সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
দুই টেস্টের ওই সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সময়ও চূড়ান্ত হয়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুটি ম্যাচের দিন ও তারিখ অপরিবর্তিত থাকলেও খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে আয়োজকেরা। আগের নির্ধারিত সকাল ১০টার পরিবর্তে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। সফরে এসে কয়েক দিন অনুশীলন ও প্রস্তুতির সুযোগ পাবে ক্যারিবীয়রা। এরপর ২৩ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ দিনের ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২ নভেম্বর সিলেটে যাবে দুই দল। সেখানে অনুশীলন ও প্রস্তুতি শেষে ৫ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-২-এ অনুষ্ঠিত ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ।