শেখ সাদী
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ০৯:২৬ এএম
ক্যারিবীয় বোলারদের সব আক্রমণ সামলে ব্যাট হাতে একাই লড়লেন তাওহিদ হৃদয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এক প্রান্তে উইকেটের পতন, অন্য প্রান্তে অবিচল এক যোদ্ধা। ক্যারিবীয় বোলারদের সব আক্রমণ সামলে ব্যাট হাতে একাই লড়লেন তাওহিদ হৃদয়। মিরপুরে প্রথম টেস্টে দৃষ্টিকটুভাবে আউট হয়ে সমালোচনার মুখে পড়া এই ব্যাটসম্যান এবার ফিরলেন দুর্দান্তভাবে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই রূপ দিলেন মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে। গড়লেন একের পর এক রেকর্ড।
গতকাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫৯ বলে ২২ চার ও ১১ ছক্কায় অপরাজিত ২৪২ রান করেছেন হৃদয়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৫৬ রান করা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি সাদমান ইসলাম। ফলে ৩৮৬ রানে নবম উইকেটের পতনের সঙ্গে শেষ হয় বাংলাদেশের ইনিংস। হৃদয়ের ২৪২ রানের ইনিংসে ভেঙেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের আট বছরের পুরনো রেকর্ড।
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে অপরাজিত ২১৯ রান করে এত দিন রেকর্ডটির মালিক ছিলেন মুশফিকুর রহিম। এবার তাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করলেন হৃদয়। বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটসম্যান এখন ২৬ বছর বয়সী এই ডানহাতি। এর আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে তাদের কেউই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেই কীর্তি গড়লেন হৃদয়।
এর আগে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিল মমিনুল হকের ১৮১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিও এখন হৃদয়ের। পাশাপাশি এক ইনিংসে ১১ ছক্কা মেরে ভেঙেছেন তামিম ইকবালের সাত ছক্কার জাতীয় রেকর্ড। বাউন্ডারি থেকে তার সংগ্রহ ১৫৪ রান, যা বাংলাদেশের ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ। শুধু তা-ই নয়, দ্বিতীয় দিনের সকালে ২৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে এক দিনেই ২১৩ রান যোগ করেছেন হৃদয়। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক দিনে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের করা ২১২ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ১১৭ এবং তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেটে ৮৫ রান যোগ করেন হৃদয়। সিলেটের মাঠে অষ্টম উইকেটে প্রথম শতরানের জুটি গড়ার পাশাপাশি নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েছেন তারা। শেষ তিন উইকেটে বাংলাদেশের ২০২ রানও নতুন রেকর্ড। সব মিলিয়ে হৃদয়ের ২৪২ রানের ইনিংস শুধু একটি ডাবল সেঞ্চুরি নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে।