আট বছর পর ২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। তার দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও তিনি জানতেন না, পুরো অস্ট্রেলিয়া দলই বিষয়টি সম্পর্কে অবগত ছিল।
বুধবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানে প্রকাশিত প্রায় চার হাজার শব্দের এক নিবন্ধে এসব কথা জানান ব্যানক্রফট।
তার দাবি, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি। স্যান্ডপেপার ব্যবহারের শুরু, কত দিন ধরে তা চলেছিল এবং দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের সম্পৃক্ততার তথ্য গোপন করেছিলেন।
নিবন্ধে ব্যানক্রফট লেখেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমাদের তিনজন—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমিই নই, পুরো দলই জানত।’
তিনি জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের স্বার্থ রক্ষা এবং অন্যদের জড়িয়ে না ফেলতেই তখন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্য তাঁকে নতুন করে নিজের অভিজ্ঞতা প্রকাশে উদ্বুদ্ধ করেছে। কামিন্সের মন্তব্যে তিনি নিজেকে ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার ও একাকী মনে করেছেন বলে নিবন্ধে উল্লেখ করেন।
ব্যানক্রফটের বর্ণনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে বলের রিভার্স সুইং বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। সেখানে খেলোয়াড়দের পাশাপাশি বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেহম্যানও উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।
ব্যানক্রফটের ভাষ্য, প্রচলিত পদ্ধতিতে বলের এক পাশ চকচকে রাখার চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছিল না। তখন ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার দিয়ে বলের এক পাশ খসখসে করার প্রস্তাব দেন। কাজটি যে ভুল এবং ক্রিকেটীয় আচরণবিধির পরিপন্থী, তা তিনি বুঝতে পেরেছিলেন বলেও স্বীকার করেন ব্যানক্রফট।
তিনি আরও জানান, বলের অবস্থা ও রিভার্স সুইংয়ের কার্যকারিতা নিয়ে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে নিয়মিত কথা বলতেন। তৎকালীন উইকেটকিপার টিম পেইনের কাছ থেকেও বলের গতিবিধি সম্পর্কে মতামত নিতেন।
ব্যানক্রফটের এসব দাবির সঙ্গে উসমান খাজার আত্মজীবনী সবর-এ প্রকাশিত বক্তব্যেরও মিল রয়েছে। তবে কামিন্স আগে খাজার অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। একইভাবে অস্ট্রেলিয়ার পেসাররাও আগের বক্তব্যে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানার অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ
ব্যানক্রফটের নিবন্ধ প্রকাশের দিনই ক্রিকেট অস্ট্রেলিয়া ২০১৮ সালের ঘটনা নিয়ে খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম চালুর ঘোষণা দেয়। তবে পুরোনো তদন্ত নতুন করে শুরু করা কিংবা নতুন করে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই সংস্থাটির।
ফলে আট বছর আগের বল টেম্পারিং কাণ্ড নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যানক্রফটের এই বক্তব্যের পর সতীর্থদের ভূমিকা ও তৎকালীন তদন্তের পূর্ণাঙ্গতা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।