প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম
দীর্ঘদিন ধরেই ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ শামির থেকে আলাদা থাকছেন তার স্ত্রী হাসিন জাহান ও তাদের মেয়ে। এজন্য শামির কাছে ভরণপোষণের দাবি জানালেও সেটি দিচ্ছিলেন না তিনি। এজন্য গত ২০১৮ সালে আদালতে একটি মামলা দায়ের করেন হাসিন। অবশেষে সেই মামলার রায় দিয়েছে আদালত। যেখানে হাসিন ও তার কন্যাকে মাসিক ভরণপোষণের নির্দেশ দেওয়া হয়েছে শামিকে।
সোমবার কলকাতার একটি আদালত ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে তার বিচ্ছিন্ন স্ত্রী হাসিন জাহান ও তার কন্যাকে মাসিক ১ লাখ ৩০ হাজার রুপি প্রদানের নির্দেশ দিয়েছে। যার মধ্যে ৫০ হাজার রুপি হাসিন জাহানের ব্যক্তিগত ভরণপোষণ এবং অবশিষ্ট ৮০ হাজার রুপি তাদের মেয়ের রক্ষণাবেক্ষণের খরচ।
এর আগে ২০১৮ সালের ওই মামলায় শামির কাছে ভরণপোষণের জন্য মাসিক ১০ লাখ রুপি দাবি করে হাসিন। যার মধ্যে ৭ লাখ নিজের ও বাকি ৩ লাখ মেয়ের রক্ষণাবেক্ষণের খরচের জন্য চাওয়া হয়। হাসিনের আইনজীবী মৃগাঙ্কা মিস্ত্রি আদালতকে জানিয়েছিলেন, ২০২০-২১ আর্থিক বছরের আয়কর রিটার্ন অনুসারে, ভারতীয় পেসারের বার্ষিক আয় ছিল ৭ কোটি রুপিরও বেশি, তার ভিত্তিতে মাসিক ১০ লক্ষ রুপি ভাতা অন্যায় ছিল না।
এদিকে শামির আইনজীবী সেলিম রহমান দাবি করেছেন, হাসিন নিজে একজন পেশাদার ফ্যাশন মডেল হিসাবে কাজ করে। তার একটি স্থিতিশীল আয়ের উৎস রয়েছে, তাই এই উচ্চ ভাতার পরিমাণের দাবিটি ন্যায়সঙ্গত নয়। তবে আদালতের এ রায়ের বিষয়ে এখনও কোনো কিছু বলেনি শামি।