প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১২:০৩ পিএম
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন হৃদয়। ছবি: ইএসপিএনক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে কঠিন সময় পার করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তবে দলের এমন বিপর্যয়ের মধ্যেও ব্যতিক্রমী এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক।
তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৮৮ রানে ৩ উইকেট নিয়ে। আগের দিন ৫১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে চতুর্থ উইকেটে গড়ে ওঠে ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ৩৪ রান করে মুশফিকের বিদায়ে ভাঙে সেই প্রতিরোধ।
এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে আক্রমণাত্মক ড্রাইভ করতে গিয়ে কাভারে ক্যাচ দেন তিনি। তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। দলের বিপর্যয়ের মধ্যেও অবিচল ছিলেন হৃদয়। ১০৯ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।
মেহেদী হাসান মিরাজও বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। কিন্তু ১৬ রান করে চেজের বলে গ্রিভসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। পরে ৩২ বলের লড়াই শেষে বিদায় নেন হাসান মাহমুদও। ওয়ারিক্যানের বলে রিভিউয়ের মাধ্যমে তার বিপক্ষে সিদ্ধান্ত আদায় করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও নিজের লড়াই চালিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৯ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ২০৫ রান। হৃদয় অপরাজিত ১০০ রানে। অন্য প্রান্তে তাইজুল ইসলাম রয়েছেন ১ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান নিয়েছেন তিনটি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ৩৫৬ রান। ফলে ১৫১ রানে পিছিয়ে থেকে লাঞ্চে যায় বাংলাদেশ।