× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবিজি মিডিয়া কাপ

স্বপ্ন নয়, সত্যি! ফাইনালের প্রাইজমানি ৭৫ লাখ টাকা

মোঃ শামীম হাসান

প্রকাশ : ৩৪ মিনিট আগে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয় এবিজি মিডিয়া কাপের ট্রফি ও জার্সি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয় এবিজি মিডিয়া কাপের ট্রফি ও জার্সি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে আয়োজিত এবিজি মিডিয়া কাপ ফুটবল ঘিরে তৈরি হয়েছে অন্য রকম উন্মাদনা। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই মিডিয়া ফুটবল টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্যই থাকছে ৭৫ লাখ টাকা।

এর বাইরে ফাইনালের আগপর্যন্ত ১৩৪টি ম্যাচের ম্যাচ ফি বাবদ বরাদ্দ ৬০ লাখ টাকা। ব্যক্তিগত নৈপুণ্য এবং গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতির জন্যও থাকছে আকর্ষণীয় অর্থপুরস্কার।

সব মিলিয়ে মাঠের ফুটবল আর মাঠের বাইরের সৃজনশীলতা-দুই জায়গাতেই বড় আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে শুরু হতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ।

স্বপ্ন নয়, সত্যি! ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াবে এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও জার্সি। 


কই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের ড্র। তবে আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ফাইনালের পুরস্কার ঘোষণা। সেই ঘোষণার অপেক্ষাতেই ছিলেন খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীরা।

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটান আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি ঘোষণা করেন, এবিজি মিডিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ দলের জন্য থাকছে ২৫ লাখ টাকা। অর্থাৎ শুধু ফাইনালের দুই দলের জন্যই পুরস্কার ৭৫ লাখ টাকা। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে এমন পুরস্কার ঘোষণায় অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উপস্থিত ৪৮টি মিডিয়া হাউসের অধিনায়ক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা করতালির মাধ্যমে স্বাগত জানান এই ঘোষণা।

পুরস্কারের অর্থমূল্য নিয়ে নিজের বক্তব্যে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন ব্যতিক্রমী আয়োজন নিয়মিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। সায়েম সোবহান আনভীর বলেন, “আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি।”

টুর্নামেন্টের আয়োজনে শুধু অর্থপুরস্কার নয়, গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “আজকের এই আয়োজন আমাদের জন্য নিছক একটি জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়। বরং একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সংযোগের প্রয়াস। আমাদের এবিজি মিডিয়া কাপের মূল দর্শন অত্যন্ত সহজ-কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে সম্পর্কের একটি আনন্দময় সেতুবন্ধন তৈরি করা।”

এই আয়োজনের ভাবনা তুলে ধরে ইমরুল হাসান আরও বলেন, “আমরা বিশ্বাস করি, যারা প্রতিনিয়ত সমাজকে সচেতন রাখেন, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন, তাদের নিজেদের মধ্যেও আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এবিজি মিডিয়া কাপের উদ্যোগ।”

এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি মিডিয়া হাউস। দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে, প্রতিটি গ্রুপে ছয়টি করে দল। শনিবারের ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ার পাশাপাশি নির্ধারিত হয়েছে পূর্ণাঙ্গ ফিকশ্চার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি সংবাদপত্র, ১০টি অনলাইন পোর্টাল ও একটি রেডিও স্টেশন।

প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, চ্যানেল ওয়ান, দেশ রূপান্তর, রেডিও ক্যাপিটাল ও দীপ্ত টিভি। ফলে প্রথম পর্ব থেকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে প্রতিদিনের বাংলাদেশকে। দলের অধিনায়ক হাসনাত শাহীন। তাঁর নেতৃত্বে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্য দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের আনন্দ ও সৌহার্দ্যের অংশ হতে প্রস্তুতি নিচ্ছে প্রতিদিনের বাংলাদেশ।

মাঠের লড়াইয়ে অংশ নেওয়া দলগুলোর জন্যও রয়েছে ধাপে ধাপে অর্থপুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলও পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে বিজয়ী ও পরাজিত দলের জন্য বরাদ্দ যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা। চারটি কোয়ার্টার ফাইনালের প্রতিটিতে বিজয়ী দল পাবে এক লাখ টাকা, আর পরাজিত দল পাবে ৫০ হাজার টাকা করে।

