× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরতার নাম মুশফিকুর রহিম। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েছেন, নেতৃত্ব দিয়েছেন দলকে, কঠিন সময়ে হয়েছেন ভরসা। সেই দীর্ঘ পথচলার এবার শেষ হতে যাচ্ছে। ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এর মধ্য দিয়ে শেষ হবে মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণাঢ্য অধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে শেষ টেস্ট খেলেই দেশে ফিরেছে বাংলাদেশ দল।

সূচি অনুযায়ী শনিবার ফেরার কথা থাকলেও ম্যাচ দুই দিন আগেই শেষ হওয়ায় আগেভাগে দেশে ফেরেন ক্রিকেটাররা। জাতীয় দলের সঙ্গে মুশফিকের ওই সফরই হয়ে থাকল শেষ। দেশে ফিরে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই সেই সিরিজকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মুশফিক। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরেই হবে তার শেষ টেস্ট। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ হবে তার দীর্ঘ টেস্টযাত্রা। আগামী বছরের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। চাইলে সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন তিনি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করেই থামার সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। পরিসংখ্যানই বলে দেয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুশফিকের অবদান কতটা বড়। এখন পর্যন্ত ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার রান ৭ হাজার ৬২। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক তিনি। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি পাননি তিনি। তবে সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে। এখন পর্যন্ত করেছেন ১৪টি টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শতকের রেকর্ডও তার দখলে। শুধু সেঞ্চুরি নয়, দ্বিশতকেও অনন্য মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন তিনি। পরে আরও দুবার এই কীর্তি গড়েছেন। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান একাধিক ডাবল সেঞ্চুরি করতে পারেননি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে আরও আটজন উইকেটকিপার দ্বিশতক করলেও একাধিকবার এই কৃতিত্ব দেখাতে পারেননি কেউ। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। সেই ম্যাচেই ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের বিশেষ তালিকায় জায়গা করে নেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও রেখেছেন নিজের ছাপ। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধিনায়কত্বে সাতটি টেস্ট জিতেছে বাংলাদেশ, ড্র করেছে ৯টি। একাধিক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হারও সবচেয়ে কম। মুশফিকের নেতৃত্বেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঐতিহাসিক জয় আসে তার নেতৃত্বে। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টেও অধিনায়ক ছিলেন তিনি। লর্ডসে হাবিবুল বাশারের নেতৃত্বে শুরু হয়েছিল মুশফিকের টেস্টযাত্রা। এরপর নিজের নেতৃত্ব ছাড়াও আরও আটজন অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। দীর্ঘ এই পথচলায় রেকর্ড, অর্জন আর অসংখ্য স্মৃতি জমা হয়েছে তার ঝুলিতে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা