প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ২৩:৪০ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ২৩:৪১ পিএম
মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন মার্কাস রাশফোর্ড। করলেন জোড়া গোল। তার ডাবল গোলের নৈপুণ্যে দারুণ এক জয়ও পেল ম্যানচেস্টার ইউনাইটেড। হেসেখেলেই রেড ডেভিলরা ৩-০ গোলে হারিয়ে দিল প্রতিপক্ষ চার্লটন অ্যাথলেটিককে। আর দুর্দান্ত এ জয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে নাম লিখল ম্যানইউ। শেষ চারে উঠে বেজায় খুশি কোচ এরিক টেন হাগ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সেমিফাইনালে আমাদের উঠতেই হতো। আমরা সেটা করতে পেরেছি।
শেষ আটের ম্যাচে ইংলিশ জায়ান্ট ক্লাবটি এগিয়ে যায় ২১ মিনিটেই। প্রথমার্ধের চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনি। এই এক গোলের লিড নিয়েই জয়ের পথে এগিয়ে যায় কোচ এরিক টেন হাগের দল।
গোল খেয়ে গোলপোস্টের সামনে দুর্ভেদ্য দুর্গই যেন তৈরি করে রেখেছিল শত্রুপক্ষ চার্লটন অ্যাথলেটিক। তাতে চিড় ধরানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। দলের এমন লড়াকু মানসিকতার জন্য ক্রেডিট নিতেই পারেন কোচ ডিন হোল্ডেন। ভক্ত-সমর্থকরা ধরেই নিয়েছিল অ্যান্টোনির গোলেই জয় পেতে যাচ্ছে ম্যানইউ।
কিন্তু শেষ মিনিটে পাল্টে যায় ম্যাচের চিত্রনাট্য। জ্বলে ওঠেন মার্কাস রাশফোর্ড। দুরন্ত এক প্রচেষ্টায় গোল ব্যবধান দ্বিগুণ করেন ইংল্যান্ডের এ তারকা ফুটবলার। চার মিনিট না যেতেই রাশফোর্ড ফের গোলের দেখা পান। ইনজুরি টাইমে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন। এ নিয়ে টানা ছয় ম্যাচে জালের দেখা পেলেন রাশফোর্ড। কুইকফায়ার ডাবল গোলের ঝলকে নিজের গোলের টালিটা নিয়ে গেছেন ১৫-তে।
২০১৭ সালে কোচ হোসে মরিনহোর অধীনে টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানইউ। ঘরোয়া ফুটবলে এটাই তাদের সর্বশেষ শিরোপা। এরপর থেকে ছয় মৌসুমে আসরটিতে আট জয় তুলে নিল ইউনাইটেড। সর্বশেষ চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। সর্বশেষ দুই হার মেনেছে তারা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওল্ড ট্রাফোর্ডে সেই কোচ পেপ গার্দিওলার শিষ্যদের বিপক্ষেই ফের খেলতে নামছে ম্যানইউ।