× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির সামনে ইতিহাসের হাতছানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১২:৩৫ পিএম

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

কারও তাড়া পেয়ে নয়, বড় হওয়ার তাড়না থাকতে হবে নিজের ভেতর। এগোতে হবে চূড়া ছোঁয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে। কঠোর পরিশ্রম দেখাবে পথ। এরপরেই সাফল্য। বিরাট কোহলি ঠিক এই মন্ত্র জঁপেই এগোচ্ছেন, ভেঙেচুরে নিজের নামে গড়ছেন তাবড় তাবড় ক্রিকেটারের রেকর্ড।

৩৪ বছর বয়সে এসেও ছুটছেন দুর্বার গতিতে, শেষ চারটি ওয়ানডে ম্যাচের তিনটিতেই এনেছেন সেঞ্চুরি। সতীর্থ হার্দিক পাণ্ডিয়া একবার জানতে চেয়েছিলেন বিরাটের বিরাট সাফল্যের রহস্য কী! ভারতের সাবেক অধিনায়ক বলেছিলেন, কাউকে নিচে নামানোর মানসিকতায় থেকে সরে এসে, সঠিক পথে হাঁটতে হবে। মনে পুষতে হবে এক নম্বর হওয়ার ক্ষুধা।

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার নিশ্চয় সেই ক্ষুধা নিয়েই এগোচ্ছেন। ক্রিকেটে ব্যাট হাতে কোহলির যেন সব রেকর্ড ভাঙা হয়ে গেছে। এখন তিনি ক্রিজে ব্যাট হাতে নামেন যেন কয়েকজন কিংবদন্তির কিংবদন্তিতুল্য রেকর্ড ছুঁতে, নিজেকে সেরার পর্যায়ে আরেকটু ওপরে তুলে নিতে। রেকর্ড ভাঙাগড়ার কাটাকুটির খাতায় কোহলির ওপরে রয়েছেন সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকার। খোলাসা করে বললে, ‘গড অব ক্রিকেটের’ শত সেঞ্চুরির রেকর্ড দখল। কোহলি কি পারবেন, নাকি কোহলিই পারবেন!

দুইদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়ে শচীনের দুটি রেকর্ড নিজের করেছেন কোহলি। ভারতের মাটিতে ওয়ানডে ক্রিকেটে সাবেক কিংবদন্তির ২০টি কোহলি ছাড়িয়ে গেছেন ৬৪ ম্যাচ কম খেলে। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে সেঞ্চুরির রেকর্ডেও ভারতীয় হিসেবে তার নাম এখন সবার ওপরে। এবার সামনে শত সেঞ্চুরির রেকর্ড। শচীনের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ১০০টি শতরানের মধ্যে টেস্টে ৫১টি ও একদিনের ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি আছে। কোহলির সেখানে ৭৪টি, আর মাত্র ২৬টি সেঞ্চুরি প্রয়োজন। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারের মতে, শচীনকে ছুঁতে বা টপকাতে পারবেন শুধু কোহলিই। 

গাভাস্কার বলেছেন, ‘ধরুন, বিরাট ৫-৬ বছর ক্রিকেট খেলল, তাহলে সে ১০০টি সেঞ্চুরি করবেই। কোনো সন্দেহ নেই। ফর্মে থাকলে বিরাট প্রতিবছর গড়ে ছয়টি সেঞ্চুরি করে এসেছে। এবারও যদি সেই ফর্মে ব্যাট করে তাহলে কিন্তু এই মাইলস্টোন গড়ে ফেলবেই। শচীনের কীর্তি গড়তে বিরাটকে আরও ২৬টি শতরান করতে হবে। আমার মনে হয় ৪০ বছর বয়স পর্যন্ত খেললে ১০০টি সেঞ্চুরি গড়তে সমস্যা হবে না।’

শুধু সুনীল নয়, সাধারণ দর্শক-সমর্থক হয়ে ক্রিকেটবোদ্ধা সবাই নিশ্চয় একমত হবেন। আজ বুধবার ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে হায়দরাবাদে বড় আরেকটি রেকর্ডের সামনে থাকবেন কোহলি। হার না মানা মানসিকতার ক্রিকেটের বরপূত্র নামবেন সাবেক সতীর্থ বীরেন্দ্র শেওয়াগ ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের। কিউইদের বিপক্ষে যদি জোড়া সেঞ্চুরি আনতে পারেন, কোহলি তাহলে তালিকায় শীর্ষে থাকা দুজনকে ছাপিয়ে যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা