বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
‘শোনো নারী/তুমি চাইলেই পারো সব/চোখ বুজে কেন?/কেন রবে মুখ চেপে আঁচলে/তোমরাই তো জলতরঙ্গে সুর-তাল-লয় এনেছো’ ... যেখানে পুরুষরা ব্যর্থ, সেখানে নারীরা সফল। ফুটবলের কথা বলছি। চর্মগোলকের এই খেলাটিতে বিভিন্ন সময়ে যেখানে বার বার মুখ থুবড়ে পড়ছে, আসছে না কোন সাফল্য, সেখানে নারী ফুটবলের অভাবনীয় সাফল্য সত্যিই তাক লাগিয়ে দেয়ার মতো। গত কয়েক বছরে বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক শিরোপা জিতেছে তারা।
সতীর্থ নার্গিস খাতুনের সঙ্গে বিজয় উল্লাসে মত্ত কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবলের সময়সীমার ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে দেখা যাবে সেই ইংরেজ আমল, পাকিস্তান আমল বর্তমানে বাংলাদেশ আমল ... চর্চার দিক দিয়ে এগিয়ে আছে পুরুষ ফুটবলই। সে তুলনায় নারী ফুটবলের চর্চার ইতিহাস দুই যুগের সামান্য বেশি। অথচ নারী ফুটবলের উন্নতির ধাপই সবচেয়ে উঁচুতে। মাত্র কয়েক বছর আগেও এদেশের নারী ফুটবল নিয়ে হাসাহাসি হতো বিস্তর। অথচ আজ তাদের নিয়ে সুনীল স্বপ্ন দেখে এদেশের ফুটবলমোদীরা।
জাতীয় ফুটবল দলের হয়ে ৩৩ ম্যাচে ১১ গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
বাংলাদেশ নারী ফুটবলের সূচনালগ্ন ২০০২ সালে। ভারতের পশ্চিমবঙ্গ নারী ফুটবল দল বাংলাদেশ সফরে প্রদর্শনী ম্যাচ খেলতে আসে বিরাট বড় দল (৪০ ফুটবলার) নিয়ে, ২০০১-০২ সালে। মিরপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ০-১ গোলে। সেটাই ছিল বাংলাদেশ দলের যেকোন পর্যায়ের প্রথম কোন ম্যাচ। এছাড়া দেশে বাংলাদেশের প্রথম অফিসিয়াল লোকাল ম্যাচ ছিল বাংলাদেশ আনসার বনাম ঢাকা একাদশ। ম্যাচটি অনুষ্ঠিত হয় কমলাপুর স্টেডিয়ামে, ২০০৪ সালে। মৌলবাদীর হুমকির কারণে চারদিকে কড়া পুলিশ প্রহরার মধ্য দিয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রতিপক্ষ আনসারকে ১-০ গোলে হারায় ঢাকা একাদশ। ২০০৭ সালে পশ্চিমবঙ্গে ইন্দো-বাংলা গেমসে বাংলাদেশ দল তাদের প্রথম অফিসিয়াল ম্যাচ খেলে। বিদেশে গিয়ে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলে ২০০৫ সালে, ভারতের পশ্চিমবঙ্গে। ওই ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে। আর ২০১০ সালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। প্রতিপক্ষ নেপালের কাছে সেই ম্যাচে তারা হেরে যায় ০-১ গোলে। মজার ব্যাপার- পরবর্তীতে সেই নেপালকেই হারিয়ে তারা টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ২০২২ ও ২০২৪ সালে!
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
সাফজয়ী এই দু’টি দলেই খেলেছেন এক তারকা ফুটবলার, যিনি জাতীয় দল ও বয়সভিত্তিক দল মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে দুটি হ্যাটট্রিকসহ ৩০টিরও বেশি এবং ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৫০টিরও বেশি গোল করেছেন। যার সঙ্গে দীর্ঘ আলাপনে মেতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ চেষ্টা করেছে তার অতীত, বর্তমান, ভবিষ্যত, সুখ-দুঃখ, স্বপ্ন, আশা, চোট, লক্ষ্য ... সবকিছু। তিনি শ্রীমতি কৃষ্ণা রানী সরকার।
প্রশ্ন: টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়া গ্রামের এক দরিদ্র পরিবার থেকে আপনার উঠে আসা। শুরুতে মেয়েরা ফুটবল খেললে গ্রামের মানুষ আজেবাজে কথা বলত। এমনকি রাগ করে আপনার মা একদিন বটি দিয়ে আপনার সাধের ফুটবল কেটে কুচি কুচি করে ফেলেছিলেন! সেই দুঃসহ স্মৃতি আর বাবার সমর্থন কীভাবে আপনাকে আজকের এই অবস্থানে নিয়ে এল?
২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে সতীর্থ সানজিদা আক্তারের সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: ২০১১ সাল থেকে দেশব্যাপী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সত্যি বলতে কি, তখন এ সম্পর্কে কিছুই জানতাম না। আমার এই স্কুলের স্যার সাইম আল মামুন, উনি আমার চঞ্চলতা সম্পর্কে ভালোমতোই জানতেন। তখন নিয়মিত স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিতাম। আমার বাড়ির পাশেই স্কুল। স্যার আমাকে প্রতিনিয়ত দেখতেন। একদিন স্যার বললেন, ‘ফুটবল খেলবা?’ আমি তো কিছু না ভেবেই স্যারকে বলে দিলাম খেলবো।’তখন আমাদের ব্যাচেরই কয়েক আমার সহপাঠী ছিল, তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করলাম। এই খেলা সম্পর্কে আগে থেকেই কিছুটা ধারণা ছিল। আমার ছোট ভাই পলাশের একটি বল ছিল, ওর বল নিয়ে খেলতাম। আমার কিছু চাচাতো ভাই-বোন ছিল, তাদের নিয়ে বাড়িতেই খেলতাম। সব মিলিয়ে মোটামুটি খেলতে পারতাম ফুটবলটা। কিন্তু এলাকার লোকজন আজেবাজে কথা বলতো। আসলে মেয়েদের এভাবে খেলতে দেখে তো তারা অভ্যস্ত না। তবে বিস্ময়করভাবে অচিরেই তারা আমার খেলা নিয়ে মন্তব্য করা বন্ধ করে দিল। মনে হলো তারা বিষয়টা মেনে নিয়েছে। কিন্তু যখন উপজেলা থেকে জেলা পর্যায়ে খেলতে চলে গেলাম, সেই সঙ্গে একটু নামডাক হয়েছে, তখন তারা হঠাৎই আবার সরব হলো। আগের চেয়েও বেশি নেগেটিভলি সমালোচনা শুরু করলো। জেলা পর্যায়ে খেলতে গিয়ে থাকতে হয়েছে ১৫-২০ দিন, একটা মেয়ে বাড়ির বাইরে গিয়ে এতদিন থাকবে কেন, কি না কি করে বেড়াচ্ছে ... এই ছিল তাদের মনোভাব।
কৃষ্ণা রানী সরকারের ফুটবল ক্যারিয়ারে কোচ গোলাম রায়হান বাপনের অবদান ব্যাপক। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: তাদের কথার কারণেই কি আপনার মা আপনার বল কেটে ফেলেছিলেন রাগ করে?
কৃষ্ণা: হ্যাঁ ঠিক তাই। তবে আমি স্কুল কামাই করতাম, ঠিকভাবে পড়তে বসতাম না, এজন্য মা আরও বেশি রেগে গিয়েছিল। তবে আমার প্রতি বাবার সমর্থন তো ছিল শতভাগ। তার চেয়েও বেশি সাপোর্ট করেছেন আমার ছোট কাকা নিতাই চন্দ্র দাস। তিনি আমার জার্সি, প্যান্ট, বুট এমনকি আমার যাতায়াত ভাড়া থেকে শুরু করে সবকিছুর খরচ জুগিয়েছেন। আমাদের আর্থিক অবস্থা তখন তেমন ভালো ছিল না। আমার বাড়ি থেকে সূতি ভিএম স্কুল মানে গোপালপুর প্রায় ৯-১০ কিলোমিটার দূরে। এলাকার লোকের কথা যদি বলি, আগে তারা আমকে নিয়ে যা বলতো, তা সব সামনাসামনি বলতো। আর এখন যা বলে, তা সব পেছন থেকে বলে! এবং এখন যে কথাগুলা বলে সেগুলো আগের থেকে দ্বিগুণ, মানে দ্বিগুণ আঘাত করে আমার মনে হয়। বুঝতেই পারছেন, অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। যারা মোটামুটি শিক্ষিত, মানে বয়স্ক যারা আছে তারা বোঝে। কিন্তু যারা একদমই লেখাপড়া করেনি, মাঝে মধ্যে টিভিতে দেখে, কানঘুষা করে, এই করে ওই করে, তাদের কথাগুলো অনেক পীড়াদায়ক এখনও। গ্রামের যেসব উঠতি মেয়ে ফুটবলার হতে চায়, তাদের মধ্যে এই কথাগুলো ভীষণ নেতিবাচক প্রভাব ফেলছে।
সতীর্থ মারিয়া মান্দা এবং জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে আপনার ফুটবলে অভিষেক এবং আপনার নেতৃত্বেই স্কুলটি পরপর তিনবার জাতীয় আন্তঃস্কুল চ্যাম্পিয়ন হয়। আপনার ক্যারিয়ারে ওই স্কুলের শিক্ষক গোলাম রায়হান বাপন এবং প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ আরও অনেকের অবদানকে কীভাবে মূল্যায়ন করবেন?
কৃষ্ণা: আমার খেলোয়াড় হওয়ার পেছনে সূতি ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবদান অপরিসীম। স্কুলের হেড স্যার আব্দুল লতিফ এবং অন্যান্য স্যার যারা আছেন, তাঁদের সবার কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞ। আমার ক্যারিয়ার গড়ার মূল কারিগর আমার স্কুলের শিক্ষক গোলাম রায়হান বাপন। আমার পেছনে ওনার শ্রম-মেধা সবচেয়ে বেশি। এক কথায় বলব যে আমি ছোট হলেও ওনার কাছে সবকিছুর মূল্য দিতে পেরেছি নিজের পারফরম্যান্স দিয়ে। বেসিক্যালি আমার লাইফের একটা ‘গোল্ডেন পার্ট’হচ্ছেন বাপন স্যার।
জাতীয় নারী ফুটবল দলের জীবন্ত কিংবদন্তীতুল্য কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
আমার খেলাধুলার শুরুর দিকে আমাকে সবসময় সহযোগিতা করেছেন আমাদের ঘাটাইল উপজেলা চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডু স্যার। উনি সেই ২০১১ সাল থেকেই আমাদেরকে হেল্প করে গেছেন। শুধু আমি না, আমাদের স্কুলের যত মেয়ে ছিল এবং যতগুলো টুর্নামেন্ট খেলেছি, তিনি বল-জার্সি থেকে শুরু করে সবকিছু প্রোভাইড করেছেন আমাদের। ওনার অবদান এবং ওনার সাথে যারা ছিল তাদের অবদান অপরিসীম।
বাপন স্যার সম্পর্কে আরও কিছু বলতে চাই। বাপন স্যার খেলার জন্য আমাকেসহ অন্যদের বাড়ি থেকে নিয়ে যেতেন এবং আমার মা-বাবাকে বোঝাতেন। এছাড়া বাদল কাকু, সাইফুল ভাই, জুয়েল ভাই, কিছু আঙ্কেল আছেন; যারা হচ্ছে অনেক হেল্প করেছেন তখনকার স্কুলের ম্যানেজিং কমিটিতে থেকে। ভালো ফুটবল খেলা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতাম বলে তারা আমাকে সবাই আদর করতেন, অনেক স্নেহ করতেন। আর লতিফ স্যার তো ভীষণ অমায়িক মানুষ। এখনও স্যার কল দিয়ে সবকিছু জিজ্ঞেস করেন, ওনার বাসায় যেতে বলেন। একজন হাম্বল পারসন। স্যারের অনেক স্নেহের আমি।
বড় ভাই, বাবা ও মায়ের সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: সূতি ভিএম স্কুলে ভর্তি হওয়ার গল্পটা বলুন। এর আগে তো অন্য একটি স্কুলে পড়তেন।
কৃষ্ণা: ঠিকই বলেছেন। ২০১১ সালে বঙ্গমাতা স্কুল ফুটবল দিয়ে শুরু করি। আমি তখন ইউনিয়নের মেয়ে। ইউনিয়নে খেলে যখন উপজেলায় খেলতে যাই, তখন বাপন স্যার আমাকে দেখেন। আমাদের দুজন ভাইয়া সাইফুল-জুয়েল লাইন্সম্যান ছিলেন, বাপন স্যার রেফারি ছিল। তো আমার খেলা দেখে স্যারের ভাল লাগে; ওয মোটামুটি খেলতে পারে মেয়েটা, যদি ভর্তি করায় পরবর্তীতে ভালো ভালো হবে তাদের জন্য। এরপর তিনি লতিফ স্যারের সাথে পরামর্শ করে আমাকে ও বাবার বাবাকে ডাকেন। ডাকার পরে পরে প্রাইমারি স্কুলের মানে স্যারদের ডাকে। ডেকে বলেন প্রাইমারি পাশ করলে যেন তাদের স্কুলে ভর্তি করায়। সেই সুবাদে আমি সূতি ভিএমে ভর্তি হই একটা স্কলারশিপে। মানে আমার যাবতীয় খরচ যা কিছু আছে, তারাই বহন করেছেন। আমাকে এগিয়ে দেওয়া, আমার রাস্তাটা দেখিয়ে দিয়েছে সূতি ভিএম স্কুল।
