× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধোঁকা দিয়ে ফুটবলের উন্নতি সম্ভব নয়’

রুমেল খান

প্রকাশ : ১৬ মিনিট আগে

আপডেট : ১৫ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলদেশ

হামজা, শমিত, ফারহানসহ আরও কয়েক ফুটবলারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে তৈরি হয়েছিল নতুন আশাবাদ। তবে বছর শেষে মাঠের পারফরম্যান্সের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ৯ ম্যাচে মাত্র ৩ জয়ের বিপরীতে ৬ হার নিয়ে বছর শেষ করেছে লাল-সবুজ বাহিনী।

কদিন আগে সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায়ের পর এবার বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যালোচনায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটি। আজ শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই সভা।

এর আগে এশীয় অঞ্চলের আসিয়ান কাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরপর সাফ চ্যাম্পিয়নশিপেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে দল। ফলে ধারাবাহিক ব্যর্থতার কারণ খুঁজে বের করা এবং জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণই হতে পারে সভার অন্যতম আলোচ্য বিষয়।

বাফুফের এই সভার আগে তাদের ‘ধুইয়ে’ দিয়েছেন হাসানুজ্জামান খান বাবলু। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার, কোচ, ক্রীড়া সংগঠক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব... নানা পরিচয়ে পরিচিত বাবলু নিজেকে ‘ফুটবলার বাবলু’ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন। 

প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে যখন তার কাছে সদ্যসমাপ্ত সাফে বাংলাদেশের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে বলা হলো, তখন তিনি বলেন, “আমি তো সত্যি কথা ছাড়া তো মিথ্যা কথা বলতে পারব না। আর সত্যি কথা বললে তা কারও না কারও বিপক্ষে যাবে”।

বাফুফেকে ইঙ্গিত করে বাবলু বলেন, “ক্ষমতাশীলরা কোনো সময়ই সত্যকে তো পছন্দ করতে চায় না!”

ফুটবলার, কোচ ও সংগঠকÑ এই তিন ভূমিকাতেই কাজ করা বাবলু এবারের সাফ ফুটবলের প্রতিটা ম্যাচ বাসায় বসে দেখেছেন। তাকে বাফুফে দাওয়াত দেয়নি বলে আক্ষেপ করলেন, ‘বাফুফে আমাকে সে সম্মান দেখায়নি। অন্য দেশে কিন্তু লিজেন্ডদেরকে ডেকে নেয়, তাদের জন্য আলাদা গ্যালারি থাকে।’ 

বাবলু আরও বললেন, ‘কদিন আগে একটা সেমিনারে স্পোর্টস সায়েন্স নিয়ে কথা বলেছি। আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, আবহাওয়া, বিশ্বের এক নম্বর পলিউটেড কান্ট্রি ... সেই জায়গায় আমাদের বেড়ে ওঠা, আমাদের উচ্চতাÑ এগুলো ফুটবলের মতো ফিজিক অ্যান্ড পাওয়ারের খেলায় আমরা বিশ্ব লেভেলে যেতে পারছি না।’ 

বাবলুর মতে, সাফল্যের জন্য শর্টকার্ট নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন, ‘কেপ ভার্দে লাস্ট বিশ্বকাপ খেলেছে, তারা চমক দেখিয়েছে। দেশটির জনসংখ্যা মাত্র পাঁচ লাখ। সেটা মুখ্য জিনিস না। ওদের রিসোর্সটা কী? ওদের ফিজিকটা যে ছয় ফিট, ওদের ফিজÑ ওদের যে শরীরের গড়নটা যে জন্মের পর থেকে যেভাবে ওদের গ্রোথ, যে হাইট, যে পাওয়ারটা হয় এটা কি আমার দেশে হয়? আমরা কি করছি, বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার আনছি, তাদের ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা, ওখানে খাওয়া-দাওয়া, ওখানকার ক্লাইমেট, যে কারণে আমাদের দেশের প্লেয়ারদের চেয়ে দৈহিকভাবে তারা টেকনিক্যালি ফিজিক্যালি, পাওয়ারে, হাইটে সবদিক দিয়ে তারা আমাদের চেয়ে একটু বেটার। এজন্যই তাদের আনা হয়েছে। কিন্তু তারা কি ওই দেশের ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে? না। পেলে কি এদেশে আসত? অথচ আমরা হাইপ তুলছি আরে হামজা আসছে, আমরা ফাটিয়ে দেব। 

বাবলু আরও বলেন, “এই যে আমরা আসিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়িং খেললাম, কি রেজাল্ট করেছি? এই ছয়-সাত বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে আসলাম, তাইলে তাদের লেভেলটা কোন জায়গায়? আমরা বাঙালিরা অতি ইমোশনাল, তো মনে করছি বিশ্বকাপ জিতে যাব এদের নিয়ে”।

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বাবলুর ভাষ্য, ‘সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন টুর্নামেন্টের লেভেলে। অথচ এই টুর্নামেন্টে খেলার সময় অনেক হাইপ তোলা হয়। এবারের সাফে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর দেখলাম ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন এখন চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের ব্যাপার। আমি একজন টেকনিক্যাল পার্সন, আমি তো আতঙ্কে ছিলাম পাকিস্তানের সাথে আমরা হারতে পারি। ওদের চেয়ে আমরা অনেক পিছিয়ে। অথচ তারা এই কিছুদিন আগ পর্যন্তও কিন্তু ব্যান ছিল। ফাইনালে তারা রেড কার্ড না পেলে ভারত চ্যাম্পিয়ন হতে পারত না।’ এই টুর্নামেন্টে পাকিস্তান ইজ দ্য বেস্ট টিম। ভারত কিন্তু এবার তাদের সেরা দল পাঠায়নি।

স্কুল ফুটবল, জেলা ফুটবল লিগ সেভাবে না হওয়াতে দেশের ফুটবলের অবকাঠামো গড়ে ওঠেনি। সেটারই ফল দেখা যাচ্ছে জাতীয় দলের খেলায়, এমনটাই মনে করেন বাবলু, “বাফুফের সবাই ক্ষমতা, সবাই চেয়ারের লোভে দৌড়াচ্ছে। কে জাতীয় দলের ম্যানেজার হবে, দলনেতা হবে, এসব নিয়েই বেশি দৌড়ঝাঁপ হচ্ছে। আমাদের দেশে তো গত পঁচিশ-ত্রিশ বছরে দুই মিলিয়ন ডলার খরচ করা হয়েছে কি না সন্দেহ”।

দেশব্যাপী ট্যালেন্ট হান্ট, বয়সভিত্তিক ফুটবল ও ক্লাব-সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন বাবলু, “এগুলোর পরিবর্তন যতদিন না হচ্ছে ততদিন বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার এনে কোনো লাভ নেই। এই ধোঁকা দিয়া আর বোকা বানিয়ে বাংলাদেশের ফুটবলকে কোনোদিন এগিয়ে নেওয়া যাবে না”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা