প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাওহীদ হৃদয়। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে যেন একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ধৈর্য, দৃঢ়তা ও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে খেলেছেন ক্যারিয়ারসেরা এক ইনিংস।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১৯০ রানে অপরাজিত হৃদয়। তার সঙ্গে অপর প্রান্তে আছেন তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ৫১ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেন হৃদয়। দুজনের ৭৮ রানের জুটি বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিলেও স্পিনার জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে একে একে সাজঘরে ফেরেন মুশফিক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
এরপরও থামেননি হৃদয়। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন দায়িত্বশীল ইনিংস। ১০৯ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। এরপর ১১টা ৩০ মিনিটে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ণ করেন প্রথম টেস্ট সেঞ্চুরি। দলের কঠিন সময়ে পাওয়া এই শতক ছিল বাংলাদেশের জন্য বড় স্বস্তি।
তবে সেঞ্চুরিতেই থামেননি হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামলে দ্রুতই পৌঁছে যান দেড়শ রানে। এর মধ্যে গড়েন একাধিক রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তার দখলে। একই সঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এটি।
সপ্তম উইকেটের পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে হৃদয় গড়ে তোলেন দুর্দান্ত এক প্রতিরোধ। অষ্টম উইকেটে দুজনের জুটি পৌঁছে যায় শতরানে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অষ্টম উইকেটে এটি তৃতীয় শতরানের জুটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ১৪৪ রানের জুটি এখনো এই তালিকার শীর্ষে।
হৃদয় ও তাইজুলের ১১৭ রানের জুটি শেষ হয় তাইজুলের স্টাম্পিংয়ে। জোমেল ওয়ারিক্যানের বলে একটুর জন্য ক্রিজের ভেতরে পা রাখতে পারেননি তিনি। ২২ রান করে ফিরতে হয় তাকে। তবে তার আগে হৃদয়ের সঙ্গে গড়ে যাওয়া জুটিটি বাংলাদেশের ইনিংসে এনে দেয় নতুন প্রাণ।
তাইজুলের বিদায়ের পরও অবিচল হৃদয়। পাঁজরে বলের আঘাত পেয়েও দমে যাননি। জেডেন সিলসের বাউন্সারে আঘাত পাওয়ার পর কিছুক্ষণ অস্বস্তিতে থাকলেও পরের বলেই আত্মবিশ্বাসের সঙ্গে পুল শট খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই ধীরে ধীরে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
যেখানে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশে পিছিয়ে ছিল ২৬৮ রানে, সেই ব্যাবধান এখন মাত্র ৩৮। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৬ ওভারে ৮ উইকেটে ৩১৮ রান। হৃদয় ১৯০ এবং তাসকিন আহমেদ শূন্য রানে অপরাজিত।