২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে বিছানায় লিওনেল মেসি স্টাইলে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: স্কুলটি পরপর তিনবার জাতীয় আন্তঃস্কুল চ্যাম্পিয়ন হয়েছে আপনার নেতৃত্বে। এই গল্পটি বলুন।
কৃষ্ণা: হ্যাঁ, আমার নেতৃত্বে স্কুলটি জাতীয় আন্তঃস্কুল চ্যাম্পিয়ন হয় তিনবার। আমার একটা গোল আছে ২০১২ সালে, সম্ভবত চট্টগ্রামে। প্রতিপক্ষ ছিল খুলনার একটা স্কুল। সেই দলে মাসুরা পারভীনরা ছিল। ফাইনালে ওদের টিমটা অনেক স্ট্রং ছিল, অনেক সিনিয়র প্লেয়ার ছিল। আমি একটা দর্শনীয় গোল করি, ওই এক গোলেই আমরা চ্যাম্পিয়ন হই। ওই গোলটার কথা এখনো সবাই মনে রেখেছে। আমার উপজেলা চেয়ারম্যান স্যারও যত জায়গায় যান, তখন ওই গোলটার কথা বলেন। হেড স্যারও তাই। ভালো লাগে যখন এই স্কুল টিমের কথা সবাই মনে করে। মাঝে মাঝে ওই টিমের আমরা সবাই একসঙ্গে হয়ে স্মৃতিচারণ করি। অনেক ভালো লাগে।
নিজ গ্রামের নিজ স্কুলের কয়েকজন ফুটবলারের সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন : সাবিনা খাতুন আপনার আদর্শ এবং তার স্টাইলেই আপনি একবার বড় চুল কেটে ছোট করেছিলেন (যদিও তিনি বারণ করেছিলেন)! বড় চুল নিয়ে খেলতে অস্বস্তি হওয়া এবং সাবিনাকে অনুসরণ করার গল্পটা জানতে চাই।
কৃষ্ণা: যখন ফুটবল খেলা শুরু করি, তার আগে থেকেই তারকা ছিলেন সাবিনা আপু। আরও কিছু আপুরা ছিলেন। সাবিনা আপুই সবচেয়ে বেস্ট ছিলেন। যখন খেলা শুরু করি তখন সবার আগে মানে স্যাররাই উদাহরণ স্বরূপ ওনাকেই দেখাতেন। সেই থেকেই সাবিনা আপুকে ফলো করতাম। ওনার মতো হব, ওনার মতো করে খেলব, রানিং-স্পিড মানে সবকিছু। যখন তার সঙ্গে প্রথম দেখা হয়, ওনার সাথে কথা বলি। সবমিলিয়ে ভালো লাগে। পরে ওনার সাথে ক্যাম্পেও উঠি। ওনাকে আরও ভালোভাবে জানার সুযোগ হয়। চুলের প্রসঙ্গে আসি। ২০১৩-১৪ যখন আমি শ্রীলঙ্কায় খেলতে যাই, তখন চুল কাটা ছিল। কিন্তু ওরকম না। ছোটই ছিল চুল। আসার পরে একটু বড় হয়। পরে যখন আবার ক্যাম্পে যাই চুল বড়ই ছিল, পরবর্তীতে চুলটা কাটা হয়। তারপরে তিনিও কাটিয়েছেন, আমিও তাই, এমনই ছিল ব্যাপারটা।
হাস্যোজ্জ্বল কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: জাতীয় দলে ১২ নম্বর জার্সি পড়েন। এ সংখ্যাটি বেছে নেওয়ার কারণ কি?
কৃষ্ণা: যখন ২০১৪ সালে ন্যাশনাল সিনিয়র টিমে সুযোগ পাই, তখন ফেভারিট জার্সি বলতে ৯, ১০ ও ১১ ... এগুলো। কিন্তু এই নম্বরগুলো সিনিয়র যারা ছিলেন তাদেরকে দেয়া হয়েছিল। আমাকে বলা হলো তুমি কোনটা নেবে? খেয়াল করলাম সাবিনা আপু যেহেতু ১১ নাম্বার জার্সি পরে, কিন্তু তারপর ১২ নম্বর জার্সিটা কেউ পরে না। সুযোগটা কাজে লাগালাম। বেছে নিলাম ১২ নম্বর জার্সিটা। ওনাকে এভাবে অনুসরণ করি, ওনার সবকিছু মানে আগে সবকিছু দেখতাম, ওনার লাইফস্টাইল সবকিছু ফলো করতাম। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো ছিল। ওনার সাথে সারাক্ষণ থাকতাম। কিছু টুর্নামেন্টে তার রুমমেটও ছিলাম। আমাদের কেমিস্ট্রিটা অনেক ভালোই ছিল। এই বোঝাপড়াটা খেলার মাঠে অনেক কাজে দিত। যে যাই বলুক, তিনি অনেক ভালো মানুষ। তিনি অনেক সাপোর্টিভ, আমরা সবাই তাকে অনেক ভালোবাসি।
গ্রামীণ পরিবেশে শাড়ি পরে মোহনীয় ভঙ্গিতে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: ২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে আপনার জোড়া গোলেই বাংলাদেশ প্রথম ঐতিহাসিক শিরোপা জেতে (বাংলাদেশ জেতে ৩-১ গোলে) এবং আপনি ফাইনালের সেরা খেলোয়াড় হন। সেই রূপালী রাতের অনুভূতি এবং আপনার করা সেই দুটি গোলের স্মৃতি আজ চার বছর পর কীভাবে মনে পড়ে?
কৃষ্ণা: সাফের সেই টুর্নামেন্ট আমার কাছে স্মৃতিময় হয়ে থাকবে সারাজীবন। আমাদের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সাফে খেলতে যেতে হয়েছিল। ফাইনালে আমি দুই গোল করি এবং আমাদের দল চ্যাম্পিয়ন হয়। ফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রায় ১৭-১৮ হাজার দর্শক ছিল, ৯৯ ভাগই ওদের দর্শক। প্রতিপক্ষের মাঠে খেলে, তাদের দর্শকের এত চিৎকারের মধ্যে থেকে আমার গোল করাটা মোটেও সহজ ছিল না। আমার টিমমেটরা আমাকে যে সাপোর্টটা করেছে, বল দিয়েছে, সব মিলিয়ে ব্যাপারটা আসলে অন্যরকম ছিল। সবাই এমনভাবে খেলেছে যে মনেই হয়নি আমরা নেপালের মাঠে খেলছি! খেলাটা সবাই উপভোগ করেছি। সাফের প্রথম শিরোপা আমরা এনে দিয়েছি এবং আমি ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হই, দুটি গোল করি। আমার খুব ভালো লাগে এখনও যদি ভাবি। মনিকা চাকমা আমার রুমমেট ছিল ওই সফরে। চ্যাম্পিয়ন হয়ে যখন হোটেলে ফিরি, আমরা দুজন সেই রাতে ঘুমাইনি। কিভাবে কি হয়ে গেল, এটা শুধু ভেবেছি। সবকিছু স্বপ্নের মতো, রোমাঞ্চকর মনে হচ্ছিল। তখন ফ্যামিলির সাথে কথা বলেছি, স্কুলের স্যাররা কল দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার- একটা অ্যাচিভমেন্ট করলে দেশের দেশের মানুষ যে কতটা খুশি হয়, সেদিন সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছিলাম। সেদিন ফেসবুক-ইনস্টাগ্রাম ... সবকিছুতেই শুধু আমরা। আমরা ছাড়া আর কিছু নাই। দেশবাসীর এই উন্মাদনা দারুণ ভালো লেগেছে। এখন আসলেই এটা মনে পড়লে নিজেকে ভীষণ গর্বিত মনে হয়।
জাতীয় দল ও বয়সভিত্তিক দল মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে দুটি হ্যাটট্রিকসহ ৩০টিরও বেশি গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: ২০২৪ সাফেও আপনারা চ্যাম্পিয়ন হলেন। কিন্তু আপনি ইনজুরির জন্য সেভাবে খেলতে পারেননি। সেই আসরের অভিজ্ঞতা-অনুভূতি কেমন ছিল?
কৃষ্ণা: দ্বিতীয় সাফ জয়ের অনুভূতি মিশ্র। সেই আসরে তেমন খেলতে পারিনি ইনজুরির কারণে। প্রথম সাফের পরে মনে হয় মাত্র একটা ম্যাচ খেলছিলাম ঢাকায়, নেপালের সাথেই, ফ্রেন্ডলি ম্যাচ। তারপর আমার আর ওরকম ভাবে খেলা হয়নি। মানে আমি টিমে ছিলাম ঠিকই, কিন্তু খেলা হয়নি। এরপর চায়নায় গিয়েছিলাম একটা প্রস্তুতি ম্যাচ খেলতে। সেই ম্যাচেও নামতে পারিনি। এজ এ প্লেয়ার ইনজুরি হলে না খেলতে পারাটা খুবই দুঃখজনক ব্যাপার। আর এটা আমার বেলায় হয়েছে। এক্ষেত্রে প্রত্যাশা থাকে দ্রুত যেন রিকভার করে আবারও মাঠে ফেরা যায়। ‘২৪ সাফে আমি দলের প্রথম ম্যাচে সাইডবেঞ্চে। মাঠে যখন জাতীয় সঙ্গীত বাজছিল, তখন আমি হাউমাউ করে কান্না করেছি! ’২২-এর সাফে যেখানে সব ম্যাচ খেলেছি, আর পরের সাফেই বেঞ্চে! এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তারপরও ‘২৪-এর সাফে ছিলাম, চ্যাম্পিয়ন হয়েছি। এতেও আমি গর্বিত সদস্য বলতে পারি সাফ টিমের।
২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে সাগরপাড়ে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: দুটি সাফেই চ্যম্পিয়ন হয়ে দেশে ফিরে আপনারা বিপুল সংবর্ধনা পেয়েছেন, দেশবাসীর সিক্ত ভালোবাসা-শুভেচ্ছা পেয়েছেন। কেমন লেগেছিল?
কৃষ্ণা: তবে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় সবার মধ্যেই উচ্ছ্বাসটা অনেক বেশি ছিল। খুবই ভালো লেগেছিল। তবে একটা ব্যাপার খুব খারাপ লেগেছে। ২০২২ সাফে জেতার পরে আমার নিজ জেলা টাঙ্গাইল থেকে আমাকে অনেক সংবর্ধনা দেয়া হয়, তাতে আমি অনেক খুশি। আমাকে জমি দেওয়ার কথা ছিল। টাঙ্গাইল হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে। জাতীয় দলে আমি হচ্ছে একাই ছিলাম ঢাকা বিভাগের। ২৪ সাফেও মনে হয় একাই। ২২-এ তো অনেক কিছু হয়েছে বিধায় জেলা থেকে আমার খোঁজ-খবর নিয়েছে। কিন্তু ২৪ সাফের পর একুশে পদক যখন পেলাম, তখন আমার জেলা থেকে আর কোন খোঁজ-খবর নেয়নি। অভিনন্দনও জানায়নি! এতে ভীষণ কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে বলিনি। আর কাকেই বা বলব? কারণ আমি থাকি একটা ইউনিয়ন পর্যায়ে, সেখান থেকে জেলার মানুষকে বলাটা মনে হয় একটু অন্যরকমই দেখা যায়, আর দেশবাসীই বা কিভাবে নেবে এটা? সবচেয়ে বড় কথা- আমাদের দলের অন্য যারা খেলেছে বা বেশি ম্যাচ খেলেনি, তারাও জমি পেয়েছে, তারা সবকিছু পেয়েছে, বাড়ি করেছে। কিন্তু টাঙ্গাইল থেকে আমাকে জমি দেওয়ার কথা ছিল। জমি পেলাম না।
সতীর্থ মাসুরা পারভীনের সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
বরঞ্চ আমাদের যে ডিসি আছে বা ইউএনও আছে, তারা হচ্ছে এক-দুই মাস পর বদলি হয়ে যায়। যে কমিটমেন্টে দেওয়া হয় সেই কমিটমেন্টে ফুলফিল করা হয় না এবং কি ক্রীড়া সংস্থাও এই ব্যাপারে আমাদেরকে এই ব্যাপারে কোন কিছু বলেনি বা জানায়নি। যদি কখনো বলতে যাই, তখন তারা বলে যে কথা বলছি কথা বলছি। আমি যে টাকা ইনকাম করছি, সেটা তো বাবা-মায়ের জন্য ইনভেস্ট করছি, ফ্যামিলির জন্য ... কিন্তু আমার তো একটা ভবিষ্যৎ আছে। এজন্য আমার মনে হচ্ছে যে টাঙ্গাইল শহরে যদি একটু জায়গা পেতাম তাহলে অনেক উপকৃত হতাম। তাহলে নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রম দিয়ে ভবিষ্যতে একটা জায়গায় ফুটবলার তৈরির কাজে আত্মনিয়োগ করতে পারতাম। আমার আসলে জমিটা খুব দরকার।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: ২০২৩ সালের নভেম্বরে ডান পায়ের মেটাটারসেলে আপনি মারাত্মক চোট পান। দীর্ঘ আট মাস বাফুফে আপনার ইনজুরি নিয়ে চরম অবহেলা দেখিয়েছে, যার কারণে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন। দেশের একজন শীর্ষ তারকার সাথে ফেডারেশনের এমন বৈমাত্রেয় আচরণ মানসিকভাবে কতটা যন্ত্রণাদায়ক ছিল? যখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হলো, তখন বাফুফের বোধোদয় হলো এবং আপনাকে ভারতে চিকিৎসার জন্য পাঠানো হলো। সেই চিকিৎসার প্রক্রিয়া এবং মাঠে ফেরার লড়াইটা কেমন ছিল?
