× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

হৃদয়-লিটনের ব্যাটে রেকর্ড

শেখ সাদী

প্রকাশ : ১৭ মিনিট আগে

২০২৪ সালে মিরপুর টেস্টে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের রেকর্ড ভেঙেছে হৃদয়-লিটনের ২০৬ রানের জুটি। ছবি: বিসিবি

২০২৪ সালে মিরপুর টেস্টে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রানের রেকর্ড ভেঙেছে হৃদয়-লিটনের ২০৬ রানের জুটি। ছবি: বিসিবি

আগের সব রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে টাইগাররা। এদিন শুরুতে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও দুই ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ও সর্বোচ্চ জুটির রেকর্ড।

গতকাল রবিবার টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২৭ রান। তাওহীদ হৃদয় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিনের শেষ বলে আউট হয়েছেন। অন্য প্রান্তে লিটন দাস অপরাজিত আছেন ৯২ রানে। ষষ্ঠ উইকেটে দুজন গড়েছেন ২০৬ রানের অসাধারণ জুটি। সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। টেস্ট অভিষেকে প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন মাহফিজুল ইসলাম। স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তরুণ ওপেনার। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের ইনিংসে প্রথম বলেই আউট হওয়ার বিব্রতকর রেকর্ড গড়েছেন তিনি। এরপর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই বিদায় নেন অভিজ্ঞ মুমিনুল হক। রাবাদার বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন তিনি। কিছুক্ষণ পর বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে ৯ ওভারেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

সেই বিপর্যয় সামাল দেন তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ১০৮ বলে ১২ চার ও এক ছক্কায় ৬৭ রান করেন তানজিদ। তার বিদায়ের পর ক্রিজে এসে গোল্ডেন ডাকের শিকার হন মুশফিকুর রহিম। তাকেও ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন রাবাদা।

১২৩ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসের হাল ধরেন হৃদয় ও লিটন। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজন। ৯৯ বলে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। অন্যদিকে ৭১ বলে পঞ্চাশ ছুঁয়ে নিজের স্বাভাবিক ব্যাটিংয়ের ছন্দ খুঁজে পান লিটন। দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে এগিয়ে যেতে থাকে তাদের জুটি। একপর্যায়ে দুজন মিলে গড়েন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম শতরানের জুটি। পরে সেই জুটিই ছাড়িয়ে যায় আগের সব রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ২০২৪ সালে মিরপুর টেস্টে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ১৩৮ রান। হৃদয়-লিটনের ২০৬ রানের জুটিতে ভেঙেছে সেই রেকর্ড। এরই মধ্যে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ১৯৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটি দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে সাত ইনিংসে এটি তার দ্বিতীয় শতক।

এর আগে সিলেট টেস্টে অপরাজিত ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন হৃদয়। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের আরও একবার প্রমাণ দিলেন তিনি। শেষ পর্যন্ত ১৩৭ রান করে ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় হৃদয়কে। দিনের শেষ বলে তার বিদায়ে ভাঙে ২০৬ রানের জুটি। তবে ততক্ষণে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন দুই ব্যাটসম্যান। প্রথম দিন শেষে ৩২৭ রান বাংলাদেশের জন্য বড় অর্জন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দ্বিতীয় দিন লিটনের ৯২ রানের সঙ্গে ইনিংস আরও বড় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : ৮৪ ওভারে ৩২৭/৬।
তাওহীদ হৃদয় ১৩৭, তানজিদ হাসান ৬৭, লিটন দাস ৯২*।
কাগিসো রাবাদা ৫ উইকেট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা