প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১১:৩২ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১১:৫৫ এএম
গত ৩ জানুয়ারি রেকর্ড ১৭৫ মিলিয়ন পাউন্ডে সৌদিতে পা রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে প্রিয় তারকাকে এখনও মাঠে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে পারেনি রোনালদো ভক্তরা। নিষেধাজ্ঞার কারণে গত দুই ম্যাচ মাঠে নামতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। ভক্তদের অপেক্ষা বাড়ে। আর এই সময়ে ভক্তদের অপেক্ষা মধুর করতে তাদের জন্য বড় চমক নিয়ে এসেছে আল নাসর। রোনালদোকে সৌদিতে রাজকীয় অভিষেক করাতে ফ্রান্স থেকে উড়িয়ে আনা হয়েছে তারকাবহুল দল পিএসজিকে। অবশেষে ভক্তদের অপেক্ষা শেষ হতে চলেছে আজ। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় সৌদির কিং ফাহদ স্টেডিয়ামে প্রথমবারের মতো মাঠে নামছেন রোনালদো, যেখানে তার দলের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি।
বৃহস্পতিবার পিএসজির বিপক্ষে সৌদি অলস্টার একাদশের নেতৃত্ব দেবেন রোনালদো। আর এই দলটি গড়া হয়েছে আল নাসর ও আল–হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে। যেখানে সময়ের অন্যতম সেরা দুই তারকা মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে পারবে ফুটবলপ্রেমীরা। বাড়তি পাওনা হিসেবে জুটবে নেইমার ও এমবাপ্পেদের মতো তারকাদের খেলা দেখার সুযোগ।
বিশেষ এই ম্যাচ ঘিরে ভক্ত সমর্থকদের মধ্যেও আগ্রহের কমতি নেই। এরইমধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। যার মধ্যে বিশেষ এক টিকিটও রেখেছিল আয়োজক দেশটি। যেখানে একজন দর্শক ভিআইপি সুবিধা পাওয়াসহ দেখা করার সুযোগ পেতেন মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পেদের সঙ্গে। তুলতে পারতেন ছবি। সেই সঙ্গে তার জন্য রাখা হয়েছিল গালা লাঞ্চের ব্যবস্থাও। লোভনীয় অফারটি লুফে নিতে অনলাইনে ঝাঁপিয়ে পড়ে সমর্থকরাও। ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনে বিশেষ সেই টিকিটের জন্য বিড করার সুযোগ রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেটি গিয়ে ঠেকেছে ২.৬ মিলিয়ন ডলারে। বাংলাদেশি টাকার অংকে যা ২৭ কোটি টাকারও বেশি, যা সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল ম্যাচের টিকিট।
দুই বছরেরও বেশি সময় পর ফুটবল বিশ্ব আবারও মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে। এ ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টস চ্যানেলে। এ ছাড়াও পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (যেমন—ফেসবুক, ইউটিউব) এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। আমেরিকার ফুবো টিভি লাইভ স্ট্রিম করবে।