× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেরার প্রত্যাশায় প্রহর গুনছেন কৃষ্ণা

রুমেল খান

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৫ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৪২ পিএম

কৃষ্ণা রানী সরকার। ছবি: ফুটবলারের সৌজন্যে

কৃষ্ণা রানী সরকার। ছবি: ফুটবলারের সৌজন্যে

বাংলাদেশ নারী ফুটবলের সূচনালগ্ন ২০০২ সালে। ২০১০ সালে তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। প্রতিপক্ষ নেপালের কাছে সেই ম্যাচে তারা হেরে যায় ০-১ গোলে। মজার ব্যাপার, পরবর্তীতে সেই নেপালকেই হারিয়ে তারা টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ২০২২ ও ২০২৪ সালে! 

সাফজয়ী এই দুটি দলেই খেলেছেন এক তারকা ফুটবলার, যিনি জাতীয় দল ও বয়সভিত্তিক দল মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে দুটি হ্যাটট্রিকসহ ৩০টিরও বেশি এবং ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৫০টিরও বেশি গোল করেছেন। যার সঙ্গে দীর্ঘ আলাপনে মেতে প্রতিদিনের বাংলাদেশ চেষ্টা করেছে ভবিষ্যৎ-ভাবনা, সুখ-দুঃখ, স্বপ্ন, লক্ষ্য ... সবকিছু জানতে। তিনি শ্রীমতি কৃষ্ণা রানী সরকার। 

টানা দুই সাফে চ্যম্পিয়ন হয়ে দেশে ফিরে বিপুল সংবর্ধনা পেয়েছিলেন কৃষ্ণারা, দেশবাসীর সিক্ত ভালোবাসা-শুভেচ্ছা পান। খেলোয়াড়রা তাদের নিজ জেলা থেকেও সংবর্ধনা ও অনেক পুরস্কার-প্রতিশ্রুতি পান। টাঙ্গাইলের মেয়ে কৃষ্ণাকে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়।

কিন্তু তা বাস্তবায়িত না হওয়াতে ভীষণ হতাশ কৃষ্ণা, “টাঙ্গাইল ঢাকা বিভাগের মধ্যে। জাতীয় দলে আমি একাই ছিলাম ঢাকা বিভাগের। ২৪ সাফেও মনে হয় একাই। ২২-এ তো অনেক কিছু হয়েছে বিধায় জেলা থেকে আমার খোঁজখবর নিয়েছে। কিন্তু ২৪ সাফের পর একুশে পদক যখন পেলাম, তখন আমার জেলা থেকে আর কোনো খোঁজখবর নেয়নি। অভিনন্দনও জানায়নি।

“এতে ভীষণ কষ্ট পেয়েছি। আমাদের দলের অন্য যারা খেলেছে বা বেশি ম্যাচ খেলেনি, তারাও জমি পেয়েছে, তারা সবকিছু পেয়েছে, বাড়ি করেছে। কিন্তু টাঙ্গাইল থেকে আমাকে জমি দেওয়ার কথা ছিল। জমি পেলাম না। বরঞ্চ আমাদের যে ডিসি আছে বা ইউএনও আছে, তারা হচ্ছে এক-দুই মাস পর বদলি হয়ে যায়। যে কমিটমেন্টে দেওয়া হয় সেই কমিটমেন্ট ফুলফিল করা হয় না, এমনকি ক্রীড়া সংস্থাও এই ব্যাপারে আমাদেরকে এই ব্যাপারে কোনোকিছু বলেনি বা জানায়নি”।

কৃষ্ণা বলেন, “যে টাকা ইনকাম করছি, সেটা তো বাবা-মায়ের জন্য ইনভেস্ট করছি, ফ্যামিলির জন্য। কিন্তু আমার তো একটা ভবিষ্যৎ আছে। এজন্য আমার মনে হচ্ছে যে টাঙ্গাইল শহরে যদি একটু জায়গা পেতাম তা হলে অনেক উপকৃত হতাম। তা হলে নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রম দিয়ে ভবিষ্যতে একটা জায়গায় ফুটবলার তৈরির কাজে আত্মনিয়োগ করতে পারতাম। আমার আসলে জমিটা খুব দরকার”।


এ ছাড়াও আরেকটি কষ্ট কৃষ্ণাকে অনেক দিন ধরেই কুরে কুরে খাচ্ছে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের রোষানলে পড়ে তিনিসহ আরও অনেকেই দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। একজন পরীক্ষিত পারফরমার হওয়া সত্ত্বেও এভাবে দলের বাইরে থাকাটা ক্যারিয়ারের এই পর্যায়ে কৃষ্ণার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে।

এ প্রসঙ্গে কৃষ্ণার সাবধানি উত্তর, “কোচ বাটলার স্যারকে নিয়ে আসলে কিছু বলার নেই। উনি হাই প্রোফাইলধারী কোচ। তিনি হচ্ছেন বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। তার যেটা ভালো মনে হয়েছে, তিনি তা করেছেন। এতদিন দলের বাইরে থাকলে তো অবশ্যই ক্যারিয়ারে তা প্রভাব ফেলবেই, কারণ যেহেতু আমরা প্রফেশনাল ফুটবলার। এমনিতেই ইনজুরির কারণে দুই বছর বাইরে ছিলাম। সেই সঙ্গে যোগ হয়েছে এই ঝামেলা। পরে আরও দেড়-দুই বছর চলে গেছে। এমনিতেই একটা প্লেয়ারের ক্যারিয়ার কিন্তু এখানেই শেষ হয়ে যায়। সেই প্রেক্ষিতে বলব আমরা এখনও প্র্যাকটিস করছি। এখনও মনোবল হারাইনি। এখনও সেই আগের মতো জেদ, আত্মবিশ্বাস ঠিকই আছে। বরং আগের চেয়ে দ্বিগুণ আছে”। 

অবসর ও পরবর্তী জীবন নিয়ে কৃষ্ণা বলেন, “প্রায় ১৫ বছর ধরে খেলছি। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়টা অনেক। বাইরের দেশে তা নয়। ইচ্ছা আছে যতদিন ফিট থাকব খেলা চালিযে যাব এবং দেশের হয়ে খেলতে চাই। যেহেতু কোচিংয়ের সি-লাইসেন্স আছে, এরপর বি-লাইসেন্স করব”।

সবশেষে কৃষ্ণা বলেন, “জাতীয় দলে এখন না খেললেও ফুটবল কিন্তু রেগুলারই খেলি। একটু মিস তো অবশ্যই করি। যারা এখন দলে আছে (জুনিয়ররা), তাদের চেয়ে আমার ফিটনেস, অভিজ্ঞতা, পারফরম্যান্স অবশ্যই বেটার। ফিরতে তো হবেই, কারণ যে একটা দাগ লাগছে শরীরে, সেটা না মুছে তো আর ফুটবল ছাড়া যাবে না। অবশ্যই ফুটবলে ফিরব, আশাবাদী আমি। আর ফিরব, ভালোভাবেই ফিরব”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা