প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:৫০ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ২০:৫২ পিএম
প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-টায়ারে রানার্সআপ হওয়া বাংলাদেশ দল। ছবি : বাফুফে
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-টায়ারে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তবে ১৮৯ দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সামগ্রিক অবস্থান ১৩০তম। কিশোর ফুটবলারদের এই সাফল্য উদ্যাপনে কাল মঙ্গলবার এক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে অনুষ্ঠেয় সংবর্ধনায় প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের রানার্সআপ হিসেবে উল্লেখ করেছে বাফুফে। তবে দলটি মূল প্রতিযোগিতায় নয়, হয়েছে ই-টায়ারের রানার্সআপ। ছয়টি টায়ারে বিভক্ত এই প্রতিযোগিতায় বাংলাদেশের এই অর্জন এসেছে পঞ্চম স্থান নির্ধারণী পর্যায়ের লড়াই থেকে।
১৩০তম হওয়া দলকে রানার্সআপ উল্লেখ করে কেন সংবর্ধনা দেওয়া হচ্ছে? আমন্ত্রণপত্রে স্বাক্ষর করা বাফুফের বেতনভূক্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে জানতে ফোর করলেও তিনি ধরেননি।
এদিকে বাফুফের এমন ‘উদ্ভট’ ও ‘উদ্দেশপূর্ণ’
কর্মকাণ্ড নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।
ফিফা আয়োজিত প্রথম এই বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ১৮৯টি দেশের দল। শুরুতে ৩০টি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলেছে দলগুলো। বাংলাদেশ ছিল ‘জি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
গণমাধ্যমে প্রেরিত বাফুফের এই সেই আমন্ত্রণপত্র। ছবি : বাফুফে
গ্রুপে অবস্থানের ভিত্তিতে দলগুলোকে ছয়টি টায়ারে ভাগ করে শুরু হয় নকআউট পর্ব। ছয় দলের গ্রুপে পঞ্চম হওয়ায় বাংলাদেশ জায়গা পায় ই-টায়ারে। সেখানে রাউন্ড অব ৩২-এ সিশেলসকে, শেষ ষোলোতে সিঙ্গাপুরকে, কোয়ার্টার ফাইনালে মন্টিনিগ্রোকে এবং সেমিফাইনালে গ্যাবনকে হারায়। ই-টায়ারের ফাইনালে বাংলাদেশে ৪-১ গোলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে যায়।
প্রতিযোগিতার মূল টায়ারে স্পেন চ্যাম্পিয়ন, চেক প্রজাতন্ত্র রানার্সআপ, গ্রিস তৃতীয়, প্যারাগুয়ে চতুর্থ হয়। অন্য পাঁচটি টায়ারেও আলাদা চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল ভারত (৮৭)। তবে শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৫৯),
নেপাল (১৬৩), পাকিস্তান
(১৬৯) ও ভুটানের (১৮২) চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ।
আরকে/প্রবা