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: হ্যাঁ, চোটের কারণে আমার ডান পায়ের মধ্যম এবং চতুর্থ আঙুলের গোড়ার দিকে অনেক শুকিয়ে গিয়েছিল। সেগুলোর ছবি গণমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। সবকিছু নিয়ে সমালোচনা একটু বেশিই হয়েছিল। কারণ আগে হলে একটু ভালো হত। যেহেতু একটু লেট করে হয়েছে, যাই হোক। তো, বাফুফে উন্নত চিকিৎসা করাতে আমাকে ইন্ডিয়া পাঠায়। অনেক ডাক্তার কিন্তু বাফুফে আমাকে দেখিয়েছিল, সেটা বাংলাদেশে। তবে আমি দেবাশীষ স্যারকে দেখিয়েছিলাম (দেবাশীষ চক্রবর্তী, বিসিবি), তিনি ইন্ডিয়াতে যাওয়ার সাজেস্ট করেন। তখন আমি ফেডারেশনকে বলি। তখন ফেডারেশন আমাকে একটু পরে হলেও এগ্রি করে। কিন্তু আগে হলে হয়তোবা সবকিছু তাড়াতাড়ি মেইনটেইন করতে পারতাম। কারণ মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিলাম ব্যাপারটা নিয়ে। তখন টেনশনের কারণে রাতে ঘুমাতে পারতাম না, ঠিকভাবে খেতে পারতাম না। ফ্যামিলিকেও জানাতে পারিনি তখন। কারণ তারা দুশ্চিন্তা করবে। এজন্যই অনেক কষ্ট লাগছিল।
চাচাতো ভাই বর্ষণ দাশ পরশের সঙ্গে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
ইন্ডিয়াতে সেখানকার ডাক্তাররা কিন্তু আমাকে অপারেশন করাতে বলেনি, স্টেরয়েডও নিতে বলেনি। আমাকে জাস্ট তারা হচ্ছে মেন্টালি সাপোর্ট দিয়েছ, যেটা বাংলাদেশের ডাক্তাররা খুব কম দেয়। ভারতের ডক্টর আনন্দর (মণিপাল হসপিটালে বসে) শরণাপন্ন হই। লিপা আপুর মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করি এবং ভারতে যাই। এছাড়া আমাদের ফিজিও লাইজু লিপা আমাকে সর্বোচ্চ হেল্প করেছেন- মেন্টালি এবং ফিজিক্যালি। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্রায় দেড় বছর ধরে ইনজুরিতে ভুগেছিলাম। তখন যতটা পেরেছি ব্যান্ডেজ পড়ে প্র্যাকটিস করার ট্রাই করেছি। ইনজুরিকে কখনো অবহেলা করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করে ফিরে আসার চেষ্টা করতে হবে। ২০১৪ সালে ন্যাশনাল টিমে জয়েন করি। তখন থেকে ইনজুরি ছাড়া বেস্ট ইলেভেনের বাইরে কখনো খেলি নাই। কিন্তু এক ইনজুরি আমাকে একদম টিম থেকে ছিটকে ফেলে দেয়। কিছু কিছু টিমমেটদের মনেও আমি ছিলাম না তখন! এমন অবস্থা ছিল। সেই দিক থেকেও অনেক বড় আঘাত পেয়েছি। আসলে বাফুফেকে এ নিয়ে কোন দোষ দেব না। একটু দেরিতে হলেও তারা আমাকে উন্নত চিকিৎসা করিয়ে সুস্থ করেছে এবং আমি খেলেছি। এজন্য ধন্যবাদ জানাবো বাফুফেকে।
টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়া গ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: চোট পাওয়ার পরও ওই সময় ঢাকার লিগে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে কমলাপুরের টার্ফের মাঠে খেলতে হয় আপনাকে, অথচ ডাক্তার বলেছিলেন টার্ফে খেললে ইনজুরি আরও প্রকট হতে পারে। তাহলে কেন খেলছিলেন?
কৃষ্ণা: আসলেই তাই। চোট পেলাম। তারপর লিগ শুরু হলো। তারপর ওই লিগে খেলতে নিষেধ করছিল ডাক্তার। আমি আসলে ওই সময়ে মানে অনেকদিন হয়েছিল মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কারণ খেলতে পারছি না। তবে জাতীয় দলের হয়ে সপ্তাহে তিন-চার দিন প্র্যাকটিস করি, আর বাকি দিনগুলোতে রেস্ট নেই। এভাবে চলার পর মানসিকভাবে হাঁফিয়ে উঠেছিলাম। খেলার জন্য অস্থির হয়ে উঠেছিলাম। তারপর যেহেতু লিগটা শুরু হয়, এজন্য আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে মাত্র দু’টি ম্যাচ খেলি নাসরিনের হয়ে। টাকা-পয়সার জন্য নয়, মনের শান্তির জন্য। আর তখন তো ঢাকা জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কাজ চলছিল। ফলে টার্ফে লিগের খেলা ছাড়া কোনো উপায় ছিল না। টার্ফের মাঠও তখন ভালো ছিল। একজন খেলোয়াড়ের সব ধরনের মাঠেই খেলতে হবে। এখন ইনজুরি দ্রুত রিকভার করার বিষয়। ডাক্তার নিষেধ করছিল ঠিকই, কিন্তু আমি খেলেছি এবং তারপরেও দেখেন আমি আর্মির বিপক্ষে গোলও করেছি। মানে ভালো ভালো যে টিমগুলো ছিল তাদের সাথে গোল করে টিমকে জিতিয়েছি। সেজন্য এখনও ভালো লাগাটা কাজ করে।
২০১১ সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দিয়ে শুরু কৃষ্ণা রানী সরকারের ফুটবল-অধ্যায়। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: ব্রিটিশ কোচ পিটার বাটলারের রোষানলে পড়ে আপনিসহ আরও অনেকেই দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। একজন পরীক্ষিত পারফর্মার হওয়া সত্ত্বেও এভাবে দলের বাইরে থাকাটা ক্যারিয়ারের এই পর্যায়ে আপনার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলেছে?
কৃষ্ণা: কোচ বাটলার স্যারকে নিয়ে আসলে কিছু বলার নেই। উনি হাই প্রোফাইলধারী কোচ। তিনি বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। তার যেটা ভালো মনে হয়েছে, তিনি তা করেছেন। এত দিন দলের বাইরে থাকলে তো অবশ্যই ক্যারিয়ারে তা প্রভাব ফেলবেই, কারণ যেহেতু আমরা প্রফেশনাল ফুটবলার। এমনিতেই ইনজুরির কারণে দুই বছর বাইরে ছিলাম। সেই সঙ্গে যোগ হয়েছে এই ঝামেলা। ঝামেলা হওয়ার পরে ধরেন আরও দেড়-দুই বছর চলে গেছে। এমনিতেই একটা প্লেয়ারের ক্যারিয়ার কিন্তু এখানেই শেষ হয়ে যায়। সেই প্রেক্ষিতে বলব আমরা এখনো প্র্যাকটিস করছি, কারণ আমার প্র্যাকটিস করার অপশন আছে। টাঙ্গাইলের বাড়িতেও থাকলেও অপশন আছে। এমন না যে খেলাধুলা বাদ দিয়ে দিছি। এজন্য এখনো মনোবল হারাইনি।
কৃষ্ণা রানী সরকারের নেতৃত্বে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় জাতীয় আন্তঃস্কুল চ্যাম্পিয়ন হয় টানা তিনবার । ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: জাতীয় ফুটবল দলে সুযোগ না পেলেও আপনি জাতীয় নারী ফুটসাল দলে খেলছেন এবং সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই বাংলাদেশের হয়ে শিরোপা জিতেছেন। প্রথাগত ফুটবল থেকে ইনডোরের এই দ্রুতগতির ফুটসালে খেলার অভিজ্ঞতা কেমন ছিল?
কৃষ্ণা: আমরা ফুটবলার। দীর্ঘদিন ধরেই খেলাটা খেলছি। এখান হচ্ছে ফুটসাল। আমাদের কিন্তু বেসিকটা আছে। কারণ বল পাস, রিসিভ, রানিং এগুলো কিন্তু আমাদের ভেতরে ছিল। এজন্যই বেসিক্যালি আমাদের তেমন কষ্ট হয়নি। কিন্তু তারপরও যেহেতু ছোট মাঠ ছিল, তাই প্রথমবার ফুটসালে খেলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এছাড়া আরেকটি বড় সমস্যা মোকাবেলা করতে হয়েছে। সেটা হচ্ছে- জুতা যদি ঠিক না হয়, কেডস যেটা পরে খেলি, সেটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু হয় না। আমাদের ম্যানেজার ভাইয়া ইমরান, উনি অনেক ভালো মনের মানুষ। আমাদের কোচ যারা যারা ছিলেন তারা মানে বলতে গেলে সবাই। পজিটিভ দিক ছিল আমাদের দলের সবাই পরস্পরের পূর্ব পরিচিত। ফরে আন্ডারস্ট্যান্ডিং, প্র্যাকটিস, ট্যাকটিস, দ্রুতগতি সবকিছু ভালো ছিল। সে কারণেই মনে হয় আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। সব মিলিয়ে একটা মানে অন্যরকম অভিজ্ঞতা ছিল।
ফুটবল খেলতে গিয়ে নিজ গ্রামের অধিবাসীদের নানা সমালোচনা-কটুক্তির শিকার হতে হয়েছে কৃষ্ণা রানী সরকারকে। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: আপনি ভারতের সেথু এফসি এবং ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে লিগ খেলেছেন। ভারত ও ভুটানের নারী ফুটবল লিগের পেশাদারিত্ব এবং সুযোগ-সুবিধা আমাদের দেশের লিগের চেয়ে কতটা আলাদা?
কৃষ্ণা: সেথু এফসি এবং ট্রান্সপোর্টে খেলেছিলাম। ভুটানের চেয়ে পেশাদারিত্ব এবং সুযোগ-সুবিধায় অনেক এগিয়ে আছে ভারত। ভারতে হোম-অ্যাওয়ে খেলা হয়, ভুটানেও তাই। ভুটান অনেক ছোট দেশ হলেও তাদের একাধিক মাঠ আছে, তাদের ভালো একটা পজিশন আছে। আমরা তো এখানেই পিছিয়ে, আমরা লিগ একটা মাঠেই চালাই! তার ওপর বিভিন্ন ধরনের সমস্যা, ওদের কিন্তু সেটা হয় না।
প্রশ্ন: ভুটানের লিগে আপনিসহ বাংলাদেশের ১০ নারী ফুটবলার বিভিন্ন ক্লাবে খেলেছেন, যাকে বলা যায় ‘একখন্ড বাংলাদেশ’। বিদেশের মাটিতে সতীর্থদের মুখোমুখি হওয়া বা একসাথে খেলার অভিজ্ঞতা কেমন উপভোগ করেছিলেন?
প্রায় দেড় বছর ধরে ইনজুরিতে ভুগেছিলেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: হ্যাঁ, ভুটান লিগে আমরা মোট ১০ জন খেলেছিলাম। এটা আসলেই একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। অবশ্য এর আগে দেশের লিগেও আমরা প্রতিপক্ষ হয়েছি। কিন্তু সংখ্যায় কম ছিলাম। কেননা বসুন্ধরা কিংসের হয়ে আমরা বেশিরভাগ খেলেছি। নাসরিন স্পোর্টসেও তাই। কিন্তু ভুটান লিগে সাবিনা আপু, মনিকা, ঋতুপর্ণা- এরা ছিল এক টিমে, আমি, মাসুরা, রূপনা এক টিমে ছিলাম। এছাড়া মারিয়া, শামসুন্নাহার এরা আরেক টিমে ছিল, জুনিয়র শামসু, তহুরা ওরা আরেক টিমে ছিল। বলতে গেলে চারটা টিমই ভালো ছিল, এর ভিতরেই আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়েছি। আমরাই সব ছিলাম। ওই লিগে অধিকাংশ গোলই কিন্তু আমাদের বাংলাদেশীদের পা থেকে এসেছে। আমিও ৩০টার বেশি গোল করেছিলাম। সাবিনা আপুও করেছিল, মারিয়াও অনেকগুলো গোল করেছিল। শামসুন্নাহার, তহুরারাও তাই। আমরা যখন মুখোমুখি হই, তখন কিন্তু খেলায় কেউ কাউকে ছাড় দেইনি। যখন হেরেছি, তখন একটু কষ্ট লেগেছে। সবমিলিয়ে এনজয় করেছি লিগটা।
অবসরে মোটর বাইক চালাতে ভীষণ ভালোবাসেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: বিদেশে যখন আপনি লিগে খেলতে যান, তখন আপনার ব্যক্তিগত লক্ষ্য থাকে- বেস্ট ইলেভেনে খেলা, গোল করা এবং দলকে জেতানো। সাবিনার মতো আপনারও কি ইউরোপের কোনো লিগে খেলার স্বপ্ন আছে?
