প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম
ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে নিয়ে বিতর্ক যেন থাকছেই না। এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে বর্তমানে জেলহাজতে রয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে কঠিন সময়ে প্রাক্তন সতীর্থ আলভেজের পাশে দাঁড়িয়েছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। যার জন্য শেষ পর্যন্ত ক্ষমাও চাইতে হয়েছে তাকে।
গেটাফের বিপক্ষে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ানকে সমর্থন জানিয়ে বলেছিলেন। আলভেজের যৌন হয়রানির অভিযোগের খবরে বিস্ময় প্রকাশ করে তিনি সে সময় বলেন, ‘এরকম পরিস্থিতি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত এবং হতবাক। ন্যায়বিচার যাই হোক না কেন তা শাসন করবে, আমরা ভিতরে যেতে পারব না। তার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি হতবাক।’
তবে এর পরপরই স্পেনে তীব্র সমালোচনার মুখে পড়েন জাভি। গেটাফের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জয়ের পর তাই বাধ্য হয়ে আলভেজ ইস্যুতে ইউটার্ন নিয়েছেন বার্সা কোচ। না বুঝে মন্তব্য করায় ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি ব্যাখ্যা করেন, ‘আমি আলভেজ সম্পর্কে গতকাল যা বলেছিলাম তা আমি স্পষ্ট করতে চাই। আমাকে ভুল বোঝানো হয়েছিল। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ যে আমি নিজেকে ব্যাখ্যা করি। এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই সমস্ত কাজের নিন্দা করতে হবে, যেই করুক না কেন। আমি ভুক্তভোগী এবং যৌন সহিংসতার শিকারদের কাছে ক্ষমা চাইছি। আমি আশ্চর্য হয়েছি যে দানি এইসব কিছু করতে পারেন। আমি সমালোচনা বুঝতে পেরেছি এবং আমি ক্ষমাপ্রার্থী।’
গেটাফের বিপক্ষে তার দলের জয়ের নিয়েও কথা বলেছেন জাভি। তিনি বলেন, ‘আমি মনে করি না আমরা ভালো খেলেছি। আমরা ভালো আক্রমণ করিনি বরং আমরা ভালোভাবে রক্ষণ করেছি। এত কম ব্লক লাইনের বিরুদ্ধে আক্রমণ করা কঠিন। আমাদের উন্নতি করতে হবে। তবে জয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সেরা হোম গেম নয়। আমরা সুপারকোপা ডি এস্পানা থেকে মানসিকভাবে ক্লান্তি অনুভব করেছি।’