× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরকম রাজসিক বিদায় মেসিকেই মানায় : এমিলি

রুমেল খান

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২১:২৫ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ২১:২৮ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ছবি : এমিলির ফেসবুক থেকে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ছবি : এমিলির ফেসবুক থেকে

বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলের প্রতিটিতেই তার অবদান, তিনি আগের মতোই ঝলক দিয়ে খেলেছেন, বিস্ময়কর ব্যাপার- স্বভাববিরুদ্ধভাবে খুব দৌড়িয়ে খেলেছেন। বরাবরের মতোই নিবেদিত প্রাণ হিসেবে খেলেছেন। মনেই হয়নি এটা তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। ঠিক ধরেছেন, সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসির কথাই বলছি। ৭ অক্টোবর বেনিনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নিজের বুটজোড়া তুলে রাখলেন তিনি। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো টিভির পর্দায় মেসির বিদায়ী ম্যাচটা দেখেছেন জাহিদ হাসান এমিলি-ও। এলএম টেনের খেলার ধরনে যেমন বিমুগ্ধ, তেমনি তার বিদায়ে হয়েছেন অশ্রুসিক্ত। 

মেসির মতো এমিলিরও জন্ম ১৯৮৭ সালে। মেসির মতো এমিলিও খেলেছেন ১০ নম্বর জার্সি পরে। ছবি : এমিলির ফেসবুক থেকে

মেসিকে কীভাবে মূল্যায়ন করবেন? এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক- এমিলি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘২০০৫-এ অভিষেক মেসির। হাঙ্গেরির বিরুদ্ধে সেই ম্যাচে অভিষেকটা সুখকর না হলেও শেষটা কিন্তু দারুণভাবে করেছেন মেসি। টু বি অনেস্ট? কারণ শেষটা কিন্তু অনেকের সবসময় ভালো হয় না। কিংবদন্তি প্লেয়াররা যারাই বিশ্ব ফুটবল থেকে রিটায়ারমেন্টে গেছে, তাদের চেয়ে মেসির বিদায় মেসিরটা টোটালি ডিফরেন্ট। এরকম রাজকীয় বিদায়ী ম্যাচে এরকম ইমপ্যাক্ট রাখা, তার বল নিয়ে দৌড়ানো, ড্রিবলিং করা, দুইটা অ্যাসিস্ট করা, নিজে গোল করা, ফার্স্ট হাফে দুইটা বড় চান্স ক্রিয়েট করা, মানে একদম টপ ফর্মে থেকে মেসি বিদায় নিয়েছেন।

৩৯ বছর বয়সী এমিলি আরও বলেন,, ‘মেসি মানেই আনবিলিভেবল। তিনি সারা পৃথিবীতে আনপ্যারালাল, সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি। একজন প্লেয়ার টপ ফর্মে থাকা অবস্থায় রিটায়ারমেন্টে গেছে এবং সে তার রিটায়ারমেন্টের সময় সারা বিশ্ব যারা ইমোশনাল হয়ে গেছে, কেঁদেছে। ৮৫ হাজার দর্শক মনুমেন্টাল স্টেডিয়ামে কেঁদেছে, এর বাইরে আমরা যারা খেলা দেখেছি আমরা সবাই কিন্তু তাকে ফিল করে করে কেঁদেছি। এটা মেসির পক্ষেই সম্ভব এবং বিশ্ব ফুটবলটাকে লাস্ট ২১ বছর ধরে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এই ধরনের রাজকীয় বিদায় তার পক্ষেই মানায়।

জাতীয় দলের হয়ে ৬৪ ম্যাচে ১৫ গোল করা এমিলি মেসির বিদায়ের সঙ্গে তুলনা করেন অন্য গ্রেটদের, ‘যদি দেখেন, মেসির সঙ্গে যাদের কম্পেয়ার করা হতো- পেলে, ম্যারাডোনা বা জিদান … তারাও কিন্তু এত বড় রাজকীয় বিদায়টা পায়নি এবং তারা যদিও সেই বিদায়টা নেওয়াও থাকে, মেসির মতো এত এত হাসি-খুশি, এত প্রাণবন্ত বিদায় নিতে পারেননি। সব আয়োজনটা এত সুন্দর ছিল, যেটা শেষটা খুব ভালো হয়েছে।’

