প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৪৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৪৫ পিএম
রাজনীতি কিংবা খেলার মাঠ সবখানেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। দুদলের ফুটবলারদের শরীরী ভাষায়ও দেখা মেলে সেই উত্তাপ। দলবদলে সেরা ফুটবলারকে পেতে একে অন্যকে টেক্কা দিতেও ছাড়ে না ক্লাব দুটি। তবে এক ক্লাবের ফুটবলারকে অন্য ক্লাবে কিনতে দেখা যায় না খুব একটা। সবশেষ ১৯৯৬ সালে ঘটেছিল এমনটি। ২৭ বছর পর আবারও হতে চলেছে সেটি। রিয়াল মাদ্রিদ ফুটবলার মার্কো অ্যাসেনসিওকে দলে টানতে মাঠে নেমেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
শেষ পর্যন্ত যদি এমনটি ঘটে, তবে লুইস এনরিকের পর অ্যাসেনসিওই হবেন রিয়াল থেকে বার্সায় নাম লেখানো প্রথম ফুটবলার। বার্সা থেকে রিয়ালও দলে টেনেছিল ফুটবলার। ২০০০ সালে লুইস ফিগোকে দলে টেনে বিতর্কিত হয়েছিল ক্লাবটি। এরপর আর ফুটবলার কেনা-বেচা করেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
অ্যাসেনসিওকে দলে টানার কারণ রিয়ালের সঙ্গে এ মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে ২৭ বছর বয়সি এই মিডফিল্ডারের। এছাড়া চলতি মৌসুমে ১২ ম্যাচে ১টি গোল ও ৩টি অ্যাসিস্ট রয়েছে তার। যা মন কেড়েছে জাভির। ফলে তাকে দলে টানতে আটঘাট বেঁধে নামতে চলেছে কাতালান ক্লাবটি।