সেমিফাইনালে ওঠা চার দলের জন্যও থাকছে বড় অঙ্কের পুরস্কার। শেষ চারে বিজয়ী দুই দল-অর্থাৎ ফাইনালে ওঠা দল-প্রত্যেকে পাবে আড়াই লাখ টাকা। সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুই দল পাবে দেড় লাখ টাকা করে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ১৩৪টি ম্যাচে বিজয়ী ও পরাজিত দলের ম্যাচ ফি যোগ করলে অর্থের অঙ্ক দাঁড়ায় ৬০ লাখ টাকা। এর সঙ্গে ফাইনালের ৭৫ লাখ টাকা যোগ করলে ম্যাচ ফি ও শিরোপার পুরস্কার মিলিয়েই বরাদ্দের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকা। ব্যক্তিগত ও গণমাধ্যমের কাজের স্বীকৃতির পুরস্কার এর বাইরে।

ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস-এই চারটি পুরস্কারের প্রতিটির অর্থমূল্য ২৫ হাজার টাকা। পরিচ্ছন্ন ও ক্রীড়াসুলভ ফুটবল চর্চায় উৎসাহ দিতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রয়েছে ৫০ হাজার টাকা।

শুধু মাঠের ফুটবল নয়, এবিজি মিডিয়া কাপকে ঘিরে গণমাধ্যমকর্মীদের পেশাগত ও সৃজনশীল কাজের স্বীকৃতিরও আয়োজন রাখা হয়েছে। টেলিভিশন, সংবাদপত্র, ওয়েব ও মাল্টিমিডিয়া-এই চার বিভাগে সেরা রিপোর্ট ও কনটেন্টের প্রতিটির জন্য দেওয়া হবে দুই লাখ টাকা। প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা। প্রতিযোগীদের নিজেদের প্রকাশিত সেরা কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড বিচার-বিশ্লেষণের মাধ্যমে সেরা রিপোর্ট, কনটেন্ট ও আলোকচিত্র নির্বাচন করবে।

এ ছাড়া সর্বাধিক দেখা সাধারণ কনটেন্টের জন্য থাকছে তিন লাখ টাকার পুরস্কার। অর্থাৎ এবিজি মিডিয়া কাপের স্বীকৃতি শুধু মাঠে গোল করা কিংবা ম্যাচ জেতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না; টুর্নামেন্টকে ঘিরে সংবাদ, প্রতিবেদন, ছবি ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির মধ্য দিয়েও পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন গণমাধ্যমকর্মীরা।

টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায়। ফাইনালের দিন ফুটবল উৎসবকে আরও বর্ণিল করে তুলতে থাকছে সেলিব্রিটিদের অংশগ্রহণে দুটি বিশেষ প্রদর্শনী ম্যাচ। একটিতে মুখোমুখি হবেন পুরুষ সেলিব্রিটিরা, অন্যটিতে নারী সেলিব্রিটিরা। রাফসান শাবাব ও আয়শা খানের সঞ্চালনায় শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদনজগতের উল্লেখযোগ্যসংখ্যক তারকা। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, জিয়াউল রোশান, আরশ খান, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি ও মাফতুয়া জান্নাত জিম।

সংবাদ ও ঘটনার পেছনে ছুটে চলা মানুষগুলো এবার নিজেরাই নামবেন ফুটবল মাঠে। যাঁদের প্রতিদিনের কাজের জায়গা নিউজরুম, ক্যামেরা, সংবাদ সম্মেলন কিংবা মাঠের রিপোর্টিং-তাঁদেরই দেখা যাবে জার্সি গায়ে বলের পেছনে ছুটতে। কারও কাছে এটি বহুদিনের লালিত ফুটবল-স্বপ্ন পূরণের সুযোগ, কারও কাছে সহকর্মীদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার উপলক্ষ। আবার কারও কাছে পেশাগত ব্যস্ততার বাইরে নিজের ভেতরে বেঁচে থাকা খেলোয়াড়সত্তাকে ফিরে পাওয়ার আনন্দ।

এবিজি মিডিয়া কাপ ফুটবল তাই কেবল একটি টুর্নামেন্ট নয়; এটি গণমাধ্যমকর্মীদের মিলনমেলা, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ চেতনার এক অনন্য উদযাপন। বিপুল অর্থপুরস্কার, তারকাখচিত আয়োজন এবং মাঠের বাইরেও সৃজনশীল কাজের স্বীকৃতির মধ্য দিয়ে এই আসর বাংলাদেশের মিডিয়া ফুটবলে নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা জাগিয়েছে। এখন অপেক্ষা ১ ডিসেম্বরের-যেদিন সংবাদকক্ষের পরিচিত মুখগুলো জার্সি গায়ে মাঠে নামবেন, আর ফুটবল হয়ে উঠবে তাঁদের নতুন পরিচয়ের ভাষা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা