× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারায়নি সেই একটি ওভারের স্মৃতি ...

রুমেল খান

প্রকাশ : ১৯ মিনিট আগে

আপডেট : ১৭ মিনিট আগে

খালেদ মাহমুদ সুজনকে নরসিংদীতে খেলা ৩২ বছর আগের ক্রিকেট ম্যাচের স্মৃতিতে ফেরাচ্ছেন প্রবা প্রতিবেদক। ছবি : সংগৃহীত

খালেদ মাহমুদ সুজনকে নরসিংদীতে খেলা ৩২ বছর আগের ক্রিকেট ম্যাচের স্মৃতিতে ফেরাচ্ছেন প্রবা প্রতিবেদক। ছবি : সংগৃহীত

২৭ নভেম্বর। ঢাকার বনানী ডিওএইচএস মাঠে ‘স্ট্রাইকার ক্রিকেট ক্যাম্প’-এর উদ্বোধন। উদ্বোধক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও হাসিবুল হোসেন শান্ত। সুজনকে সামনে পেয়ে পরিচয় দিলাম।

তারপর আলতো করে ফিরিয়ে নিলাম তাঁকে ১৯৯৪ সালে- একটি ক্রিকেট ম্যাচে, নরসিংদী জেলা স্টেডিয়ামে। ৩২ বছর আগের সেই দিনের কথা শুনে বিস্ময়ে তাঁর চোখ বড় হয়ে গেল। মুখে ফুটে উঠল মুগ্ধতার হাসি। বললেন, ‘নাইনটি ফোর! মাই গড, সে তো অনেক আগের কথা!’

পাক্ষিক ক্রীড়ালোক, জনকণ্ঠ, সবুজ বাংলা ও প্রতিদিনের বাংলাদেশ- সাংবাদিকতায় আমার পথচলা দীর্ঘ ২৩ বছরের। ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ক্রীড়া সাংবাদিকদের প্রায় সব খেলাই কাভার করতে হতো। একবিংশ শতাব্দীতে এসে ধীরে ধীরে বিট ভাগ হলো। আমি দ্বিতীয় শ্রেণির। ফলে ক্রিকেট কাভার করতে মিরপুর বা অন্য কোথাও সেভাবে যাওয়া হয় না (তারপরও অবশ্য অন্য সকর্মীদের ডে-অফের সুবাদে টুকটাক পুরুষ ও নারী ক্রিকেট বিট করেছি। অনেকেরই সাক্ষাৎকার নিয়েছি)। ২৭ নভেম্বর বনানীতে যাওয়ার পেছনেও ছিল তেমনই একটি সুযোগ।

সাংবাদিক হওয়ার আগে আমার স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়া। বাবার চাকরির সুবাদে ১৯৮১ থেকে ১৯৯৯- শৈশব ও কৈশোর কেটেছে নরসিংদীর ঘোড়াশালের পলাশ তাপবিদ্যুৎ কেন্দ্রের ওয়াপদা কলোনিতে। নদী, বন আর সবুজ মাঠে ঘেরা জায়গাটি আমার কাছে ছিল ‘বাংলার কাশ্মীর’।

সারাদিন বন্ধুদের সাথে হাডুডু, দাড়িয়াবান্ধা, কানামাছি কিংবা এক্কা-দোক্কা খেলে বেড়ানো আমার পরবর্তীতে ফুটবল-ক্রিকেটেও হাতেখড়ি হয়। দুটো খেলাতেই ছিলাম দক্ষ। ফুটবলে উইঙ্গার পজিশনে খেলেছি। ক্রিকেটে ছিলাম অলরাউন্ডার। মিডিয়াম পেস বোলার এবং ১ থেকে ৬ নম্বর পজিশনে ব্যাটিং করতাম। ভাল খেলার সুবাদে দুই খেলাতেই নরসিংদী জেলার বিভিন্ন স্থানে গিয়ে ‘খ্যাপ’ খেলেছি প্রচুর।

১৯৯৪ সাল। আমাদের পাশের এলাকার ‘পলাশ ইউনাইটেড ক্লাব’-এর হয়ে নরসিংদী প্রথম বিভাগ ক্রিকেট লিগে (ভেন্যু-নরসিংদী চেলা স্টেডিয়াম) খেলার ডাক এল। প্রস্তাব লুফে নিলাম। বড় পরিসরে ক্রিকেট খেলতে পেরে আমি তখন রীতিমতো রোমাঞ্চিত। একের পর এক ম্যাচ খেলি এবং সন্ধ্যায় রেডিওতে খেলার খবর শুনতাম; আমাদের ম্যাচের খবর প্রচারিত হলে বুকের ভেতর আনন্দটা যেন আরও বেড়ে যেত।

তারপর এক ম্যাচ খেলতে গিয়ে দেখি প্রতিপক্ষ দলে (দলের নামটি মনে নেই) আছেন দুই তারকা ক্রিকেটার। দুজনেই তখন তাঁরা সম্ভবত ঢাকায় আবাহনী ক্রীড়া চক্রে খেলতেন। তারা হলেন হালিম শাহ এবং খালেদ মাহমুদ সুজন। টসে জিতে ব্যাটিং করার সময় সুজনের বোলিংয়ের মুখোমুখি হলাম। বলে তেমন গতি নেই, কিন্তু লাইন ও লেংথ ছিল অবিশ্বাস্য রকম নিখুঁত। বোলিংয়ে নিয়ন্ত্রণ দারুণ। তাঁর বলে বাউন্ডারি হাঁকানো বেশ কঠিন মনে হচ্ছিল। অগ্যতা আমি ও আমার ব্যাটিংসঙ্গী ঝুঁকি না নিয়ে সিঙ্গেলসের ওপর জোর দিলাম। সুজনের এক ওভারে ছয়টি বলেই একটি করে রান নিয়ে মোট ছয় রান তুললাম।

ম্যাচে জিতেছিল সুজনের দল। তিনি অবশ্য ব্যাটিংয়ে নামার আগেই ম্যাচ শেষ হয়ে যায়।

তারপর বছর পেরিয়ে গেছে! নরসিংদী জেলা স্টেডিয়ামের সেই ১৮ বছরের তরুণ ক্রিকেটার আজ ক্রীড়া সাংবাদিক, আর প্রতিপক্ষের সেই বোলার দেশের ক্রিকেটের পরিচিত মুখ। ১৯৯৪ থেকে ২০২৬ ... দূরত্ব ৩২ বছরের। মাঝখানে বদলে গেছে মাঠ, মানুষ, জীবন। তবু একটি ওভারের স্মৃতি হারায়নি। বনানীর ডিওএইচএস মাঠে সেদিন শুধু সুজনের সঙ্গে দেখা হয়নি; দেখা হয়েছে নিজের ফেলে আসা কৈশোরের সঙ্গে। সময়ের স্রোত পেরিয়ে একটি পুরোনো ক্রিকেট ম্যাচ আবার আমাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। সেই মুহূর্তে মনে হলো, পরিচয়ের দূরত্ব পেরিয়ে স্মৃতি কখনো কখনো মানুষকে একেবারে কাছাকাছি এনে দেয়। তখনকার ক্রিকেটজীবনের প্রতিটি ছোট সাফল্যই ছিল আমার কাছে বড় প্রাপ্তি। মাঠে নামার আগে উত্তেজনা, খেলা শেষে ফল জানার অপেক্ষা- সবকিছু আজও চোখের সামনে ভাসে। সেদিনের সেই ওভার হয়তো সুজনের মনে থাকার কথা নয়, কিন্তু আমার কাছে তা এক অমূল্য স্মারক।

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা