প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম
সেঞ্চুরি উদযাটনে বিরাট কোহলি।
হাজার দিনেরও বেশি সময় বিরাট কোহলির ব্যাটে অধরা ছিল সেঞ্চুরি। বাইশ গজে দুহাত তুলে উদযাপনের খরায় থাকা তারকা ক্রিকেট ছেড়ে শুনিয়েছিলেন একাকিত্বের কথা। মানসিক সুস্থতার খোঁজে কাটানো ছুটির সময়ে একবারের জন্যও ধরে দেখেননি প্রিয় ব্যাট। সেই কোহলি ক্রিকেটে ফিরলেন স্বরূপে।
ক্রিকেটে ব্যাট হাতে যেন এই কোহলিকেই মানায়। কদিন আগে শচীনকে ছোঁয়ার পর কিংবদন্তিকে ছাপিয়ে যেতেও সময় নেননি। সময়ের অন্যতম সেরা ব্যাটার শত সেঞ্চুরির রেকর্ডের দিকেও এগোচ্ছেন সুপারসনিক গতিতে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে থিরুভানাথাপুরামে ভারত এনেছে ৩৯০ রানের বড় পুঁজি। ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় কোহলি এনেছেন অপরাজিত ১৬৬ রান। ১২ মাসের বেশি সময় একদিনের ক্রিকেটে সেঞ্চুরির জন্য চাতক পাখি হয়ে থাকা বিরাট মাসখানেকের ব্যবধানে হাঁকালেন তিন সেঞ্চুরি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিন অঙ্কে পৌঁছে রেকর্ডের খাতার অনেক জায়গায় এনেছেন কাটাকুটি। এখানে শচীনকে নামিয়ে কোহলিকে উঠিয়ে দাও, ওখানেও যে ভারতের সাবেক তারকাকে ছাড়িয়ে গেছেন ৩৪ বছরের কোহলি।
গতকাল সিঙ্গেল নিয়ে কোহলি যখন শতরানে পা রাখলেন তখন ধারাবিবরণীতে চলছিল হার্শা ভোগলের উচ্ছ্বাস, ‘রাজা ফিরেছেন নিজের রূপে, যা করতে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি... আরও একটি সেঞ্চুরি!’ এই উচ্ছ্বাস যেন শুধু ভোগলের নয়, কোহলির, নিশ্চয়ই ক্রিকেটেরও। ভারতের সাবেক অধিনায়ক শতরান ছুঁয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য জায়গায়।
লঙ্কান বোলারদের তুলাধুনো করার দিনে ওয়ানডে ক্রিকেটে মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে কোহলি এসেছেন শচীন-সাঙ্গাকারাদের পাশে। সর্বকালের সবচেয়ে বেশি ওয়ানডে রান সংগ্রাহকদের তালিকায় উঠেছেন সেরা ৫ নম্বরে। শচীনকে এখানে ছাপিয়ে যাওয়া না হলেও ঘরের মাঠে কিংবদন্তির একটি রেকর্ড নিজের নামে করেছেন। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে শচীন দেশে এনেছিলেন ২০টি শতক। গত সপ্তাহে সেটি ছোঁয়ার পর কাল ২১টি শতক হাঁকিয়ে শীর্ষে বসেছেন কোহলি। শচীনকে ছাড়িয়ে গেছেন নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর তালিকায়ও। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন শচীনের নয়টি সেঞ্চুরি দ্বিতীয় হয়ে থাকবে, কেননা লঙ্কানদের বিপক্ষে এটি কোহলির দশম শতক।
সবচেয়ে বেশি আলোচনা হয় যেটি নিয়ে ‘শত সেঞ্চুরি’, সেই তালিকায়ও অনেকখানি এগিয়ে যাচ্ছেন কোহলি। ভারতের সাবেক ব্যাটিং গ্রেটের ওয়ানডেতে সেঞ্চুরি ৪৯টি, যেখানে ১৬৭ ইনিংস কম খেলে ৪৬টি শতক হাঁকিয়েছেন কোহলি। শত সেঞ্চুরির পথে সব সংস্করণ মিলিয়ে তার ৭৪টি। ভোগলের মতো বললে, সেঞ্চুরি করতেই তো সবচেয়ে বেশি ভালোবাসে কোহলি।