১৯৭ ফিফা র্যাঙ্কিংধারী ও ‘দ্য ফ্যালকনস’ খ্যাত পাকিস্তান তাদের ফুটবল ইতিহাসের সেরা অর্জনের গল্প লিখতে পারল না। সেটা হচ্ছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। নিজেদের চেয়ে ৫৭ ধাপ এগিয়ে থাকা (১৪০) সাউথ এশিয়ার পরাশক্তি ভারতের কাছে তারা হেরে যায় ২-১ গোলে। পাকিস্তানের দুভার্গ্যÑ ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে তারা আগে গোল করেও জিততে পারেনি।
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ঘরের মাঠে সেমিফাইনালে জিতে হামজারা ফাইনালে যাবেন এবং দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবেন। কিন্তু শেষ চারে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিত হারে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। স্বাগতিক দলের বিদায়ে স্বভাবতই বিবর্ণ হয় ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল’ খ্যাত এই আসরের। ফলে মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উপভোগ করেছেন মাত্র হাজার পাঁচেক দর্শক। খেলা শুরুর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বলতে গেলে দর্শকশূন্য স্টেডিয়ামে!
হেড টু হেডে ২৭ ম্যাচের মধ্যে ১৪টিতেই ভারত জিতেছে, হেরেছে মাত্র ৩টিতে, আর ড্র হয়েছে বাকি ১০ ম্যাচ। পাকিস্তানের আগের সেরা সাফল্য ছিল ১৯৯৭ সালে তৃতীয় স্থান অর্জন করা।
পক্ষান্তরে ফাইনালে ওঠা ও চ্যাম্পিয়ন হওয়াটাকে যেন ভারতের জন্য স্বাভাব্কি ব্যাপার। এ নিয়ে ১৫ আসরের মধ্যে ১৪ বারই ফাইনাল খেলে এবং ১০ বারই চ্যাম্পিয়ন হলো ‘দ্য ব্লু টাইগার্স’ খ্যাত ভারত।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের আনন্দে মেতে ওঠে পাকিস্তান। বক্সের বাইরে থেকে জুনায়েদ আহমেদ শাহর ক্রসে ভারতের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় আলমগীর আলী খান গাজীর কাছে। বক্সের মধ্যে ডান পায়ের নিখুঁত শটে ভারতের জাল কাঁপান তিনি (১-০)।
৫৫ মিনিটে পাকিস্তানের জুনায়েদ ভারতের ব্রাইসনকে ফাউল করে লাল কার্ড পান। ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।
এর সুফল আদায় করে ভারত। ৫৯ মিনিটে পাকিস্তানের গোলসীমানার ডান প্রান্ত থেকে খাইমিনথাং উঁচু ক্রস করেন। সেটা চলে যায় সুহাইল আহমদে ভাটের কাছে। বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি (১-১)। সমতায় ফেরে ভারত। এটি সুহাইলের চতুর্থ গোল, যা আসরের সর্বোচ্চ।
৮৭ মিনিটে ভারত কর্নার পায়। আব্দুল রাবিহর নেয়া উঁচু কর্নারে বক্সের ভেতরে জটলার মধ্যে ‘ড্রপ হেড’ করেন ব্রাইসন দিউবেন। সেই বল ঝাঁপিয়েও রুখতে পারেননি পাকিস্তান গোলরক্ষক (২-১)। বাকি সময়টায় আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পাকিস্তান। ফলে ইতিহাস গড়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায় তাদের। আর চতুর্দশ ফাইনালে দশম শিরোপা জিতে উল্লাসে মেতে ওঠে ভারত।