প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মিনিট আগে
জায়ান্ট স্ক্রিনে টস বিলম্বের ঘোষণা। ছবি: বিসিবি
আজ শুরু হওয়ার কথা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস। ফলে ম্যাচের শুরু নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে কভারে। বৃষ্টি কিছু সময়ের জন্য থামলেও আবার শুরু হওয়ায় এখনো সরানো হয়নি পিচের কভার।
মাঠের বড় পর্দায় জানানো হয়েছে, বৃষ্টির কারণে টস বিলম্বিত হচ্ছে। পিচ থেকে কভার সরানোর পর আম্পায়াররা মাঠ পরিদর্শনে যাবেন। তবে কখন টস অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।
এদিকে ম্যাচের এক দিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। টেম্বা বাভুমা ও ড্যান প্যাটারসনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি ও আনরিখ নরকিয়া।
অন্যদিকে বাংলাদেশের একাদশ এখনো ঘোষণা করা হয়নি। তবে চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় একাদশে দুটি পরিবর্তন নিশ্চিত।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।