নাভিন-উল-হক। ছবি: হটস্টার
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যাবে আফগানিস্তানের পেসার নাভিন-উল-হককে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে ধারাভাষ্য প্যানেলে থাকবেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বাংলাদেশ-আফগানিস্তান একমাত্রা টেস্টের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাকি পাঁচ ধারাভাষ্যকারের সঙ্গে রয়েছে পেসার নাভিনেরও নাম।
খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাভিন এবার মাইক্রোফোন হাতে নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছেন। ধারাভাষ্য প্যানেলে তার সঙ্গে থাকা আরও পাঁচ সদস্য হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভিজ মাহারুফ, অ্যান্ড্রু লিওনার্ড, আহমাদ ফারহাদ ফিদাই ও মাজহার উদ্দিন ওমি।
আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ। টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। আগামী ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে নাজমুল শান্তর দল।