প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২২:১১ পিএম
ভারতের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেননি রোহিত শর্মা। সেই সিরিজে দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল টি-টোয়েন্টিতে শেষটা দেখে ফেলেছেন রোহিত। তবে সম্প্রতি ভারতীয় অধিনায়ক জানালেন, ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট নিয়ে ভাবনাটা এখনই ছেড়ে দেননি তিনি।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, ‘(আইপিএলের আগ পর্যন্ত) আমাদের ছয়টা টি-টোয়েন্টি ছিল কেবল, তিনটা শেষ হলো। আমরা বিষয়টা দেখব। আইপিএলের আগ পর্যন্ত ছেলেদের দেখে রাখার দায়িত্বটা সামলাতে হবে। এরপর আইপিএলে যা হয়, তা দেখা যাবে। তবে এটা নিশ্চিত, টি-টোয়েন্টিতে হাল ছেড়ে দিচ্ছি না আমি।’
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি, ছিলেন না বিরাট কোহলিও। এই বিষয়ে রোহিতের ভাষ্য, ‘যদি আপনি সূচিটা দেখেন তাহলে দেখবেন আমাদের দম ফেলার সুযোগ নেই। সে কারণে দলের সিদ্ধান্ত নজর দেওয়া হবে কিছু খেলোয়াড়ের ওয়ার্কলোডে, যেন খেলোয়াড়রা প্রয়োজনমাফিক বিরতিটা পায়। সে ক্যাটাগরিতেই পড়েছি আমিও।’
যদিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, ভারত মোটেও রোহিত-কোহলিকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের পরিকল্পনাটা করছে না। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী ২০২৪ সালে। সেই বিশ্বকাপের পরিকল্পনাটা শুরু হয়ে গেছে এখনই, তারুণ্যনির্ভর দল গোছাতে চাইছে ভারত। সেখানে জায়গা হারাতে যাচ্ছে ভারতের দুই কিংবদন্তি। এই দুজনের অনুপস্থিতিতে ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে ভারতের অধিনায়ক থাকবেন হার্দিক পান্ডিয়া।