প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১০:৫২ এএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিমান ধরার ঘণ্টাখানেক পরই বিসিবি থেকে জানানো হয় ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ দিলারা আক্তার। বদলি হিসেবে ফারজানা হক পিংকিকে স্কোয়াডে নেয়। ইনজুরির কথা জানালেও গুঞ্জন উঠেছিল শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ পড়েন দিলারা। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে থাকা এই ক্রিকেটার মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন। গতকাল দিলারার ম্যাচ খেলতে না চাওয়ার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গোড়ালির ইনজুরি গুরুতর না হলেও ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান দিলারা আক্তার। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের অনুরোধে খেলতে নামলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন।
দিলারার ম্যাচ খেলতে না চাওয়ার বিষয়টি নিশ্চিত করে নাদেল বলেন, ‘মাঠে নামার আগে সে বলেছে খেলার মতো অবস্থায় নেই। সে খেলতে পারবে না। বারবার অনুরোধ করা হলেও সে আপত্তি জানিয়েছে। দেশের বাইরে তো আনলিমিটেড খেলোয়াড় পাঠানো হয় না। একজন যদি মানসিক ও শারীরিকভাবে খেলতে অসম্মতি জানায় তাহলে তো তাকে নিয়ে বেশিদূর যেতে পারব না। তাই আমরা রিপ্লেসমেন্ট পাঠিয়েছি।’
ইনজুরির বিষয়টি নিয়েও ধোঁয়াশায় আছে বিসিবি। নারী অনূর্ধ্ব-১৯ দল দেশে ফিরলে বিস্তারিত জানা যাবে জানিয়ে নাদেল বলেন, ‘ইনজুরির কথা সে যেভাবে বলেছে আমাদের টিমের সঙ্গে যারা আছেন, তারা ফিরলে পূর্ণাঙ্গ রিপোর্টে বিস্তারিত জানা যাবে।’
শৃঙ্খলাভঙ্গ করলে এই যাত্রায় হয়তো বেঁচে যাবেন দিলারা। বয়স কম হওয়ায় শাস্তির বদলে সংশোধনের সুযোগ দিতে চান নাদেল, ‘খেলোয়াড়রা তো আমাদের কাছে সন্তানের মতো। আমরা তাদের অভিভাবক। ভুলভ্রান্তি করতেই পারে। ভুল সংশোধনের সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব। আন্ডার নাইন্টিনে এদের বয়সইবা কত? আমরা চট করে কঠোর হয়ে যাব, সেটা চিন্তা (নিষেধাজ্ঞা) করা ঠিক হবে না।’
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে দিলারার ব্যাটে এসেছিল ৪০ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৩৬ রানের একটি ইনিংস খেলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই জাতীয় দলের জার্সিতে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার।