আসন্ন সিজন-২ এ রেকর্ড ১৬ লাখের বেশি খেলোয়াড়ের নিবন্ধন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২৩:৫২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ২৩:৫৩ পিএম
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ নিয়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজারেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বুধবার (১৪ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। দেশের ক্রীড়াঙ্গনের নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে তরুণদের মধ্যে বিপুল সাড়া মিলেছে, যা আগামী দিনের বাংলাদেশের ক্রীড়াজগতকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, অনলাইনে নিবন্ধিত সর্বমোট ক্রীড়াবিদের মধ্যে ৯ লাখের বেশি কিশোর এবং ৬ লাখের বেশি কিশোরী রয়েছে। শতকরা হিসেবে প্রায় ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ মেয়ে এতে অংশ নিচ্ছে। আগামী দিনে নারী ক্রীড়াবিদদের এই ব্যাপক উপস্থিতি আরও অনেক পরিবারকে তাদের কন্যাদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রেরণা জোগাবে।
দেশের
৪৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠন করতে এবং ফুটবল ও ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট আয়োজনের জন্য মূলত ১৪ লাখ ক্রীড়াবিদের প্রয়োজন ছিল। সঠিক ও যোগ্য খেলোয়াড় বাছাইয়ের জন্য ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
এবারের দ্বিতীয় আসরের পরিধি তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও, এবার দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। এছাড়া, তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সাথে এবার নতুন করে টেবিল টেনিস এবং ভলিবল যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০টি ইভেন্টে দেশের বিপুল সংখ্যক তরুণ ক্রীড়াবিদ তাদের মেধা বিকাশের প্ল্যাটফর্ম পাবে।
আগামী
৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি’ সিজন-২-এর শুভ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। উল্লেখ্য, গত আসরে ৮টি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ নিবন্ধিত হয়েছিল। তবে এবার ইভেন্ট বাড়িয়ে ১০টি করা হয়েছে। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন বিজয়ী ক্রীড়াবিদের জন্য বর্তমানে বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যাদেরকে কেন্দ্র করেই এবার নতুন ইভেন্টগুলোর মূল কার্যক্রম পরিচালিত হবে।
আরকে/প্রবা