প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
ভারত–পাকিস্তান ম্যাচ। ছবি: ডন
দ্বিপক্ষীয় পর্যায়ে দুই দেশের খেলাধুলা পুরোপুরি বন্ধ থাকলেও বহুদলীয় টুর্নামেন্টে খেলতে কোনো বাধা নেই। ভারত সরকারের এই নীতিকে কাজে লাগিয়ে গত ১৪ মাসে ভারত ও পাকিস্তানকে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায় মিলিয়ে মোট ১৪ বার মুখোমুখি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সর্বশেষ গত রবিবার দোহায় ‘এশিয়া কাপ রাইজিং স্টারস’-এ ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারায় পাকিস্তান শাহিনস। এর আট দিন আগে ওমানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। অথচ ২০১২-১৩ মৌসুমের পর কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি এবং ২০০৭ সালের পর দল দুটি কোনো টেস্ট ম্যাচ খেলেনি।
ডন-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার পর সম্পর্কের আরও অবনতি ঘটে। ভারতীয় দলের উদ্যোগে খেলোয়াড়দের হাত মেলানো বন্ধ হয় এবং এসিসির সভাপতি মহসিন নাকভির (যিনি পিসিবিপ্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী) হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এমনকি অনূর্ধ্ব-১৯ ফাইনালেও ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।
মাঠের এই তিক্ততার পরও ম্যাচ অব্যাহত থাকার মূল কারণ অর্থনৈতিক মুনাফা। বিশ্লেষকদের মতে, আইসিসির টুর্নামেন্টে একটি ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক মূল্য ২০ কোটি থেকে ২৫ কোটি মার্কিন ডলার, যা পর্যটন ও আনুষঙ্গিক খরচসহ ৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
বিজ্ঞাপনের বাজারও অত্যন্ত চড়া। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কলম্বোর ম্যাচে ১০ সেকেন্ডের টিভি বিজ্ঞাপন স্লট বিক্রি হয়েছে ২৫ থেকে ৪০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৫০ হাজার থেকে ৫৬ লাখ ৮০ হাজার টাকা), যা ম্যাচের আগের রাতে ওঠে ৭০ লাখ রুপিতে (প্রায় ১ কোটি টাকা)। এক ম্যাচ থেকেই বিজ্ঞাপন বাবদ আয় হয় ২১০ কোটি রুপির বেশি (প্রায় ২৯৮ কোটি টাকা), যেখানে সম্প্রচারকদের পূর্বাভাস ছিল ৩০০ কোটি রুপি (প্রায় ৪২৬ কোটি টাকা)।
এছাড়া এশিয়া কাপে ম্যাচপ্রতি বিজ্ঞাপন আয় হয় ১৫০ থেকে ২০০ কোটি রুপি (প্রায় ২১৩ থেকে ২৮৪ কোটি টাকা)।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৩ সালের পর থেকে আইসিসির প্রতিটি পুরুষ আসরের গ্রুপ পর্বেই দল দুটিকে রাখা হয়েছে। এমনকি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও এমন সূচি করা হয়েছে, যাতে তারা অন্তত দুবার এবং সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করায় আইসিসি প্রায় ১৭ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতি এড়াতে পেরেছিল।
ডন মন্তব্য করেছে, সম্প্রচারক, পৃষ্ঠপোষক এবং পিসিবির মতো বোর্ডগুলো এই বিশাল আয়ের অংশীদার। মূলত রাজনৈতিক টানাপোড়েন ও বৈরিতাকে পণ্যে রূপান্তর করে এই ম্যাচগুলোর বাণিজ্যিক সুবিধা নেওয়া হচ্ছে। তবে এই বন্দোবস্তের ফলে খেলোয়াড়দের, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের কী মূল্য দিতে হচ্ছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।