প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:৩৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে মার্কিনিদের নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানে আটকে দিয়েছে মারুফা আক্তার, দিশা বিশ্বাসরা। টানা তৃতীয় জয় তুলে সুপার সিক্সের আগে আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের দরকার ১০৪ রান।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ দুই জয় পায় বাংলাদেশের মেয়েরা। এই আত্মবিশ্বাসেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে তারা। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই চেপে ধরে যুক্তরাষ্ট্রকে। রান তুলতে বেশ বেগ পেয়েছে তারা।
মার্কিনিদের চেপে ধরলেও উইকেট নিতে হিমশিম খেয়েছে বাংলার মেয়েরা। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র, ওপেনার লাস্য মুলাপদি ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে সিন্ধা পাল ও দিশা ধিংরা তোলেন ৫৭ রান। রান আউট হয়ে ধিংরা ২০ রানে ফিরলে ভাঙে এই জুটি। পর মুহূর্তে সিন্ধা ফেরেন ব্যক্তিগত ২৬ রানে।
শেষদিকে ইশানি ভাগেলার ১৭ বলে ১৭ ও গীতিকা কোদালির ১৬ বলে ১৬ রান করলে মার্কিনিদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০৩ রান। যুক্তরাষ্ট্রের ইনিংসে অতিরিক্ত খাত থেকেই এসেছে ১৯ রান। ৭ ওয়াইড ও ১ নো বলের পাশাপাশি বাকি ১১ রান আসে বাই রানের মাধ্যমে। বাংলাদেশের হয়ে অধিনায়ক দিশা বিশ্বাস ১৩ রানে দুই উইকেট নেন। এছাড়া বাঁহাতি পেসার মারুফা ১৭ রানে নেন এক উইকেট।