কৃষ্ণা: বিদেশের মাটিতে খেলতে যাওয়া সবারই স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা অনেক আগেই পূরণ করছি। তারপরেও যখন যাই তখন হচ্ছে লক্ষ্য থাকে বেস্ট ইলেভেনে খেলা, গোল করা, দলকে জেতানো। কিন্তু এই লক্ষ্যটা তো বিদেশে যাওয়ার পরে না, আগেই থাকে। আর ইউরোপে খেলার স্বপ্ন সবারই থাকে। ইনজুরি না থাকলে হয়তো আরও কয়েকটি দেশে গিয়ে লিগ খেলতে পারতাম। যদি ভালমতো ফিরতে পারি, তাহলে অবশ্যই ইউরোপে খেলার স্বপ্ন ফুলফিল করার চেষ্টা করব।
প্রশ্ন: ২০১১ সাল থেকে ফুটবল খেলছেন। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেছে। অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। আগের মতো সেই অদম্য আত্মবিশ্বাস ও জেদ নিজের ভেতর কতটা বাঁচিয়ে রেখেছেন?
জাতীয় দলে আবারও ফিরে আসতে মরিয়া কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: এই ১৫ বছরে সব মিলিয়ে খারাপ-ভালো সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। তবে শুরুর দিকে কখনই ভাবতে পারিনি অনেক বছর খেলতে পারব। বাংলাদেশে আমরা একটা জায়গা তৈরি করেছি। আমরা যেটা করেছি সেটা আমাদের জুনিয়ররা ভোগ করবে। পুরাতনরা যাবে, নতুনরা আসবে। এভাবেই ফুটবলটা এগিয়ে যাবে। আত্নবিশ্বাস আর জেদের প্রসঙ্গে বলব- ইয়াংকালে যতটা দৌড়েয়েছি, এখন বয়সের কারণে ততটা পারি না। তবে প্র্যাকটিস করলে সব সম্ভব। কারণ এখনো সেই আগের মতো জেদ, আত্মবিশ্বাস ঠিকই আছে। বরং আগের চেয়ে দ্বিগুণ আছে।
প্রশ্ন: আপনার ক্যারিয়ারের এই দীর্ঘ কঠিন সময়ে বাফুফের মাহফুজা আক্তার কিরণ, কোচ গোলাম রব্বানী ছোটন তারা আপনাকে যেভাবে আগলে রেখেছিলেন, তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা কতখানি?
পরিবারের পছন্দে দায়িত্বশীল ও শিক্ষিত ছেলে বিয়ে করবেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: আমাদের ক্যারিয়ারে সবসময়ই কিরণ আপা ছিলেন। এবং ছোটন স্যারও ছিলেন। ছোটন স্যার আমাদের বাবার মতো আর কিরণ আপা বড় বোনের মতো আগলে রাখতেন। কিরণ আপা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগে মেয়েদের কোনো পজিশন ছিল না, এখন পজিশন হয়েছে, সবকিছু হয়েছে। তিনি না থাকলে এরকমটা নাও হতে পারতো। নারী ফুটবলে ওনার অবদান অপরিসীম। ছোটন স্যার তো আমাদের পিতৃতুল্য। ওনার কাছ থেকে শিখেছি শৃঙ্খলাবোধ। আমাদের সমস্ত সাফল্যের মূলেই ছিল এটা। ছোটন স্যারকে স্যালুট দিতে চাই, সাথে লিটু স্যারও আছে। তাদের প্রতি আমরা আসলেই অনেক কৃতজ্ঞ।
২০২৪ সাফ জিতলেও ইনজুরির জন্য সেভাবে খেলতে পারেননি কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: আপনার মা- যিনি একসময় রাগ করে ফুটবল কেটে ফেলেছিলেন, আজ মেয়ের সাফল্যে এবং ফুটবল খেলে লাখ টাকা উপার্জন করে পরিবারকে সাহায্য করায় তার ভুল ভেঙেছে। গ্রামীণ সমাজের সেই রক্ষণশীলতা ভেঙে যেসব মেয়েরা ফুটবলে আসতে চায়, তাদের উদ্দেশ্যে এবং আপনার মায়ের মতো অভিভাবকদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?
কৃষ্ণা: আহ, মা! মা তো এখন অনেক খুশি। ফ্যামিলির সবাই অনেক অনেক গর্ববোধ করে। কোথাও গেলে বলে কৃষ্ণার মা, কৃষ্ণার বাবা বা কৃষ্ণার ভাই-বোন। টাকা পাচ্ছি মাকে দিচ্ছি, ছোট ছোট স্বপ্নপূরণ করছি। বাবার অনেক স্বপ্ন ছিল বিল্ডিং করার, আমি একটা ছোটখাটো ঘর করে দিয়েছি বাবাকে। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো- ফুটবল খেলতে চায় যেসব মেয়েরা, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ফ্যামিলি হচ্ছে একটা বটগাছের মতো। ফ্যামিলি যখন সাপোর্ট করবে তখনই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।
প্রশ্ন: আপনার ফেসবুক পেজে প্রায়ই দেখা যায় নিজের গ্রামের রাস্তায় মোটর সাইকেলে চড়ে বেড়াতে। মাঝে মধ্যে সঙ্গে থাকে মায়াবী এক শিশু। মোটর সাইকেল চালানো কতটা উপভোগ করেন?
২০২২ সাফের শিরোপা জেতা ফুটবল জীবনের অন্যতম সেরা স্মরণীয় অধ্যায় কৃষ্ণা রানী সরকারের জন্য। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: আমি রেগুলারই মোটরসাইকেল চালাই। আমার বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে প্র্যাকটিসে যেতে হয়, স্কুলে যেতে হয়। উপজেলা চেয়ারম্যান স্যার একটা সাইকেল গিফট করেন। পাঁচ বছর সাইকেল চালিয়ে গেছি। আমার কাকার একটা মোটরসাইকেল ছিল। ১৩-১৪ বছর বয়স থেকে মোটরসাইকেল চালানো শিখি। অনেক বছর পর বাড়িতে সবাইকে রাজি করিয়ে একটা মোটরসাইকেল কিনি। সেটাই এখন চালাই। আর পিচ্চির কথা বলছেন, সে আমার চাচাতো ভাই বর্ষণ দাশ পরশ। যে কাকা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, তার ছেলে। ও অনেক স্নেহের-আদরের আমাদের। ওরও ইচ্ছা ও ফুটবলার হবে।
প্রশ্ন: আর কতদিন ফুটবল খেলতে চান? খেলা থেকে অবসর নেওয়ার পর কি করবেন?
