× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোহানেসবার্গে হৃদয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি

শামীম হাসান

প্রকাশ : ১২ মিনিট আগে

চতুর্থ টেস্ট খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয় তুলেছেন দুর্দান্ত এক শতক। ছবি: বিসিবি

চতুর্থ টেস্ট খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয় তুলেছেন দুর্দান্ত এক শতক। ছবি: বিসিবি

বিপর্যয় যখন দরজায় কড়া নাড়ে, তখনই চেনা যায় প্রকৃত সাহসীর মুখ। বাংলাদেশের ইনিংসে যখন ধসের কালো মেঘ, ২২ রানে নেই ৩ উইকেট, সমর্থকদের মনে বিপর্যয়ের শঙ্কা, তখনই ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন তাওহীদ হৃদয়। জোহানেসবার্গের কঠিন মঞ্চে তার ব্যাট যেন হয়ে উঠল প্রতিরোধের ভাষা। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নিলেন দুর্দান্ত এক শতক! সিলেটের মাটিতে ডাবল সেঞ্চুরির স্মৃতি বুকে নিয়েই এবার প্রোটিয়াদের আঙিনায় লিখলেন আরেকটি স্মরণীয় অধ্যায়।

রবিবারের এই ইনিংস কেবল ব্যক্তিগত অর্জনের গল্প নয়, এটি বিপর্যস্ত একটি দলের ঘুরে দাঁড়ানোর সাহসী আখ্যান। শুরুতেই তিন উইকেট হারিয়ে বাংলাদেশ যখন দিশেহারা, তখন হৃদয় বুঝিয়ে দিয়েছেন, প্রতিকূলতা মানেই আত্মসমর্পণ নয়। বরং কঠিন সময়েই নিজের সামর্থ্যের সবচেয়ে উজ্জ্বল প্রকাশ ঘটাতে হয়। তার ব্যাটে সেই প্রত্যয়েরই প্রতিফলন ঘটেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার এখন হৃদয়। এর আগে ২০২২ সালে প্রোটিয়াদের মাটিতে এই কীর্তি গড়েছিলেন মাহমুদুল হাসান জয়। দীর্ঘ চার বছরের ব্যবধানে সেই তালিকায় যুক্ত হলো আরেকটি বাংলাদেশি নাম।

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন হৃদয়। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক হাঁকিয়ে প্রমাণ করলেন, তার সাম্প্রতিক সাফল্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বয়স ও অভিজ্ঞতায় এখনও তরুণ, কিন্তু ব্যাট হাতে আত্মবিশ্বাসে তিনি অনেক পরিণত। পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে এসে তানজীদ হাসানের সঙ্গে প্রথমে তিনি ৯৯ রানের জুটি গড়েন। মাত্র ১৫২ বলে তারা এই রান করেছিলেন। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও সঙ্গী হিসেবে পেয়েছিলেন। কিন্তু মুশফিকুর কোনো রান না করেই বিদায়। এই জুটিতে কোনো রান হয়নি। পরে ইতিহাস গড়েন লিটন দাসকে সঙ্গী করে। উভয়েই একের পর এক বাউন্ডারিতে দলীয় সংগ্রহ সমৃদ্ধ করেন। ২০৬ রানের জুটি তাদের। দিনের ৮৪তম ওভারের শেষ ওভারে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় হৃদয়ের ইনিংস। ২২৭ বলে ১৩৭ রানের মহাকাব্যিক ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। তার আউটের সঙ্গে সঙ্গে দিনের খেলাও শেষ হয়ে যায়। 

জয় ও হৃদয়ের দুই ইনিংসে কিন্তু দারুণ একটা মিল রয়েছে। উভয়ের ইনিংসটি ১৩৭ রানের। চার বছর আগে জয়ও ১৩৭ রানে আউট হয়েছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা