প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:৩৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:২৭ পিএম
বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ কম হ্যাপা পোহাননি। কাতার বিশ্বকাপের পুরো আসরে গ্লাভস হাতে আর্জেন্টিনার দেয়াল হয়ে থাকা এমি ফাইনালেও ছিলেন অনবদ্য। ফ্রান্সের বিপক্ষে নাটকীয় শিরোপার মঞ্চেও মেসিদের মান রাখেন, টাইব্রেকারে শিরোপা খরা ঘোচায় আর্জেন্টিনা। টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠে এমির হাতে, তখনই অদ্ভুদ এক কাণ্ড ঘটিয়ে বসেন—পুরস্কারের গ্লাভস গোপনাঙ্গে ঠেকিয়ে অশ্লীল উদযাপন করেন আর্জেন্টাইন। সেটি অনুকরণ করলেন কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণের পর এমবাপেকে নিয়েও কম আলোচনায় ছিলেন না মার্তিনেস। লুসাইলে যখন নির্ধারণ হয়ে গেছে আগামী চার বছরের বিশ্বচ্যাম্পিয়ন। একপাশে উল্লাসে আর্জেন্টিনার সব খেলোয়াড়, অপর পাশে বিমর্ষ ফ্রান্সের ফুটবলাররা। ফাইনালে হ্যাটট্রিক করে ‘ফাইনালম্যান’ বনে যাওয়া এমবাপে বসে ছিলেন মাঠে, তখন উদযাপনের ফাঁকে তার মাথায় হাত বুলিয়ে সান্তনা দিলেন জয়ের নায়ক মার্তিনেজ। কিন্তু আলবিসেলেস্তেদের গোলরক্ষক মাঠ থেকে ড্রেসিংরুমে গিয়ে পুরোপুরি পাল্টে গেলেন। সেই পাল্টানো রূপ নিয়ে অনেক কথাই হল।
বিশ্বজুড়ে ট্রলের শিকার হওয়া এমিকে ইউরোপে বাতিল করার উড়ো কথাও উঠল। এতকিছু ঘটার পর এমবাপেও মুখ বন্ধ রাখতে পারেননি। এক মিনিটের নীরবতা পালন, বেবি পুতুল বানানো কিংবা অন্য সমালোচনার বিষয়ে মাথাব্যথা নেই ফ্রেঞ্চ তারকার, তার আগেই ‘তাকে অভিনন্দন জানিয়েছি। কারও উদযাপন নিয়ে সমস্যা নেই। এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাই না।’
এবার যেন মাথা ঘামালেন এমবাপে। শুধু ঘামানোই না, সরাসরি খোঁচা দিলেন এমিকে। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতে এস্টন ভিলার গোলরক্ষক যেমন অশ্লীল ও বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন, ঠিক তেমন একটি উদযাপন করতে দেখা গেছে এমবাপেকে। স্পোর্টস বাইবেলের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়ে গেছে। পিএসজির অনুশীলন শেষে ম্যাচসেরা হওয়ার পুরস্কার গোপনাঙ্গে ঠেকিয়ে আবারও বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছেন পিএসজি স্ট্রাইকার।