মেসির মতো ফুটবলার আগামীতে আসবে কি না, তা নিয়ে সংশয় আছে এমিলির। ছবি : এমিলির ফেসবুক থেকে

মেসি বিদায়ী ম্যাচে কমপক্ষে আরও দুটি গোল করার সুযোগ পেয়েছিলেন। এখন কি আফসোস হয় না যে, বিদায়টা নিতে পারতেন হ্যাট্রিক করে। ইচ্ছা করলে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত খেলতে পারতেন না? এমিলির ভাষ্য, ‘অবশ্যই! ২০২৬ বিশ্বকাপে যে আনপ্যারালাল পারফরম্যান্স দেখিয়েছেন, আর্জেন্টিনাকে যেভাবে এককভাবে সামনের দিক থেকে নেতৃত্ব দিয়ে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন, ধরে নিয়েছিলাম যে ২০২৮ কোপা আমেরিকা যেহেতু যুক্তরাষ্ট্রে হবে, যেহেতু সেখানেই লিগ খেলছেন ইন্টার মায়ামিতে, কাজেই তিনি সে পর্যন্ত খেলবেন। বাট ভেরি আনফরচুনেটলি তার বাবার মৃত্যুটাই আসলে মনে হয় যে তার রিটায়ারমেন্টের অন্যতম কারণ। ওই শক, ওই ইমোশনটা তিনি হয়তো আর কন্ট্রোল করতে পারেননি, যার কারণে সে তার বাবার স্মৃতিকে বিজড়িত করেই অবসর নিয়েছেন। কারণ বাবার ছায়ায় থেকেই তিনি বড় হয়েছেন। তার এত পেশাদার জীবন, এত ডিসিপ্লিনড জীবন, এত নিয়মমাফিক লাইফের পেছনে কিন্তু তার বাবা কিন্তু বিশাল একটা বটগাছ ছিলেন। ওয়ার্ল্ড কাপের সময় তার বাবা হসপিটালাইজড ছিল। এই চাপ নিয়েও তিনি সে আসরে অবিশ্বাস্য পারফর্ম করেছেন।’

মেসির বিদায়ে যে ক্ষতি হয়েছে আর্জেন্টিনার, তা অপূরণীয় বলে মনে করেন এমিলি। ছবি : এমিলির ফেসবুক থেকে

ম্যারাডোনার বিদায়ের পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছিল। এখন মেসির বিদায়েও কি এরকম একটা সংকট তৈরি হতে পারে? মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ভবিষ্যতের পথচলাটা আসলে কেমন হবে? এমিলি বলেন, ‘আর্জেন্টিনা তো একটা কঠিন বাস্তবতার জায়গায় এটার সম্মুখীন হবেই। মেসির রিপ্লেস আর্জেন্টিনায় আগামী ১০০ বছরে আসবে কি না, সেটা সময়ই বলে দেবে। বাট মেইন ফ্যাক্ট হলো, লাস্ট ২১ বছর আর্জেন্টিনা দলটা কিন্তু মেসিকেন্দ্রিক ছিল। লাস্ট ম্যাচটাও কিন্তু তাকে কেন্দ্র করেই পুরো গেমপ্ল্যানটা সাজানো ছিল। এই জায়গাটা অপূরণীয়। এখন আর্জেন্টিনাকে ভিন্ন কৌশলে খেলবত হবে। মেসিকে ছাড়া মানিয়ে নিতে হবে। এতে যদি তারা সাকসেস পেতে পারে, তা হবে তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। বাট মেসির বিদায়ে যে অপূরণীয় ক্ষতি হলো, তা আর পূরণ হবে না।’

আরকে/প্রবা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা