আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ বাংলাদেশ হকি ফেডারেশনের ট্রেনিং ক্যাম্পে রিপোর্ট করেছেন খেলোয়াড়রা। ছবি : বাহফে
আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এই লক্ষ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) কর্তৃক ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডের সব খেলোয়াড় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্পে রিপোর্ট করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর)
সকাল সাড়ে ৬টায় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রথম অফিশিয়াল অন-ফিল্ড
ট্রেনিং সেশন শুরু হবে। শুরুতে দেশীয় কোচ শহীদুল্লাহ টিটুর তত্ত্বাবধানে খেলোয়াড়রা
তাদের নিবিড় অনুশীলন শুরু করবেন। তবে খুব দ্রুতই দলের সাথে যোগ দিচ্ছেন বিদেশী কোচ।
আগামী শুক্রবারের মধ্যে দলের জার্মান হেড কোচ পিটার গেরহার্ডের ক্যাম্পে যুক্ত হওয়ার
কথা রয়েছে।
খেলোয়াড়দের ক্যাম্পে রিপোর্টিং ও
দলের প্রস্তুতি প্রসঙ্গে বাহফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স ইতিবাচক মনোভাব ব্যক্ত
করেছেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়া আমাদের
হকির জন্য অত্যন্ত ইতিবাচক এবং আনন্দের একটি দিক। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়রা এশিয়ার
শীর্ষ দলগুলোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার
যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ঘুঁচে যাচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের
মানসম্মত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেবে।’
তিনি আরও যোগ করেন, ‘শীর্ষ দলগুলোর
মুখোমুখি হয়ে আমাদের খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা মাঠের পারফরম্যান্স
ও খেলার মান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মূলত নিজেদের সামর্থ্য ও শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক
অঙ্গনে আরও উন্নতির লক্ষ্য নিয়েই বাংলাদেশ দল এই টুর্নামেন্টে লড়তে যাচ্ছে।’
বাহফে আশা প্রকাশ করছে যে, এই কঠোর
এবং সুপরিকল্পিত ক্যাম্পের মাধ্যমে দল নিজেদের সেরা ফর্মে ফিরবে এবং ভারতের জলন্ধর-মোহালিতে
দেশের জন্য গৌরবোজ্জ্বল ফলাফল বয়ে আনবে।
আরকে/প্রবা