× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

ধোনির ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের অবসান। ছবি: ইএসপিএনক্রিকইনফো

ধোনির ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের অবসান। ছবি: ইএসপিএনক্রিকইনফো

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের অবসান ঘটল। ক্রিকেটার হিসেবে আর মাঠে নামবেন না তিনি। তবে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক থাকছে আগের মতোই। আইপিএল ২০২৭ মৌসুমে দলটির মেন্টরের দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি।

মঙ্গলবার খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে ধোনিকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দেয় চেন্নাই। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।

ক্যারিয়ারের শেষ ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে সমর্থকদের সামনে খেলার ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছিলেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না তার। ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামার পরিবর্তে এবার ডাগআউটে নতুন ভূমিকায় দেখা যাবে মাহিকে।

ধোনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। এক বিবৃতিতে তিনি বলেন, “এমএস ধোনি ছাড়া সিএসকের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি। সাফল্য, ব্যর্থতা সবকিছুতেই একে অপরের পাশে থেকেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটাই কারণ, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলিনি। এই বিশ্বাসই আমাদের দীর্ঘ পথচলাকে সম্ভব করেছে”।

২০০৮ সালের স্মৃতিচারণা করে শ্রীনিবাসন আরও বলেন, “আমি নিজেই জোর দিয়ে চেয়েছিলাম, ধোনি যেন সিএসকের অংশ হয়। সেটিই আমার নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত। শুধু তার অর্জনের জন্য নয়, মানুষ হিসেবে সে যেমন, সেটিই তাকে বিশেষ করে তুলেছে। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এই দল সব সময় তার ঘর”।

আইপিএল ২০২৭ সামনে রেখে কোচিং স্টাফেও বড় পরিবর্তন এনেছে চেন্নাই। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জহির খান। সহকারী কোচ হিসেবে থাকছেন অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম। বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ জেমস ফস্টার। এর সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হচ্ছেন ধোনি। টানা তিন মৌসুম প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর কোচিং স্টাফে এই বড় রদবদল করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

২০০৮ সালে প্রথম আইপিএল নিলামে ১৫ লাখ ডলারে ধোনিকে দলে নেয় চেন্নাই। এর আগে ২০০৭ সালে তার নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর চেন্নাইয়ের হয়ে পাঁচবার- ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে চেন্নাই। পাশাপাশি ২০১০ ও ২০১৪ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা।

আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকায় তাকে খেলতে হয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। আইপিএল ক্যারিয়ারে ৫ হাজার ৪৩৯ রান করেছেন এমএস।

চেন্নাইকে ১২ মৌসুম নেতৃত্ব দিয়েছেন ধোনি। ২০২২ সালে রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দিলেও দলের বাজে পারফরম্যান্সের কারণে মাঝপথেই আবার দায়িত্ব নিতে হয় তাকে। সে বছর নবম স্থানে থেকে আসর শেষ করলেও পরের বছরই ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতে চেন্নাই। ২০২৪ মৌসুম শুরুর একদিন আগে আবার অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তার জায়গায় দায়িত্ব পান রুতুরাজ গায়কোয়াড়। সেবার পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে দলটি।

২০২৫ সালের আসরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাঁচ বছর পূর্ণ হওয়ায় আনক্যাপড ক্রিকেটার হিসেবে ধোনিকে ধরে রাখে চেন্নাই। তবে মাঝপথে গায়কোয়াড় চোটে পড়লে আবারও অধিনায়কের দায়িত্ব নিতে হয় তাকে। কিন্তু সেবার চেন্নাইয়ের ভাগ্য বদলায়নি। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে মৌসুম শেষ করে তারা। ধোনি করেন মাত্র ১৯৬ রান।

সবশেষ দুই মৌসুমে ব্যাটার হিসেবেও ধোনির ভূমিকা অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। ২০২৪ সালে ১১ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে বল খেলেছিলেন মাত্র ৭৩টি। ২০২৫ সালে ১৩ ইনিংসে খেলেন ১৪৫ বল। সাধারণত ইনিংসের একেবারে শেষদিকে ব্যাট করতে নামতেন তিনি।

এরপর ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ধোনি। চেন্নাইয়ের ম্যাচের দিনগুলোতেও তাকে খুব একটা দেখা যায়নি মাঠে।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধোনি। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএল খেলা চালিয়ে যাচ্ছিলেন এই তারকা। এবার সেই অধ্যায়ও শেষ হলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা