খাবিব নুরমাগোমেদভ। ছবি: ইউএফসি ডট কম
এমএমএতে (মিক্সড মার্শাল আর্টস) ফেরাতে সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভকে ২০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন বক্সার ও প্রোমোটার জেক পল। তবে বিপুল অঙ্কের অর্থের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অপরাজিত এই রুশ ফাইটার। মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে অবসরের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত প্রফেশনাল ফাইটার্স লিগের (পিএফএল) একটি আয়োজনে খাবিবের সঙ্গে দেখা করেন জেক পল। এ সময় নিজের প্রতিষ্ঠান মোস্ট ভ্যালুয়েবল প্রমোশনসের (এমভিপি) হয়ে তাকে লড়াইয়ে ফেরার প্রস্তাব দেন পল।
পল সরাসরি খাবিবকে প্রশ্ন করেন, ‘আপনি কবে ফিরছেন? ২০০ মিলিয়ন ডলারে?’
পরে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ওই কথোপকথনের দৃশ্য তুলে ধরেন পল। সেখানে তিনি বলেন, এমভিপি ও পিএফএলের যৌথ উদ্যোগের মাধ্যমে এমএমএ অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ফাইটারদের জন্য আরও ভালো সুযোগ ও পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
পল বলেন, ‘আমরা যা করছি, তা এমএমএকে চিরতরে বদলে দিতে পারে। ফাইটারদের জন্য আরও ভালো একটি জায়গা তৈরি করতে চাই। আপনার ইউএফসির সঙ্গে চুক্তির অবস্থা কী, তা জানি না। তবে আপনি আমাদের হয়ে লড়লে সেটি এই খেলায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।’
তবে পলের প্রস্তাবে সাড়া দেননি খাবিব। অবসর ভেঙে ফেরার প্রয়োজনীয়তা দেখছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমাকে কেন ফিরতে হবে? আমি অনেকের সঙ্গে লড়েছি। প্রমাণ করার মতো আর কিছু নেই।’
২০২০ সালের অক্টোবরে ইউএফসি ২৫৪ আসরে জাস্টিন গেথজেকে সাবমিশনের মাধ্যমে হারিয়ে ২৯-০ রেকর্ড নিয়ে অবসরে যান খাবিব। বাবার মৃত্যুর পর মাকে দেওয়া প্রতিশ্রুতির কারণেই আর লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জেক পল আরও চাপ দিলে অর্থের প্রতি নিজের অনাগ্রহের কথাও স্পষ্ট করেন খাবিব। তিনি বলেন, ‘কোনো প্রতিপক্ষ নেই, আছে শুধু টাকা। এটা আমার জন্য কোনো অনুপ্রেরণা নয়।’
অবসরের পর থেকে কোচ ও পরামর্শক হিসেবে কাজ করছেন খাবিব। বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধু ইসলাম মাখাচেভ এবং চাচাতো ভাই উমর নুরমাগোমেদভের লড়াইয়ের সময় তাদের কর্নারে দেখা যায় তাকে।
খাবিবকে ফিরিয়ে আনার চেষ্টা অবশ্য নতুন নয়। ইউএফসি সভাপতি ডানা হোয়াইটসহ বিভিন্ন প্রোমোটার অতীতেও তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছেন। তবে প্রতিবারই পরিবারের প্রতি দায়িত্ব এবং মাকে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
অন্যদিকে খাবিবের প্রত্যাখ্যান জেক পলের এমএমএ-সংক্রান্ত পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এমভিপি ও পিএফএলের যৌথ উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।