কৃষ্ণা: প্রায় ১৫ বছর ধরে খেলছি। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়টা অনেক। বাইরের দেশে তা নয়। ইচ্ছা আছে যতদিন ফিট থাকবো খেলা চালিয়ে যাব এবং দেশের হয়ে খেলতে চাই। যেহেতু কোচিংংয়ের সি-লাইসেন্স আছে, এরপর বি-লাইসেন্স করবো।
প্রশ্ন: কিছুদিন আগে দলগতভাবে একুশে পদক পেয়েছেন। এই পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাই।
জিমে ঘাম ঝরাচ্ছেন কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: একুশে পদক- এটা আসলে আমাদের জন্যে একটা মানে বড় অ্যাচিভমেন্ট। কারণ বাংলাদেশে প্রায় ২০-২২ কোটির মতো মানুষ, তাদের ভিতরে আমরা একটা দল ফুটবল দল এটা পেয়েছি। এটা পেয়ে অনেক খুশি। আমার ফ্যামিলির সবাই অনেক খুশি। যখন সবাই বলে যে আমি একুশে পদকপ্রাপ্ত, তখন অনেক প্রাউড ফিল করি।
প্রশ্ন: ফুটবলের বাইরে আপনার অবসর কাটে কিভাবে? প্রিয় শখ, প্রিয় ফুল-ফল, মাছ-গাছ-রং-পোশাক-পারফিউম-কন্ঠশিল্পী-অভিনয় শিল্পী-লেখক/কবি, বেড়ানোর প্রিয় স্থান, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় খাবার, প্রিয় পুরুষ/নারী ফুটবলার, ফুটবল স্মরণীয় মুহূর্ত, কষ্টের স্মৃতি, যে ৩টি জিনিষ ছাড়া আপনি একদম অচল, এসব সম্পর্কে বলুন।
ফুটবলার কৃষ্ণা রানী সরকার যখন সাইক্লিস্টের ভূমিকায়। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
কৃষ্ণা: অবসরে বাইক চালাই, ছাদ বাগানে কাজ করি। একটু আড্ডা দেই ফ্রেন্ডদের সাথে। ফাঁকিবাজ বলে বই-টই পড়া হয় না। প্রিয় ফল আম। ফুল কাঠগোলাপ। মাছ রুই-টেংরা। রঙ নীল-কালো। পোশাক থ্রি পিস-শাড়ি। কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। অভিনয় শিল্পী অনেকেই। বেড়ানোর প্রিয় স্থান যেকোনো মন্দির। প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা -মা ও গোলাম রব্বানী ছোটন স্যার। প্রিয় খাবার মায়ের হাতের তৈরি পায়েশ ও মাটন কারি। ফুটবলার লিওনেল মেসি, সাবিনা খাতুন ও আইতানা বোনমাতি। ২০১৪ সালে নেপালে খেলতে গিয়ে প্রলয়ংকারী ভূমিকম্প দেখেছিলাম। আমি দলের ক্যাপ্টেন ছিলাম। ২০২২ সাফে চ্যাম্পিয়ন হওয়া ... এগুলো ফুটবলের স্মরণীয় মুহূর্ত। কষ্টকর স্মৃতি হচ্ছে ইনজুরিতে পড়া। ফ্যামিলি, ফুটবল আর মোবাইল ফোন ছাড়া আমি একদম অচল।
হিমালয়ের দেশে নেপালি কন্যার বেশে কৃষ্ণা রানী সরকার। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: ক্যারিয়ারে আপনার সেরা গোল কোনটি?
কৃষ্ণা: গোল তো অনেক করেছি। সবচেয়ে সেরা হচ্ছে ২০২২ সাফের ফাইনালের গোলটি। গোলটি চমৎকার কম্বিনেশন থেকে করা। আমরা বল উইন করি। তারপর মনিকা থেকে সাবিনা আপু, সাবিনা আপু থেকে মারিয়া, মারিয়া থেকে মনিকা, মনিকা থেকে সাবিনা আপু। তারপরে আমার কাছে বলটা পৌঁছায়। তখন গোলটা করি।
প্রশ্ন: ফুটবল-ফুটসাল ছাড়া অন্য কোনো খেলায় বা অন্য কোন কাজে আপনি পারদর্শী?
কৃষ্ণা: আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। মোটামুটি ভালোই খেলি।
ভারত ও ভুটানের লিগে খেললেও কৃষ্ণা রানী সরকারের লক্ষ্য ইউরোপের কোনো দেশের লিগে খেলা। ছবি : কৃষ্ণার ফেসবুক থেকে
প্রশ্ন: ভয় পান কিসে? মেজাজ খারাপ হয় কখন? কোনো কুসংস্কারে বিশ্বাস করেন?
কৃষ্ণা: সবচেয়ে বেশি ভয় পাই কুকুর। মেজাজ খারাপ হয় যখন বুঝি যে কেউ আমার সঙ্গে মিথ্যে বলছে। কুসংস্কার বিশ্বাস করি। তবে সেটা বিস্তারিত বলা যাবে না।
প্রশ্ন: জাতীয় ফুটবল দলে না খেলা কতটা মিস করেন? আবারও ফেরার ব্যাপারে কতটা আশাবাদী?
কৃষ্ণা: জাতীয় দলে এখন না খেললেও ফুটবল কিন্তু রেগুলারই খেলি। একটু মিস তো অবশ্যই করি। যারা এখন দলে আছে (জুনিয়ররা), তাদের চেয়ে আমার ফিটনেস, অভিজ্ঞতা, পারফরম্যান্স অবশ্যই বেটার। এজন্যই মিস করি। ফিরতে তো হবেই, কারণ যে একটা দাগ লাগছে শরীরে, সেটা না মুছে তো আর ফুটবল ছাড়া যাবে না। অবশ্যই ফুটবলে ফিরব, আশাবাদী আমি। আর ফিরবো, ভালোভাবেই ফিরবো।
২০১৮ সালে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় নারী ফুটবলের দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের সঙ্গে প্রতিবেদক রুমেল খান। কৃষ্ণা তখন শখের বশে মাথার চুল ছোঁট করে কাটাতেন। ছবি : প্রতিবেদকের ফেসবুক পেজ থেকে
প্রশ্ন: সবশেষ প্রশ্ন। কবে নাগাদ বিয়ে করবেন? নিজের পছন্দ, নাকি পরিবারের পছন্দে বিয়ে করবেন? কেমন পাত্র পছন্দ?
কৃষ্ণা: বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। ফ্যামিলি ভাবছে। নিজের পছন্দ নেই। পরিবারের পছন্দেই বিয়ে করব। যেহেতু ফুটবল খেলি, তাই চাইব যে আমার স্বামী যেন স্পোর্টস মাইন্ডের হয় এবং আমার খেলাটাকে সাপোর্ট করে। এছাড়া সে যেন আমার প্রতি কেয়ারিং থাকে, দায়িত্বশীল হয়। আর একটু এডুকেটেড হলে ভালো হয়।
· বি : দ্র: কৃষ্ণা রানী সরকারের সংক্ষিপ্ত সংবাদ পড়ুন আজকের দৈনিক প্রতিদিনের বাংলাদেশের খেলার পাতায় (পৃষ্ঠা-১০)
আরকে/প্রবা