করেন ৫০ ওভারের ক্রিকেটে তারচেয়ে বেশি প্রতিভাবান দ্বিতীয়টি নেই।
মঞ্জুর ডান-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট খেলে থাকেন। ক্যারিয়ারে ১৬টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পাকিস্তানের হয়ে টেস্টে ২৮.১৭ গড়ে মোট ৮১৭ রান, ওয়ানডেতে ৩৩.৭১ গড়ে ২৩৬ এবং টি-টোয়েন্টিতে তার উইলোতে জমা আছে ১১ রান। অথচ তিনিই কিনা টক্কর দিচ্ছেন সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকাতে যাওয়া কোহলিকে। মঞ্জুর শুধু শিশুসুলভ কথাই বলেননি, সেই সঙ্গে তার দেওয়া তথ্যেও রেখেছে বড় ফাঁরাক—যা ক্রিকেট বিশ্বে জন্ম দিয়েছে বিতর্কের।
মঞ্জুর বলেছেন, ‘নিজেকে কোহলির সঙ্গে তুলনা করছি না, তবে ঘটনাটি দেখুন। ও সেরা দশে আছে কিন্তু আমি ওয়ানডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর খেলোয়াড়। সে আমার পরে আসে। আমার খেলার ধরন ওর চেয়ে অনেক ভালো। ও ছয় ইনিংসে গড়ে সেঞ্চুরি করলেও, আমি ৫.৬৮ ইনিংসে সেঞ্চুরি করি।’ পাকিস্তানের ক্রিকেটে অনেক দিন ধরে ব্রাত্য হয়ে থাকা মঞ্জুরের দাবি, গত ১০ বছর ধরে লিস্ট-এ ক্রিকেটে ভালো ফল করে চলেছেন তিনি, রয়েছেন সেরা ৫ নম্বরে।
ইউটিউব চ্যানেলে ৩৬ বর্ষী ব্যাটার বলেছেন, ‘গত ১০ বছর লিস্ট-এ ক্রিকেটে ৫৩ গড়ে রান করেছি এবং বর্তমানে বিশ্বে পঞ্চম স্থানে আছি। গত ৪৮ ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছি কিন্তু তারপরও নির্বাচকেরা আমাকে উপেক্ষা করছেন। এর সঠিক কারণ আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি।’