প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ এএম
বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস। ফাইল ফটো
হ্যাটট্রিক
জয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের
গ্রুপ-১-এ তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত
আরব আমিরাত। তবে সুপার সিক্সে এই গ্রুপে সবার সঙ্গে খেলতে হবে না বাংলাদেশকে। টুর্নামেন্টের
ভিন্ন ফরম্যাটের কারণে এই পর্বে বাংলাদেশকে মাত্র দুটো দলের সঙ্গে খেলতে হবে। সেই দুটো
দল হলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। ২১ জানুয়ারি (শনিবার) স্বাগতিকদের
বিপক্ষে সুপার সিক্সের প্রথম ম্যাচে মাঠে নামবে। তিন দিন বিরতির পর সুপার সিক্সে নিজেদের
দ্বিতীয় ও শেষ ম্যাচে ২৫ জানুয়ারি মারুফা আক্তার, দিশা বিশ্বাসদের প্রতিপক্ষ সংযুক্ত
আরব আমিরাত।
আইসিসি এই
বিশ্বকাপের জন্য নতুন ফরমেশন এবং ফরম্যাট তৈরি করেছে। প্রথম পর্বে ‘এ’ গ্রুপ থেকে
সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গে উঠেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘ডি’ গ্রুপ থেকে
ভারতের সঙ্গে সুপার সিক্সে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ
ও ভারত তাদের গ্রুপে সব ম্যাচ জিতেছে। নিয়মটা হলো অন্য গ্রুপ থেকে সুপার সিক্সে আসা
যে দুদলের পয়েন্ট সবচেয়ে কম থাকবে তাদের বিরুদ্ধেই লড়বে আরেক গ্রুপের সর্বোচ্চ পয়েন্টধারী
দল। সেই হিসেবে বাংলাদেশ এ গ্রুপে সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে এসেছে। তাই
তারা লড়বে অন্য গ্রুপের সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব
আমিরাতের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা ও আমিরাতের গ্রুপে থাকা ভারত সর্বোচ্চ ৬ পয়েন্ট
পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তাই এই পর্বে বাংলাদেশ-ভারতের সমান ৬ পয়েন্ট থাকায় তারা
একে অন্যের মুখোমুখি হবে না। ‘বি’ এবং ‘সি’ গ্রুপের হিসাবও
ঠিক এমনই থাকবে। এই দুটো গ্রুপ থেকেও তিনটি করে দল সুপার সিক্সে নাম লেখাবে। অর্থাৎ
১৬ দলের প্রথম পর্ব থেকে ১২টি দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্সের গ্রুপ-১-এ পড়েছে
বাংলাদেশ।
সুপার সিক্সে
উভয় গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি করে দল নিয়ে মোট চারটি দল সেমিফাইনালে
লড়বে। টুর্নামেন্টের ফাইনালের আসর বসবে ২৯ জানুয়ারি।
প্রথম পর্বে
নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বাংলাদেশ অধিনায়ক দিশা
বিশ্বাসের কণ্ঠে ঝড়েছে প্রত্যাশার ফুলঝুরিÑ ‘ভালো লাগছে,
আমরা গ্রুপ পর্বের তিন ম্যাচ জিততে পেরেছি। পুরো পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাচ্ছি,
আমাদের জন্য খুবই ভালো অনুভূতি। পরের রাউন্ডে ভালো করার আত্মবিশ্বাস জোগাবে।’ গ্রুপ পর্বের
শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া দিশা দলের জয়ে অবদান রেখে উচ্ছ্বসিত, ‘অবশ্যই অনুপ্রেরণা
দিচ্ছে ভালো খেলে দলের জয়ের অংশ হতে পারছি। ভাগ্যবান মনে হচ্ছে। চেষ্টা করব পরবর্তীতে
আরও ভালো পারফর্ম করতে।’ পরবর্তী রাউন্ডের আগে দেশবাসীর কাছে
আরও একবার দোয়া চেয়ে দিশার ভাষ্য, ‘দেশবাসীর কাছে
সব সময় সমর্থন ও দোয়া চাই।’